
তরুণ অভিনেত্রী অপর্ণা ঘোষ। ছোট ও বড় পর্দা মিলিয়ে কাজ করছেন। গতকাল শুক্রবার ভারতের কলকাতায় প্রকাশিত হয়েছে তাঁর অভিনীত ভুবন মাঝি সিনেমার গানের অ্যালবাম। নিজের ক্যারিয়ার ও বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে।
আজ (গতকাল) কলকাতায় ‘ভুবন মাঝি’র গানের অ্যালবাম রিলিজ হচ্ছে...
আমি মিস করলাম। ঈদের কাজগুলোর কারণে যেতে পারিনি। ভুবন মাঝির কোনো কিছুই মিস করতে চাইনি। বিশেষ করে কালিকাদাকে নিয়ে কিছু হলে। তাঁর সঙ্গে সিনেমা করতে গিয়ে ভালো একটা হৃদ্যতা তৈরি হয়েছিল। কাজের জন্য যেতে পারিনি, কিন্তু মন ওখানে পড়ে আছে।
সম্প্রতি ‘ভুবন মাঝি’ নিয়ে রাশিয়া ঘুরে এলেন। অভিজ্ঞতা কেমন?
মস্কোতে প্রদর্শনী ছিল। ওখানে বাংলাদেশি প্রবাসীরা ভুবন মাঝি সম্পর্কে জানেন। প্রবাসীরা দেশের ছবিগুলো আগ্রহভরে দেখেন। ছবিতে বঙ্গবন্ধুর প্রসঙ্গ এলে তালি দিয়েছেন। সাধারণত সিনেমার শুরুতে জাতীয় সংগীত বাজালে আমরা দাঁড়াই। কিন্তু ছবির মাঝে যখন জাতীয় সংগীতের একটি-দুটি লাইন বলা হচ্ছিল, তখনো তাঁরা দাঁড়িয়ে গেছেন। খুব আন্তরিক ছিলেন। আত্মীয়স্বজনকে ফোন করে বলেছেন। সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন।
রাশিয়ার কেউ কি দেখেছেন?
দেখেছেন; কিন্তু তাঁরা তো ভাষা বোঝেন না। তবে কানাডায় একটা ভালো অভিজ্ঞতা আছে। ইফসা ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওখানে বিভিন্ন দেশের পরিচালক, সিনেমার লোকজন এসেছিলেন। দেখলাম, ওখানে সবাই আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানেন। ভুবন মাঝিকে তাঁদের ইংরেজিতে বোঝাতে হয়নি। ছবিটি খুব সহজে তাঁরা বুঝতে পেরেছিলেন।
ঈদের ব্যস্ততা...
একটি টেলিফিল্মে অভিনয় করছি। এনটিভিতে দেখানো হবে। পাণ্ডুলিপিটা ভালো লেগেছে। এখন তো অনেক কাজ করা হয়। কাজের জন্য করা আর কি। পাণ্ডুলিপি পছন্দ হয় না। সেগুলো বলতেও ইচ্ছা হয় না। কিন্তু কাজ করতে হচ্ছে। কিছু করার নেই। অনুরোধ করলে ফিরিয়ে দেওয়া যায় না। আয়নাবাজি সিরিজের একটা কাজ করতে পারি। কথা চলছে। এবার তো একই নাম থাকছে না মনে হয়। অন্য কোনো নামে হতে পারে। হাতে আরও দুই-তিনটি কাজ আছে। সবার খুব বাজে অবস্থা। চ্যানেল কনফারমেশন দেয়নি; কেউ পাণ্ডুলিপি পাঠিয়েছে; কেউ শুধু তারিখ নিয়েছে, এখনো পাণ্ডুলিপি পাঠায়নি—এই আর কি।
পরবর্তী ছবির পরিকল্পনা কী?
কয়েকটি পাণ্ডুলিপি হাতে আছে। এখনো কোনোটিতে সাইন করিনি। কথা চলছে।
‘মেঘমল্লার’, ‘ভুবন মাঝি’, ‘সুতপার ঠিকানা’—প্রতিটি ছবিতে আপনার চরিত্রগুলোর একটা আলাদা জায়গা আছে। এটা কি আপনি সচেতনভাবে করেছেন? নাকি পরিচালকের চাওয়া?
নট রিয়েলি। আসলে যখনই সেটে থাকি, পরিচালককে আমি ‘ফাদার’ মানি। পরিচালকের চাওয়া থাকে, আমার একটা প্রত্যাশা থাকে, সবকিছু মিলিয়ে চরিত্রগুলো তৈরি হয়েছে। যতগুলো কাজ করেছি গুছিয়ে করেছি। গুছিয়ে কাজ করলে নিজের চরিত্র নিয়ে ভাবার সুযোগ থাকে। পরিচালকের সঙ্গে চরিত্র নিয়ে কথা বলার সময় পাওয়া যায়। সবকিছু মিলিয়ে হয়েছে। এমন নয় যে আমি একাই সব করেছি।
সাক্ষাৎকার: শরীফ নাসরুল্লাহ