তিনি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর: কোনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কোনাল
কোনাল
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৫০ বছরের গৌরবময় সংগীতজীবন নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিরদিনের রুনা’। চ্যানেল আইয়ের জন্য নির্মিত এ অনুষ্ঠানের পরিকল্পনা, সঞ্চালনা ও পরিচালনা করেছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। অনুষ্ঠানটি নির্মাণের ভাবনাসহ নানা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কোনাল। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন নাদিয়া মাহমুদ


সংগীতের কিংবদন্তি রুনা লায়লাকে নিয়ে অনুষ্ঠান নির্মাণের এই পরিকল্পনা কবে করেছিলেন? তাঁকে নিয়ে অনুষ্ঠান করার ভাবনাটা কীভাবে এলো ...
এ বছরের জুনে রুনা লায়লা ম্যাডাম তাঁর সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন। এরপরই ভেবেছিলাম তাঁকে নিয়ে ভিন্নধর্মী কিছু করা যায় কিনা। রুনা লায়লা আমার ‘আইডল’। তাই তাঁকে নিয়ে এমন একটি কাজ করার ইচ্ছা ছিল যার মাধ্যমে তাঁর মতো একজন অসম্ভব গুণী শিল্পীর কাছ থেকে অনেক কিছু জানার এবং শেখার সুযোগ পাব। সংগীতজীবনে তাঁর নানা অভিজ্ঞতা দেশে ও দেশের বাইরের সবার সঙ্গে ভাগাভাগি করারও ইচ্ছা ছিল। আর তাই টেলিভিশনে তাঁকে নিয়ে এ রকম একটি অনুষ্ঠান নির্মাণ করেছি। অনুষ্ঠানের মঞ্চ থেকে শুরু করে সবকিছু খুব পরিকল্পিতভাবে এবং যত্ন নিয়ে করার চেষ্টা করা হয়েছে। বাকিটা দর্শক অনুষ্ঠানটি দেখার পরই বুঝতে পারবেন।

‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানে রুনা লায়লা ও কোনাল
‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানে রুনা লায়লা ও কোনাল

‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানে দেশের বাইরের গুণী ও জনপ্রিয় শিল্পীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি শিল্পীদের এই অনুষ্ঠানে যুক্ত করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে?
শুধু বাংলাদেশের মানুষ নয়, উপমহাদেশের যেখানেই রুনা লায়লা ম্যাডামের কণ্ঠ পৌঁছেছে সেখানেই রয়েছে তাঁর অসংখ্য ভক্তকুল। শুধু তাই নয়, উপমহাদেশে বর্তমান সময়ের অনেক জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীরও আদর্শ তিনি। অনেক গুণী শিল্পীর সঙ্গেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। আমার কাছে তো রুনা লায়লা ম্যাডাম বাংলাদেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দীর্ঘ সময় ধরে গানের মাধ্যমেই সারা বিশ্বের কাছে আমাদের দেশের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। দেশের বাইরে আমরা যাঁরা অনেক শিল্পীর ভক্ত, তাঁরাও যে আবার আমাদের দেশের এই কিংবদন্তি শিল্পীর গুণমুগ্ধ এবং তাঁকে নিয়ে অনেক কিছু ভাবেন, তা দর্শকদের কাছে তুলে ধরার প্রয়াস থেকেই বিদেশি গুণী শিল্পী (হরিহরণ, কুমার শানু, আদনান সামি ও শান্তুনু মৈত্র ) যুক্ত করা। আমি কৃতজ্ঞ, বাইরের দেশের এসব গুণী শিল্পীর কাছে, শত ব্যস্ততার মাঝেও তাঁরা একডাকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন।

একজন শিল্পীকে নিয়ে নির্মিত বিশেষ কোনো অনুষ্ঠানে মঞ্চে সাধারণত শুধু সেই শিল্পীকেই দেখা যায় কিন্তু এ অনুষ্ঠানে আপনি এই প্রজন্ম এবং আগের প্রজন্মের অনেক শিল্পীকেও রেখেছেন ...

আমি আগেই বলেছি, শুরু থেকেই অনুষ্ঠানটি নিয়ে ভিন্নধর্মী একটা পরিকল্পনা ছিল। সাধারণত একজন শিল্পীকে নিয়ে যেভাবে আড্ডা কিংবা সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান হয়, ‘চিরদিনের রুনা’ অনুষ্ঠানে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। পুরো অনুষ্ঠান জুড়েই রুনা লায়লা ম্যাডামের জীবনের অনেক কথা এবং তাঁকে নিয়ে তাঁর সহকর্মী এবং পরবর্তী প্রজন্মের শিল্পীদের অনেক স্মৃতি এবং ঘটনার কথা উঠে এসেছে। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত রাখার জন্য এভাবে পরিকল্পনা করা হয়েছে। গল্প, আড্ডা, স্মৃতিচারণ দিয়েই পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

কোনাল
কোনাল

ভবিষ্যতে দেশের অন্যান্য গুণী শিল্পীদের নিয়েও এমন অনুষ্ঠান করার ইচ্ছা আছে কি?
অবশ্যই আছে। আমাদের দেশে আরও অনেক গুণী শিল্পী আছেন, যাঁদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি মনে করি, এই ধরনের অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে তাঁদের কাছ থেকে অনেক বিষয় জানা সম্ভব। আর তাই সামনে দেশের কিংবদন্তি শিল্পীদের নিয়ে এ রকম আরও অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা আছে।

এবার নিজের কাজ নিয়ে বলুন। এখন কী নিয়ে ব্যস্ত?

পড়াশোনা, স্টেজ শো, চলচ্চিত্র ও মিশ্র অ্যালবামের গানের রেকর্ডিংসহ নিজের সব ধরনের কাজ ঠিকঠাক চলছে। দ্বিতীয় একক অ্যালবামের কয়েকটি গানের কাজও শেষ হয়েছে। এ ছাড়াও পঞ্চকবির গানের যে অ্যালবামটির কাজ করব বলে ভেবেছিলাম, অবশেষে তার সবগুলো গানের সংগীতায়োজন শেষ। সামনের সপ্তাহে রেকর্ডিং শুরু হবে। এ ছাড়া আরও একটি কাজ করছি।

সে কাজটি নিয়ে কিছু বলবেন ...

এ বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। একটু না হয় চমক থাকুক।