
খায়রুল আনাম শাকিল। নজরুলসংগীতশিল্পী ও ছায়ানটের সাধারণ সম্পাদক। আজ গানে গানে কাজী নজরুল ইসলামকে স্মরণ করবে ছায়ানট। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।
অনুষ্ঠানের ভাবনা...
কাজী নজরুল ইসলামকে আমরা প্রতিদিনই নতুন করে জানতে পারছি। তিনি সংগীতের নানান দিকে বিচরণ করেছেন। নতুন কিছু তৈরির দিকে তাঁর ঝোঁক ছিল। তিনি অনেক রাগ তৈরি করেছেন। দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয় রাগের ওপর তৈরি তাঁর গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান।
আজকের অনুষ্ঠান...
উত্তর ও দক্ষিণ ভারতীয় রাগ-রাগিণীর ওপর তৈরি গানগুলোর মধ্য থেকে ১৮টি গান বেছে নেওয়া হয়েছে আজকের অনুষ্ঠানের জন্য। এর মধ্যে থাকছে একক ও সম্মেলক কণ্ঠের গান। সঙ্গে নাচও থাকবে। প্রতিটি গান গাওয়ার আগে ওই গানে ব্যবহৃত রাগ-রাগিণী আর গানের পেছনের কথা তুলে ধরব আমি।
নজরুলকে নিয়ে আরও কিছু...
কাজী নজরুল ইসলামের গান নিয়ে আমরা ছায়ানট থেকে একটি আর্কাইভ তৈরি করছি। এখানে নজরুলের গানগুলো থাকবে। সঙ্গে থাকবে গানের পেছনের কথা, ভাবনা, স্বরলিপিসহ আরও কিছু। যাঁরা নজরুলসংগীত শেখাচ্ছেন এবং যাঁরা শিখছেন, সবার কাজে লাগবে আর্কাইভটি।