'বায়ান্ন তাস' নিয়ে বাপ্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ থেকে এবিসি রেডিও ৮৯.২-এ নিয়মিত শোনা যাবে বাপ্পা মজুমদারকে। তিনি আরজে হিসেবে এখন থেকে প্রতি মঙ্গলবার রাত নয়টায় হাজির হয়ে যাবেন তাঁর অনুষ্ঠান ‘বাপ্পার বায়ান্ন তাস’-এ। এ অনুষ্ঠান নিয়ে পরিকল্পনার কমতি নেই। সেই পরিকল্পনা আর ইচ্ছার কথাগুলোই বাপ্পা বলেন প্রথম আলোকে। গত রোববার এবিসি রেডিওতে এ অনুষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর কথা হয় তাঁর সঙ্গে
এবিসি রেডিওর স্টুডিওতে বাপ্পা মজুমদার l ছবি: প্রথম আলো
এবিসি রেডিওর স্টুডিওতে বাপ্পা মজুমদার l ছবি: প্রথম আলো

‘বাপ্পার বায়ান্ন তাস’ অনুষ্ঠান নিয়ে কি পরিকল্পনা করছেন?
পরিকল্পনা তো অনেকই আছে। তবে মূল বিষয় হলো, গান নিয়ে আমার যত ব্যক্তিগত ভাবনা আছে, তা সবার সঙ্গে শেয়ার করা। আমি যেহেতু গানের মানুষ, সেদিক থেকে আমার কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমি শ্রোতাদের সঙ্গে আমার যোগাযোগের জায়গাটা শক্ত করব। ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে কথা বলব। সবকিছুই সংগীতকে কেন্দ্র করে হবে। মাঝেমধ্যে আমাদের আলোচনায় সমসাময়িক ইস্যুও উঠে আসতে পারে। হতে পারে আলোচনা জীবনঘনিষ্ঠ বিষয় নিয়ে। তবে পুরো বিষয়টিই আসলে নির্ভর করছে পরিস্থিতির ওপর।
এখন তো ইউটিউবের ‘ভিউ’, ফেসবুকের ‘লাইক’ দিয়ে গানের ভালোমন্দ নির্ধারণ করা হয়। সে ক্ষেত্রে একটি রেডিও শো কীভাবে শ্রোতাদের কাছে ভালো গান ও গান-সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরতে পারে?
রেডিও, টিভি কিংবা পত্রিকা—যেকোনো সংবাদমাধ্যমই সৃষ্টিশীল কাজের মানদণ্ড নির্ধারণে দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমাদের দেশে রেডিওর প্রভাব তো সবচেয়ে বেশি। কারণ, এখন আমাদের রোজকার জীবনের বড় একটা অংশ কাটছে রাস্তায়, যানজটে। তাই টিভি দেখার চেয়ে রেডিও শোনা হচ্ছে বেশি। ব্যক্তিগতভাবে আমার এখন মনে হচ্ছে, সাংস্কৃতিক বোধের জায়গা থেকে আমরা অনেকখানি চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা এত বেশি বহুমাত্রিক সংস্কৃতি নিয়ে ঘাঁটাঘাঁটি করছি যে আমরা নিজেদের সাংস্কৃতিক ভিত নিয়ে দ্বিধায় পড়ে যাচ্ছি। রেডিওতে অনুষ্ঠান করার এটাও আমার একটা কারণ বলতে পারেন। আমি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে একটু হলেও দ্বিধার জায়গাটা স্পষ্ট করার চেষ্টা করব।
আমরা আবার ‘বাপ্পার বায়ান্ন তাস’-এ ফিরে আসি। আপনার এ শোয়ের মধ্য দিয়ে আপনি নতুন কী করতে যাচ্ছেন? যে গানগুলো বাজবে আপনার শোতে, তাতে কোনো বিশেষত্ব থাকবে?
আমি চেষ্টা করব, আমার অনুষ্ঠানের গানগুলো যেন আমার মতো হয়, রুচিশীল হয়। এমনিতেও এবিসি রেডিওতে প্রমিত বাংলায় কথা বলার যে চর্চা হয়, তা আমার ভালো লাগে। তাই আমিও কথা আর গান—সবটাতেই সেই চর্চা অব্যাহত রাখতে চাই। ভালো গান শোনার জন্য শ্রোতাদের তৈরি করার চেষ্টা থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এ অনুষ্ঠানে। এতে বাজানো প্রতিটি গানের সুরকার ও গীতিকারদের নাম আমরা সবাইকে জানানোর চেষ্টা করব। এটা সুরকার ও গীতিকারদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার ক্ষুদ্র চেষ্টামাত্র।
সাক্ষাৎকার: আদর রহমান