'মায়ের কারণেই বাংলার প্রতি আমার টান'
>

অভিনেতা আশীষ বিদ্যার্থীকে বলিউড আর টালিউডের অনেক ছবিতেই দেখেছে দর্শক। গত ঈদে মুক্তি পাওয়া অগ্নি ২ ছবিটি ছিল আশীষ বিদ্যার্থীর প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। এবারে এ অভিনেতা তাঁর দ্বিতীয় বাংলাদেশি ছবি অঙ্গার-এর কাজ শুরু করেছেন। এখন তিনি আছেন ঢাকায়। কিছুদিন আগে প্রথম আলোয় প্রকাশিত এ অভিনেতার সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ রূপ প্রকাশিত হলো আজ। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।
কেমন লাগছে বাংলাদেশে এসে?
খুবই ভালো লাগছে। আমি সব সময়ই ঘুরতে পছন্দ করি। আগে কাজের জন্য ভ্রমণ করতাম। এখন ভ্রমণের জন্য কাজ করি। আজ বাবাকে অনেক মনে পড়ছে। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল তখন আমার বয়স ৬ বা ৭ হবে। সে সময় পত্রিকা পড়ে বাবা আমাকে যুদ্ধের খবর শোনাতেন।
আপনার পরিচিতজন কিংবা কোনো বন্ধু বাংলাদেশে আছেন? কাজের ফাঁকে যাদের সঙ্গে এবার দেখা করবেন?
হ্যাঁ। ভারতে ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়ার সময় বাংলাদেশের ইসরাফিল শাহিন আর আশীষ খন্দকারের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সে বন্ধুত্ব এখনো আছে। আমি যেখানেই যাই থিয়েটারের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পছন্দ করি। তা ছাড়া, কয়েক বছর আগে হায়দরাবাদে কলকাতার একটি ছবির জন্য নায়ক রাজ্জাকের সঙ্গে কাজ করেছিলাম। তাঁকে আমি বিরিয়ানি খাইয়েছিলাম। তিনিও আমাকে মাংস রান্না করে খাইয়েছিলেন। তখন বলেছিলাম, বাংলাদেশে গেলে তাঁর সঙ্গে দেখা করব। খুব ভালো লাগছে যে, বাংলাদেশে এসে প্রথম ফোনটা তাঁকেই করেছি। কয়েক দিনের মধ্যে দেখা করব তাঁর সঙ্গে।
ঢাকায় প্রথম শুটিংয়ে অংশ নেওয়ার অনুভূতি?
ঢাকায় এফডিসিতে এসে প্রথম দিনই কাজ করি এখানকার দুই নম্বর স্টুডিওতে। এখানে ঢুকেই অবাক হয়েছি। এত বড় স্টুডিও! অনেক পুরোনো। দেখেই বোঝা যাচ্ছে, এই স্টুডিও ঘিরে অনেক ইতিহাস আছে। পুরোনো জিনিসের প্রতি আমার আলাদা আকর্ষণ কাজ করে। এই ফ্লোর জুড়ে কত শত ছবি তৈরি হয়েছে! আমি ঘুরে ঘুরে এখানকার পুরোনো জিনিসগুলো দেখেছি। এসব দেখছি আর মনে হচ্ছে, আমিও এই স্টুডিওর ইতিহাসের অংশ হয়ে গেলাম। পরিচালক সুমনের (ওয়াজেদ আলী) কাজও আমার পছন্দ হয়েছে।
আপনার মা বাঙালি ছিলেন। বাঙালি সংস্কৃতিকে কতটা কাছ থেকে দেখেছেন?
