'প্রথম হিসেবে এতটুকুই চাওয়া!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা জলি
ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা জলি

সম্প্রতি দুই বাংলায় একসঙ্গে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে অভিনেত্রী জলির। মুক্তির আগে ‘অঙ্গার’ ছবিটি নিয়ে জলির মধ্য যে ধরনের প্রত্যাশার উত্তেজনা তৈরি হয়েছিল, মুক্তির পর তাতে খানিকটা ভাটা পড়েছে। এসব কথা উঠে এসেছে ‘অঙ্গার’ ছবির নায়িকা জলির মুখ থেকেই। ছবিটির কথাসহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন তিনি। লিখেছেন শফিক আল মামুন।

‘অঙ্গার’ ছবিটি নিয়ে দর্শকের সাড়া কেমন?
মোটামুটি ভালো। প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করার জন্য ঢাকার মধুমিতা, রাজমণি, নারায়ণগঞ্জের মেট্রো, ঢাকার বাইরে ভৈরবের মধুমতিসহ একাধিক জায়গায় সফর করেছি। প্রথম দিন দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দু-এক দিন ছবিটি ভালো গেছে।

ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা জলি
ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা জলি

এ পর্যায়ে এসে ছবির অবস্থা কোন জায়গায়?
আস্তে আস্তে দর্শকের উপস্থিতি কমে এসেছে। তবে মুক্তির আগে আগে ছবিটি নিয়ে যেমনটি আশা করেছিলাম ঠিক ততটা সফল হতে পারিনি। তাই বলে আমি হতাশ নই। এদিকে কলকাতায় কিন্তু ছবিটির অবস্থা ভালো। যতটুকু শুনেছি কলকাতাতে দর্শকেরা এখনো ছবিটি দেখছেন।

প্রথম ছবি হিসেবে আপনার অভিনয়কে কীভাবে নিয়েছেন দর্শক?

বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে দেখেছি নতুন হিসেবে আমাকে দর্শকেরা ভালোভাবেই নিয়েছেন। ছবিটিতে আমার চরিত্রের নাম ‘মায়া’। প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে যখন এই ছবি দেখছিলাম তখন আমার জায়গাগুলোতে দর্শকেরা ‘মায়া’ ‘মায়া’... বলে চিৎকার করছিলেন। আমার চোখে পানি চলে এসেছিল। প্রথম হিসেবে আমার এতটুকুই চাওয়া! এর বেশি নয়।

শিগগিরই আপনার পরের ছবি ‘নিয়তি’ মুক্তি পাওয়ার কথা। কেমন আশা করছেন?

এ ছবিটি নিয়ে আশা একটু বেশিই। কেননা প্রথম ছবি থেকে ভুলত্রুটি শুধরে দ্বিতীয় ছবিতে কাজ করেছি। ‘অঙ্গার’ ছবিতে আমার চরিত্রের নাম ‘মায়া’। ‘নিয়তি’ ছবিতে ‘মিলা’। দুটি দুই ধরনের চরিত্র। নিয়তি’ ছবির গল্পে ‘মিলা’ চরিত্রটিতে অভিনয় করার সুযোগ বেশি ছিল। পর্দায় দর্শকেরা ‘মিলা’কে বেশি করে দেখতে পাবেন।

কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ-এর সঙ্গে ‘বাদশা’ ছবিতে অভিনয় করবেন। প্রস্তুতি কেমন?

এ ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজনার মধ্যে আছি। ছবিটিতে অভিনয়ের জন্য নিজের প্রস্তুতি নিয়ে উঠেপড়ে লেগেছি। গল্পের প্রয়োজনে যা যা করার দরকার, তাই তাই-ই করছি। এরই মধ্যে জিৎ অভিনীত ছবিগুলো দেখা শুরু করেছি। শরীর ঠিক রাখার জন্য খাওয়া দাওয়ার ওপর নিয়ন্ত্রণ এনেছি। নিয়মিতই ব্যায়ামাগারে যাচ্ছি।