'মিথ্যা অপবাদ মাথায় নিতে চাই না'

কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে ‘বাদশা’ নামে একটি ছবি নির্মাণ করছেন জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজ। মাস খানেক আগে জাজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে জিতের বিপরীতে নায়িকা হিসেবে এই ছবিতে অভিনয় করবেন জলি। ওই সময় এ খবর পত্রিকার পাতাতেও বেরিয়েছে। কিন্তু হঠাৎ করেই জাজের পক্ষ থেকে ঘোষণা এসেছে জিতের বিপরীতে এখন অভিনয় করবেন নুসরাত ফারিয়া। আর নুসরাত ফারিয়াকে নিয়েই ১ মার্চ থেকে শুটিং শুরু হবে। এ ব্যাপারে মুখ খুলেছেন জলি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।
শোনা যাচ্ছে বাদশা থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে?
এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমাকে কিছুই জানায়নি। এতটুকুই জানি, আমি জিতের বিপরীতে ‘বাদশা’ ছবিতে অভিনয় করছি। বিষয়টা আমাকে আগেই জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তখন তো খবরটি বিভিন্ন পত্রিকার পাতাতেও এসেছে।
কিন্তু এখন তো জিতের বিপরীতে নুসরাত ফারিয়া অভিনয় করছেন—এ খবর বেরিয়েছে...
হ্যাঁ, এমন খবর আমিও দেখেছি। দেখার পর আমার খারাপ লেগেছে। এখন যদি সত্যি সত্যিই জিতের বিপরীতে ফারিয়া অভিনয় করেন, তাহলে আমার জন্য তা হবে খুবই দুঃখজনক ঘটনা। মনে হচ্ছে, ফারিয়ার কাছে আমি খাটো হয়ে গেলাম। তা ছাড়া আগে থেকেই আমার বন্ধুবান্ধব, পরিবার, ভক্ত-সবাই তো জানে আমি কাজটি করছি। এখন যদি তা না হয়, তাহলে সবার কাছে আমার মাথা হেঁট হয়ে গেল। বিষয়টি ভাবলেই চোখে পানি চলে আসে।
কিন্তু জাজ মাল্টিমিডিয়া থেকে বলা হচ্ছে, জলিকে এখনো বাদ দেওয়া হয়নি। ছবিতে দুজন নায়িকা আছে। বিষয়টি কী?
আমি মনে করি, এটা মিথ্যা কথা। ছবিতে দুজন নায়িকা নেই। শুধু সান্ত্বনা দেওয়ার জন্যই বলা হচ্ছে। তবে আমাকে বাদ দিয়ে নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে—এ কথা আনুষ্ঠানিকভাবে এখনো আমাকে জানানো হয়নি। আমি শুধুই বাইরে বাইরে শুনছি।
এ-ও তো বলা হচ্ছে আপনাকে যে ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছিল, তা আপনি নেননি?
পুরো মিথ্যা কথা। শুটিং শুরুর আগেই ওজন কমিয়ে শারীরিক প্রস্তুতি নিতে বলা হয়েছিল। যেদিন এ কথাগুলো আমাকে বলা হয়, সে দিন থেকেই আমি কোমর বেঁধে খাওয়াদাওয়া কমিয়ে, ব্যায়াম করে শারীরিক প্রস্তুতি নিতে শুরু করি। এখন আসলে কোনো খুঁত খুঁজে না পেয়ে এসব বলছেন। আমি তো জিতের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পেতে চাই না। আমি আমার অভিনয় যোগ্যতা দিয়েই নিজেকে এগিয়ে নিতে চাই। কিন্তু মিথ্যা অপবাদ মাথায় নিতে চাই না।
তাহলে এখন আপনার কী সিদ্ধান্ত?
কী আর সিদ্ধান্ত নেব। সবকিছুর ভার ভাগ্যের ওপরেই ছেড়ে দিয়েছি। যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করছি। তাঁরা যেভাবে বলবেন, সেভাবেই হবে। তবে বাইরে থেকে যখনই নুসরাত ফারিয়ার বিষয়টি শুনেছি, তখন থেকে আবারও আগের মতোই খাওয়াদাওয়া শুরু করেছি। ব্যায়ামও ছেড়ে দিয়েছি।