'নাটক দেখছে না শুনে খুব কষ্ট হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এ প্রজন্মের অভিনয়শিল্পী সোনিয়া হোসেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক নাটক শান্তি অধিদপ্তর। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এ নাটকটিসহ অন্যান্য প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হয় সোনিয়ার সঙ্গে
সোনিয়া হোসেন
সোনিয়া হোসেন

কী করছিলেন?
ব্যাগ গোছাচ্ছিলাম।
কোথাও বেড়াতে যাচ্ছেন নাকি?
না। রাত সাড়ে ১০টার ফ্লাইটে টেলিছবির শুটিং করতে মালয়েশিয়ায় যেতে হচ্ছে। একসঙ্গে দুটো টেলিছবির কাজ করব। এরই মধ্যে একটা ইউনিট গেছে। এখন যাচ্ছি আমি, পাভেল ভাই (আজাদ আবুল কালাম), নোভাসহ আরও কয়েকজন।
‘শান্তি অধিদপ্তর’ নামের একটি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে...
২০১৪ সালের ডিসেম্বরে নাটকটির শুটিং শুরু করি। এখন পর্যন্ত ২০ পর্বের কাজ হয়েছে। এই নাটকে কাজ করার তিনটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, নাটকটির পরিচালক সৈয়দ শাকিল। তিনি আমার খুব পছন্দের মানুষও। দ্বিতীয়ত, চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ের একটা লোভ ছিল। তৃতীয়ত, নাটকের গল্পে আমার চরিত্রে বৈচিত্র্য আছে। এই নাটকে প্রথম ১০ পর্ব পর্যন্ত আমাকে মাদকাসক্ত তরুণীর চরিত্রে দেখা যাবে। এরপর চঞ্চল ভাইয়ের সঙ্গে প্রেম হওয়ার পর কীভাবে আমার পুরো জীবন বদলে যায়, সেটাই দেখা যাবে। চরিত্রের এমন ওঠানামা আমার খুব ভালো লেগেছে।
আপনি তো দেখছি উপস্থাপনাও করছেন?
অনেক পরিশ্রম করে নাটকে অভিনয় করি। যে পরিমাণ শ্রম একটা নাটকে দিই, সে রকম কোনো সাড়া পাই না। এত কষ্ট করে নাটক করার পর যখন শুনি, কেউ নাটক দেখছে না, তখন কষ্ট হয়। তাই এখন নাটকে অভিনয় করে আনন্দ পাই না। কয়েকটা বড় অনুষ্ঠান উপস্থাপনা করার পর যে পরিমাণ প্রশংসা পেয়েছি, তা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এ জন্য উপস্থাপনার দিকে আগ্রহী হচ্ছি।
আপনি তো একটি সিনেমায়ও অভিনয় করেছিলেন?
বড় মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা অর্জনের জন্য ছবিতে অভিনয় করা। এখন আরেকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে আলাপ চূড়ান্ত হয়েছে। যাযাবর নামের ওই ছবির কাজ শুরু হবে ডিসেম্বরে।
সাক্ষাৎকার মনজুর কাদের