'মঞ্চটা একেবারে আমার নিজের মনে হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একক অভিনয়ে ঢাকার মঞ্চ কাঁপিয়েছেন বেশ কজন শিল্পী। সেসব নাটকের সঙ্গে যুক্ত হচ্ছে একক অভিনয়ের আরও একটি নতুন নাটক। রুবাইয়াৎ আহমেদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটক ‘গহনযাত্রা’ প্রযোজনা করছে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। কাল শনিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে হবে নাটকটির কারিগরি প্রদর্শনী। নাটকটিতে একক অভিনয় করছেন শামছি আরা সায়েকা। নাটকটির প্রেক্ষাপট ও আরও কিছু বিষয় নিয়ে কথা বললেন এই শিল্পী। মুঠোফোনে সাক্ষাৎকারটি নিয়েছেন রাসেল মাহমুদ।
শামছি আরা সায়েকা
শামছি আরা সায়েকা

একক নাটক দারুণ চ্যালেঞ্জের। চ্যালেঞ্জ নিতে কেমন লাগছে?
বড় বড় শিল্পীরা একক অভিনয় করেছেন। এত দিন তাঁদের কাজ দেখেছি। সেরকম একটি কাজে অংশ নিতে যাচ্ছি ভেবে খুব ভালো লাগছে। আমাদের দলের সবার জন্যও ব্যাপারটা অনেক গর্বের।
একক অভিনয়ের কোন কোন নাটক আপনাকে প্রেরণা জুগিয়েছে?
ফেরদৌসী আপার ‘কোকিলারা’ দারুণ শক্তিশালী। এমন কণ্ঠের দক্ষতা আজও তৈরি হয়নি। রোজী সিদ্দিকীর ‘পঞ্চনারী আখ্যান’ বেশ ভালো লেগেছে। মোমেনা আপার ‘লাল জমিন’টাও ভালো।
‘গহনযাত্রা’র চরিত্রটা নিয়ে বলবেন? কত দিন ধরে মহড়া করছেন?
চরিত্র আসলে পাঁচটি। তিনটি কস্টিউমে দেখা যাবে আমাকে। আমার চরিত্রটির নাম সালমা। গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক নারী সে। উগ্রপন্থীদের হাতে ধরা পরে তাঁকেও প্রাণ হারাতে হয়। প্রায় আড়াই বা তিন মাস ধরে মহড়া চলছে।
কোনো সহশিল্পী নেই, চরিত্রে প্রবেশ করতে পারছেন?
এই চরিত্রে নতুন করে প্রবেশের কিছু নেই। আমাদের সমাজের সবাই ওই চরিত্রের মধ্য দিয়েই যাচ্ছি। তনুর কথাই ধরুন। হত্যা, ধর্ষণ আমাদের সমাজে প্রায় প্রতিদিনের ঘটনা। টেলিভিশন বা পত্রিকা খুললে তো এসবই দেখতে হয়। তাহলে আমরা কেউ কি এসবের বাইরে থাকতে পারছি? চরিত্রে ঢুকতে বাড়তি কোনো প্রচেষ্টার দরকার হচ্ছে না।
টিভি নাটকে আপনাকে কবে দেখা যাবে?
টিভি নাটকের ব্যাপারে আসলে আগ্রহ পাই না। মঞ্চটা আমার একেবারে ‘নিজের’ মনে হয়। এখানে আমার অনেক স্বাধীনতা আছে। তা ছাড়া ওই দিকে মন দেওয়ার সময়ও নেই। দুই তিনটি চাকরি করি। স্কুলে পড়াই, নাচ শেখাই, সন্ধ্যা হলে মহড়া। টিভির জন্য ভবিষ্যতে কাজ করব কি না সেই সিদ্ধান্ত এখনো নিইনি।
দর্শক ‘গহনযাত্রা’ দেখবে কেন?
আমাদের চারপাশে যে সব অঘটন ঘটছে, সেগুলো নিয়ে মানুষের ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে এসব বন্ধ হবে, কীভাবে এসব থেকে পরিত্রাণ মিলবে ইত্যাদি। কিন্তু মানুষ অনেকটা নিশ্চুপ হয়ে গেছে। নিজের ভেতরের ওই প্রশ্নগুলোকে জাগিয়ে তুলতে মানুষের এই নাটকটি দেখতে হবে।