'পি সি সরকারের বাড়িতে শুটিং করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কুমার বিশ্বজিৎ। জনপ্রিয় সংগীতশিল্পী। এবার ঈদে এসেছে তাঁর গানের মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘তারার দেশ’। এনেছে বাংলা ঢোল। আজ ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বললেন তিনি।
কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ


‘তারার দেশ’ গানটা তো আগেই শুনেছি।

হ্যাঁ, ঈদুল ফিতরে গানটির অডিও ভার্সন এসেছিল। ‘মুর্শিদ’, ‘তারার দেশ’ আর ‘কত ফাগুন’—এই তিনটি গানই এসেছিল। তখন বলেছিলাম, ঈদুল আজহায় অন্তত একটি গানের মিউজিক ভিডিও করব। কথা রেখেছি। এবার ‘তারার দেশ’ গানের মিউজিক ভিডিও করেছি। গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, সুর করেছি আমি। ঈদের পর কালা শাহ ‘মুর্শিদ’ গানের মিউজিক ভিডিওর কাজ হবে।

আপনি তো অনেক গান সুর করেছেন।

৫০টি গান সুর করেছি। আমার এ পর্যন্ত ৩২টা অ্যালবাম বেরিয়েছে। সব অ্যালবামেই আমার নিজের সুর করা গান গেয়েছি। ‘শিকড়’ অ্যালবামের সব কটি গান আমার সুর করা।

নিজে সুর করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?

আমি মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সলিল চৌধুরী, আর ডি বর্মনের গান শুনে বড় হয়েছি। আমার সংগীতশিল্পী হওয়ার পেছনে তাঁদের গানের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমি নিজে বিভিন্ন সুরকারকে দিয়ে গান করেছি। মাঝে মাঝেই মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। এ সময় নিজে সুর করে তার কিছুটা পূরণ করি।

আপনি তো চলচ্চিত্রের গানে সফল হয়েছেন।

‘স্বামী-স্ত্রীর বাঁধন’ ছবিতে ‘একটা চাঁদ ছাড়া রাত’ গানটি খুব জনপ্রিয় হয়েছে। গানটির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।

‘তারার দেশ’ গানের মিউজিক ভিডিওর কাজ কোথায় করেছেন?

টাঙ্গাইলে, উপমহাদেশের প্রখ্যাত জাদুকর পি সি সরকারের বাড়িতে শুটিং করেছি। ওখানে এখন অন্যরা থাকে। কিন্তু বাড়িটা সেই আগের মতোই আছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পোলক। সেখানে ৩ দিন কাজ হয়েছে। ৪৮ জনের টিম। দেখে মনে হবে যেন সিনেমার কাজ হচ্ছে।

আপনার আর কোনো গান নিয়ে মিউজিক ভিডিও হচ্ছে?

‘আমার কষ্টগুলো বুকে পুষে আজীবন কাটাব’—গানটি গেয়েছিলাম ২০ বছর আগে। এবার নতুন করে গেয়েছি। কলকাতার কয়েকজন বাদ্যযন্ত্রশিল্পী আমার সঙ্গে কাজ করেছেন। গানটির মিউজিক ভিডিও প্রকাশ করছে অ্যামোজ। এবার ঈদে আমার একটি নতুন গানের মিউজিক ভিডিও আনছে ধ্রুব মিউজিক। গানটির শিরোনাম ‘জোছনার বর্ষণে’।

এবার আপনার সংগীত সফরের কথা বলুন।

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছি। ওখানে ফোবানায় গান করব। আরও যাচ্ছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও তাহসান। ২১ দিনের সফর। যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গায় আমরা গান করব।

আপনাকে ঈদের শুভেচ্ছা।

প্রথম আলোর সব পাঠককে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।