'তখন নাচ করতাম বেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পয়লা বৈশাখ উপলক্ষে গায়িকা ন্যান্‌সির নতুন একটি এক্সটেনডেড প্লে (ইপি) প্রকাশিত হতে যাচ্ছে। শুনতেচাইতোমায় নামের এই ইপির গীতিকার জাহিদ আকবর। আর গানগুলোর সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। নতুন অ্যালবাম নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় যখন কথা বললেন, তখন তিনি শ্বশুরবাড়ি ময়মনসিংহে।
ন্যান্‌সি
ন্যান্‌সি

নতুন অ্যালবাম প্রসঙ্গে বলুন?
এটা শুনতে যদিও ভালো লাগবে না, তারপরও বলছি। গানগুলো শুনে আমি মুগ্ধ। আমার মন ভরে গেছে। এই অ্যালবামের সুরকার ও সংগীত পরিচালক ইমন চিরকুট ব্যান্ডের সদস্য। তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও স্টুডিওতে দেখা হয়েছে। সে যে এত ভালো সুর ও সংগীত পরিচালনা করে, এটা জানতাম না। অবাক হয়েছি জেনে, সে মিউজিক ডিরেকশন দেয়। আরও অবাক হয়েছি যখন গানগুলো আমি হাতে পেলাম। নিঃসন্দেহে অসাধারণ গানের অংশ হলাম। আমার ভালো গানের সংগ্রহে এগুলো যোগ হলো।

আর কদিন পর বাংলা নববর্ষ। ছোটবেলার কথা মনে পড়ে?
ছোটবেলায় বৈশাখে নানা অনুষ্ঠানে যেতাম, এখনো যাই। আমার সময়ে নেত্রকোনায় গান, আবৃত্তি, নাচ যেটাই হোক না কেন, আমার বিকল্প কেউ ছিল না। এখনকার কথা অবশ্য জানি না। আমার আম্মা তো সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করতেন। বৈশাখ আসার আগে থেকেই একটা অন্য রকম প্রস্তুতি ছিল। তখন নাচ করতাম বেশি। আমি ক্লাস টেন পর্যন্ত গান, আবৃত্তির পাশাপাশি নাচ করেছি। আমাদের নেত্রকোনার বাসা থেকে মুক্তারপাড়া পর্যন্ত যেতাম। সেখানে মেলা হতো। সব বন্ধু মিলে খুব মজা করতাম।
এখনকার বৈশাখ কেমন হয়?
এখন তো শো নিয়ে ব্যস্ত থাকি। সবচেয়ে খারাপ লাগে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। স্বামী সঙ্গে থাকে ঠিকই, কিন্তু সফরসঙ্গী হিসেবে। সবচেয়ে বেশি মিস করি বাচ্চাদের। সংসার করছি একটা লম্বা সময় ধরে। এখনো সংসার নিজের হয়ে ওঠেনি। গানের ব্যস্ততার কারণে আমি বাসায় সময় দিতে পারি না।
একটা সময় নিয়মিত নাচ করতেন। ছেড়ে দিলেন কেন?
ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, গানই গাইব আমি। বাবা-মায়ের কথা ছিল, গানের পাশাপাশি আনুষঙ্গিক বিষয়গুলো মেয়ের জানা থাকা ভালো। তাঁদের ধারণা ছিল, নাচ চাইলেই করা যায় না। গান তো যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে গাওয়া যায়। কেউ যখন নেচে দেখাতে বলে, তা তো সম্ভব না।

সাক্ষাৎকার: মনজুর কাদের