'ফেসবুকে কেন আমি নেই সেটা নিজেই জানি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

কেমন কাটল এবারের ঈদ?
ব্যস্ততার মধ্যেই কেটেছে এবারের ঈদ। মাংস কাটাকুটি থেকে শুরু করে বিলি-বণ্টন—সবকিছু আমাকেই করতে হয়েছে। এবারের ঈদে মোস্তফা সরয়ার ফারুকী দেশে না থাকায় ঈদের বেশির ভাগ কাজ নিজেকেই তদারকি করতে হয়েছে। তাই ব্যস্ততা ছিল অন্য যেকোনো বারের তুলনায় বেশি।
ঈদে আপনি মাংস কাটাকুটি করেন?
বেশ কয়েক বছর আগে আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর থেকেই প্রতি ঈদুল আজহায় মাংস কাটাকুটি কিন্তু আমিই করেছি। তখন মাকে সহযোগিতা করতাম। আর এখন তো নিজের সংসার, দায়িত্বটাও আরও বেশি।
তাহলে তো কোথাও ঘোরাঘুরি হয়নি...
ঘোরাঘুরি! বাসার কাজকর্ম শেষ করে শ্বশুরবাড়ি ও মায়ের বাড়িতে সবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। শুক্রবার ফারুকী দেশে ফিরেছে। এখন দুজনের সময়-সুযোগ হলে কোথাও ঘুরতে যেতে পারি।
এবারে প্রায় সব কটি চ্যানেলের ঈদ আয়োজনে প্রচারিত হয়েছে আপনার নাটক। কতগুলো নাটকে অভিনয় করলেন এই ঈদে?
কতগুলো নাটক তা অবশ্য হিসাব করা হয়নি। ঈদে প্রচারের জন্য তিন-চার মাস আগে থেকে ব্যস্ততা শুরু হয়। পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে করা নাটক থেকেও পরিচালকেরা ঈদের জন্য নাটক জমা রেখে দেন। আমার কাজ তো কেবল অভিনয় করা। অভিনয়ই করে গেছি। কটা নাটক প্রচারিত হলো, সে হিসাব করিনি।
ঈদে এই যে আপনার বেশ কটি নাটক প্রচারিত হলো, এর সবগুলো কি ভালো লাগা থেকে নাকি নাটকটা পেশা বলে করতে হয়েছে?
যদিও নাটকে অভিনয় করা আমাদের পেশা, আমি পেশাদার অভিনয়শিল্পী; তার পরও সার্বিকভাবে দেখলে দেখা যাবে আমরা কিন্তু এখনো পুরোপুরি পেশাদার হয়ে উঠতে পারিনি। আমার ক্ষেত্রে ১০০ নাটকের মধ্যে ৯০টি আমার নিজের ভালো লাগা থেকেই করতে রাজি হই। সে ক্ষেত্রে নাটকের গল্প, নির্মাতা, ইউনিট ও বাজেট প্রাধান্য পায় বেশি। আর বাকি ১০টি নাটকে কাজ করতে হয় অনুরোধে, অনুরোধে ঢেঁকি গেলা যাকে বলে।
আপনি নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলে কথা শোনা যাচ্ছে?
হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাস দুয়েক ধরে শাকিব খানের সঙ্গে নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের কথাবার্তা চলছে। তবে চূড়ান্তভাবে এখনো কিছু হয়নি। মেন্টাল নামের এই ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ। শুনেছি, শাকিব খান এখন কাতারে আছেন। তিনি দেশে ফেরার পরই বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করি।
শাকিব খানের সঙ্গে তো আরও একটি ছবিতে আপনার অভিনয়ের কথা শুনেছিলাম...
ওই ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে সবকিছুই চূড়ান্ত হয়েছে। সাফিউদ্দিন সাফি ছবিটি পরিচালনা করবেন। এখন ছবিটির শুটিং কবে হবে, সে বিষয়ে প্রযোজক-পরিচালকই ভালো বলতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আছেন অনেক তারকা। কিন্তু এই মাধ্যমে আপনাকে এখনো পাওয়া যাচ্ছে না...
ফেসবুক সামাজিক যোগাযোগ ও প্রচার-প্রচারণার অনেক জোরালো একটি মাধ্যম। বিশ্বব্যাপী এর আবেদন অন্য রকম। আসলে শুটিং ও পারিবারিক কাজ নিয়ে আমাকে এতটাই ব্যস্ত থাকতে হয়, ফেসবুক নিয়ে অতটা ভাবার সময়টা এখনো পাইনি। আসলে সত্যি কথা বলতে, ফেসবুকে আমি কেন নেই, এটা আমি নিজেও জানি না।
সাক্ষাৎকার: মনজুর কাদের