'নাটকটি নারী, প্রেম আর বাহুবল নিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রপা মজুমদার
ত্রপা মজুমদার

ত্রপা মজুমদার । অভিনয়শিল্পী। মঞ্চে নির্দেশনাও দিচ্ছেন। আজ মঞ্চে আসছে থিয়েটারের নতুন নাটক। নাম কুহক জাল । উদ্বোধনী প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। নাটকটি লিখেছেন মাসুম রেজা।
‘কুহক জাল’ নাটকের ভাবনা...
বিশ্বাস, লোভ আর আকাঙ্ক্ষার অন্তর্জালে গ্রন্থিত যে মানুষের জীবন, তার পরতে পরতে কুহকী মায়া। মানুষের চোখ থেকে মায়া ছুটে গেলে মানুষ সত্য দর্শন করে। সব ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কুহকী খেলা বলে মনে হয়। অঘোরের প্রেম নিশ্চয়তা পায় পরিণয়ের। চান্দুরার অমীমাংসিত অস্তিত্বও পূর্ণমানবে রূপ নেয়। লাঠির আগায় নেচে ওঠা কতগুলো পুতুলে প্রাণ সঞ্চারিত হয়। নাটকটি নারী, প্রেম আর বাহুবল নিয়ে।
এ সময়ে প্রাসঙ্গিক...
এই নাটকের গল্প সবসময়ই প্রাসঙ্গিক। নারীর অবস্থান, তার অসহায়ত্ব আমরা সব সময়ই দেখছি। নারীকে নানা ধরনের অত্যাচারের শিকার হতে হয়। আমাদের সমাজে কিন্তু এখনো নানা কুসংস্কার আছে। এক ব্যক্তির সাতটা মেয়ে আছে। কিন্তু বংশ রক্ষার জন্য তার ছেলে চাই! এই চিত্র তো এতটুকু পরিবর্তন হয়নি।
নাটকের শিল্পীরা...
কুহক জাল নাটকে নবীন আর প্রবীণের মিশ্রণে একধরনের ভারসাম্য তৈরির চেষ্টা করা হয়েছে। নাটকে আমার মা-বাবাও (রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার) অভিনয় করেছেন।
রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার...
তাঁরা তো প্রায়ই অভিনয় করেন। সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন বারামখানা নাটকে।
আমার নির্দেশনা...
মঞ্চে আমি প্রথম নির্দেশনা দিয়েছিলাম ছয় বেহারার পালকি নাটকটি। ওটা ছিল যৌথ নির্দেশনা। এরপর মুক্তি ও বারামখানা নাটকটির নির্দেশনা দিয়েছি। এবার দিচ্ছি কুহক জাল নাটকটি।