অনেক দূর থেকে দেখেছি। আমার বাবা কেরালার। বড় হয়েছি দিল্লিতে। সেখানে আবার পাঞ্জাব আর ইউপির (উত্তর প্রদেশ) সাংস্কৃতিক পরিমণ্ডল। তবে মায়ের কারণেই বাংলার প্রতি আমার টান অনেক আগে থেকে। আমার স্ত্রীও কিন্তু কলকাতার মেয়ে। আমার শাশুড়ি শকুন্তলা বড়ুয়া ছিলেন বাঙালি অভিনেত্রী। তাই তাঁদের কারণে ধীরে ধীরে বাংলা সংস্কৃতি ও সাহিত্যের অনেকটাই কাছে চলে এসেছি। তবে আপনাদের মতো বাংলাটা এখনো ভালো বলতে পারি না।
মঞ্চ কিংবা বলিউডে প্রতিষ্ঠা পেতে সংগ্রাম করতে হয়েছে, সে সময়টা নিয়ে কিছু বলুন
সেই ছোটবেলা থেকেই থিয়েটার করার শুরু। স্কুল, কলেজ, এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামা। এখনো থিয়েটার করছি। ১৯৯২ সালে মুম্বাই আসি। প্রথম দু’বছর কোনো কাজ করিনি। খাবারের টাকার জন্য ডাবিংয়ের কাজ করতাম। দূরদর্শন চ্যানেলে ‘বিজনেস বাতি’ নামে একটি স্টক মার্কেটের শো-এর ডাবিং করে গলা বিক্রি করতাম। প্রতি শোর জন্য পেতাম দেড় শো টাকা। একটা সময় ফিল্মে কাজ শুরু করলাম।
আশীষ বিদ্যার্থী এখন কেমন আছেন? কে কে আছেন পরিবারে, তাঁদের মধ্যে কেউ কি অভিনয়ের সঙ্গে যুক্ত?
আমার এক ছেলে। সে এখনো লেখাপড়া করছে। আমার স্ত্রী ভালো গান করেন, কবিতা লেখেন, অভিনয়ও করেন। এখন স্টার প্লাসে ‘সুহানি’ নামে একটি হিন্দি সিরিয়ালে নায়কের মায়ের চরিত্রে চরিত্রে অভিনয় করছেন। তবে, অনেক অভিনয়শিল্পী থাকলেও, আমাদের পরিবারটা আসলে সংগীতপ্রেমী।
শুনেছি ১৪টি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভিনদেশি ভাষার চলচ্চিত্র বাছাই করার সময় কোন দিকটা খেয়াল রাখেন?
আমি মূলত ভালো মানুষদের সঙ্গে কাজ করতে চাই; করি-ও। কাজ করার সময় অবশ্যই ওই প্রজেক্টের মধ্যে রোমাঞ্চকর বিষয় আছে কিনা তা দেখে নিই। ভাষা কোনো বিষয় নয়, চলচ্চিত্রে যে সব মানুষের মধ্যে নিষ্ঠা আছে, একাগ্রতা আছে তাঁদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
মঞ্চ দিয়ে অভিনয় শুরু, এরপর চলচ্চিত্রে। মঞ্চ থেকে আসার ফলে কি কোনো সুবিধা পেয়েছেন কাজের ক্ষেত্রে?
অবশ্যই পাওয়া যায়। থিয়েটার একজন মানুষকে প্রতিনিয়ত শিক্ষা দেয়। ভালো মানুষ হতে শেখায়। মঞ্চ আমাকে শিখিয়েছে কোনো কাজ ছোট কিংবা বড় নয়। আমি সেই ছোটবেলা থেকেই থিয়েটার করে আসছি। আজকের এ অবস্থান থিয়েটার থেকেই পাওয়া।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার অনুভূতি বলুন ...
আমি মুম্বাইয়ের ছবিতে অভিনয় শুরু করার দুই বছরের মাথায় ‘দ্রোহকাল’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি। এ জন্য নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার অভিনয় জীবনের বড় সম্পদ।
বাংলাদেশে আপনার এটি দ্বিতীয় ছবি? বাংলা ছবি কি দেখা হয়?
ইন্দো-বাংলার যৌথ প্রযোজনার ছবিতে এর আগে কাজ করেছি। এটি একই প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় কাজ। তবে প্রথম ছবির শুটিংয়ে বাংলাদেশে আসা হয়নি। বাংলাদেশে এসে এটাই আমার প্রথম কাজ। বাংলাদেশি ছবি দেখা হয় না। নায়ক ফেরদৌস আমার ভালো বন্ধু। ওর অভিনীত একটি ফিল্ম সিঙ্গাপুরে একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমি দেখেছিলাম।