'প্রচুর সিনেমা দেখেছি কিন্তু নাম বলতে পারব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋত্বিকা সেন
ঋত্বিকা সেন

ভারতের কলকাতায় ‘বরবাদ’, ‘১০০% লাভ’, ‘চ্যালেঞ্জ-২’ ও ‘আরশীনগর’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ঋত্বিকা সেন। যৌথ প্রযোজনার একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার তিনি ঢাকায় আসেন। গতকাল বৃহস্পতিবার সারা দিন উত্তরায় ‘গাদ্দার’ নামের এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন কামাল কিবরিয়া ও নেহাল দত্ত। আগামী রোববার পর্যন্ত এই সিনেমার শুটিং করবেন ঋত্বিকা। এরপর আবার কলকাতায় ফিরে যাবেন। এরই ফাঁকে সন্ধ্যায় ‘গাদ্দার’ সিনেমার নায়ক শ্রাবণ খানের মাধ্যমে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। জানালেন, এবারই প্রথম তিনি ঢাকায় এলেন। পাঁচ মিনিটের সেই কথোপকথন পাঠকদের জন্য তুলে ধরেছেন মনজুর কাদের।

ঋত্বিকা সেন
ঋত্বিকা সেন

ঢাকায় শুটিংয়ের অভিজ্ঞতা কেমন?
আজ (বৃহস্পতিবার) সকাল থেকে শুটিং করছি। এখন পর্যন্ত তো অভিজ্ঞতা দারুণ। কারণ, এখানকার অভিনয়শিল্পী ও কলাকুশলী অনেকের সঙ্গেই আমি কাজ করেছি। সবাই খুব আপন করে নিয়েছেন। এত দিন ধরে ভাবছিলাম ঢাকায় আসব, কাজ করব, এখন তা বাস্তবে হচ্ছে। তা ছাড়া আসার পর সবাই এত সুন্দর ওয়েলকাম করেছে, তা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়েছে, এখানকার মানুষেরা এতটাই আন্তরিক, যা আমাদের ইন্ডিয়াতেও নেই।
এখানকার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ করার কথা বলছিলেন?
এই তো কিছুদিন আগে ফেরদৌস দার (চিত্রনায়ক ফেরদৌস) সঙ্গে ‘তুই যে আমার’ নামের একটি সিনেমায় কাজ করেছি। ‘গাদ্দার’ সিনেমার যে ইউনিটের সঙ্গে এখন কাজ করছি, তাঁদের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে।
ঢাকায় এসে কাজ করার যোগাযোগটা হলো কীভাবে?
আমি অনেক দিন ধরেই চাইছিলাম বাংলাদেশের সিনেমায় অভিনয় করার। আমি নিজে একজন বাঙালি। বাংলাদেশের প্রতি আমার একটা টানও আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গেও যুক্ত আছি আমি। আমার ফেসবুক ও টুইটারের ৬০ ভাগ প্রতিক্রিয়া পাই বাংলাদেশের মানুষের কাছ থেকে। এখান থেকে বিশাল সাপোর্ট পেয়েছি, যা আমাকে এখানকার কাজের ব্যাপারে আগ্রহী করে তুলেছে। দর্শকের পাশাপাশি বন্ধুরাও তো রয়েছে।
শেষ পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার সুযোগ পাওয়াটাকে কীভাবে দেখছেন?
এটা এত দিনের স্বপ্নও ছিল বলতে পারেন। আর এই সিনেমায় কাজ করার মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হয়েছে। খুব ভালো লাগছে। উপভোগ করছিও।
ঢাকার সিনেমায় কাজ করার স্বপ্ন দেখার কারণ কী?
দেশ-বিদেশের সিনেমা দেখা তো আমার নেশা। সে হিসেবে বাংলাদেশেরও অনেক সিনেমা দেখেছি। অনেক অভিনয়শিল্পী সম্পর্কে জানতে পেরেছি। এরপর আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের সিনেমায় কাজ করতে পারলে নিজেকে আরও পরিণত করতে পারব।

ঢাকার উত্তরায় গাদ্দার সিনেমার শুটিংয়ে ঋত্বিকা সেন ও শ্রাবণ খান
ঢাকার উত্তরায় গাদ্দার সিনেমার শুটিংয়ে ঋত্বিকা সেন ও শ্রাবণ খান

বাংলাদেশের কোন কোন সিনেমা দেখেছেন?
বিশেষ করে রচনা ব্যানার্জি আর ফেরদৌস ভাইয়ের সিনেমাগুলো। আপাতত এসবই মনে আছে। এ ছাড়া পার্টিকুলার আরও সিনেমা দেখেছি।
ফেরদৌস আর রচনা ব্যানার্জির কোন সিনেমা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে?
এই মুহূর্তে নাম মনে করতে পারছি না।
বাংলাদেশের দেখা কোনো ভালো লাগার সিনেমার নাম কি বলতে পারবেন?
প্রচুর সিনেমা দেখেছি কিন্তু নাম বলতে পারব না।
কলকাতার অনেক অভিনয়শিল্পীর আদিনিবাস বাংলাদেশে। আপনার কি কেউ এখানে আছে?
আমার জন্ম কলকাতার মালদায়। বাংলাদেশে কেউ আছে কি না, এখনো জানি না।
এমন সময় হঠাৎ করে শুটিংয়ের ডাক পড়ে ঋত্বিকার। বাধ্য হয়ে ফোনের সংযোগ কেটে দিতে হলো। লাইন কেটে দেওয়ার আগে জানালেন, ফিরে এসে আবার কথা বলবেন তিনি। কিন্তু পরে আর তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।