'তিনি প্রতি বছরই সারপ্রাইজ দেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা
রুনা লায়লা
পাঁচ দশক ধরে গান গাইছেন প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, বালুচ, পশতু, ফারসি, আরবি, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। যুক্ত আছেন সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়েও। সম্প্রতি এই গায়িকা গানের সুর সৃষ্টির কাজও করেছেন। ১৯৫২ সালের ১৭ নভেম্বর বরেণ্য এই শিল্পী জন্মগ্রহণ করেন। জন্মদিন, গান ও অন্যান্য বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই শিল্পী। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের


আপনাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা। ছোটবেলার জন্মদিনের স্মৃতির কথা শুনতে চাই। 

ধন্যবাদ। তখন তো অন্যরকম আনন্দ ছিল। নতুন জামা, নতুন জুতা পরব, সন্ধ্যাবেলা বান্ধবীরা আসবে, পার্টি হবে, কেক কাটব—এসব নিয়ে ভাবতাম। আমাদের তো জামা-কাপড় মা-ই সেলাই করে দিতেন। প্রতিবছর এই দিনে অপেক্ষায় থাকতাম, কখন নতুন জামা পাব। জন্মদিনে ছিল এটাই সবচেয়ে আনন্দের ছিল।

স্বামী আলমগীর আপনাকে কী উপহার দিচ্ছেন?
এখনো পাইনি। তিনি প্রতি বছরই আমাকে সারপ্রাইজ দেন। তবে এটা আগ মুহূর্ত পর্যন্ত কোনোভাবে জানতে দেন না।

ছোটবেলা আর এখনকার জন্মদিনের পার্থক্য?
ছোট বেলায় বেশি ভালো লাগত। তখন টেনশন ফ্রি ছিলাম। কোনো চিন্তা নেই, শুধু আনন্দই আনন্দ। এখন যেহেতু আমি পরিবারে বড়, তাই অনেক দায়িত্ব থাকে, আনন্দের ধরনটাও অন্যরকম। আর এখন তো বয়স বাড়ছে, আয়ু কমছে। অনেক বেশি ম্যাচিউডরডও হয়েছি। ছোটবেলায় ছোট কিছু উপহার পেলেই অনেক খুশি থাকতাম। এখনো অবশ্য খুশি হই।

আপনি তো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন।
গত বছর আমার বোনের মৃত্যুবার্ষিকীতে ঢাকা শিশু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে আমার বড় বোন দিনা লায়লার নামে একটি ওয়ার্ড আছে। এ সময় দুই নাতি আমার সঙ্গে ছিল। হাসপাতালে অসুস্থ শিশু ও তাদের মায়েদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটাই। কথা হয় নার্স ও চিকিৎসকদের সঙ্গে। এই ধরনের কিছু কাজ করার ভাবনা সামনের দিনগুলোতেও আছে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, আল্লাহতায়ালা যদি আমাকে সামর্থ্য দেন, তাহলে মানুষের একটু হলেও উপকার করব। সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হব। আর তা একেবারে মনের তাগিদ থেকে।

রুনা লায়লা
রুনা লায়লা




দেশের সংগীতের জন্য কিছু করার পরিকল্পনা আছে আপনার? এই যেমন কোনো সংগীত শিক্ষা প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন।

ও রকম কিছুর চিন্তা নেই। ইদানীং গানের সুর করার শখ জেগেছে। একটি সিনেমার সুর তো এরই মধ্যে করেছিও। আরও দুই-তিনটা গানের সুর করে রেখেছি। চেষ্টা করব এই প্রজন্মের কাউকে দিয়ে সেই গানগুলো গাওয়ানোর।

সুর করার ভাবনা মাথায় এলো কীভাবে?

এটা আঁখির (আঁখি আলমগীর) কারণেই। আঁখি আমাকে বলেছিল, আন্টি আপনি তো অনেক ধরনের গান করেছেন, অনেক অভিজ্ঞতা, আপনি আমার একটা গানের সুর করে দেন। আমি বললাম, কোনো দিন সুর করিনি, এটা আমি পারবও না। আর সুর করা অনেক কঠিন ব্যাপারও। না না, আমি পারব না। বেশ কিছু দিন পর হঠাৎ গুন গুন করতে একটা সুর মাথায় এলো, তার রেকর্ড করে রাখলাম—এই আর কি।

নতুন প্রজন্মের অনেকেই এখন গান করছে। আপনি নিজেও নতুনদের গান শোনেন, তাঁদের প্রতি আপনার পরামর্শ কী?
পরামর্শ হচ্ছে, গানটা ভালো করে শিখে এসো। এবং শিখতে থাকো। দু-একবার শিখে, বড় হয়ে গেছ, তা কিন্তু না। সংগীত কিন্তু সারাজীবনের সাধনা। এটা নিষ্ঠার সঙ্গে চালিয়ে যেতে হবে। টাকার পিছে দৌড়ালে হবে না। একটা সময় কিন্তু টাকা আসবেই। আগে নিজের ভিতটাকে সলিড করতে হবে। নিজের মধ্যে কনফিডেন্সটাও বাড়াতে হবে। তাহলেই অনেক বছর টিকে থাকতে পারবে। আর না হলে অল্প কদিনে ঝরে যেতে হবে।