'রাজনীতি' সিনেমাটি সবার দেখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন
আনিসুর রহমান মিলন

টেলিভিশন নাটকের পাশাপাশি এবারের ঈদে বড় পর্দায়ও দেখা গেছে আনিসুর রহমান মিলনকে। ঈদের আলোচিত সিনেমা ‘রাজনীতি’র অন্যতম কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা তিনি। সিনেমাটি নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বললেন মিলন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের

এবারই প্রথম ঈদের মতো বড় উৎসবে আপনার সিনেমা মুক্তি পেয়েছে। কেমন লেগেছে?
এটা আমার জন্য অনেক বেশি আনন্দের, পাশাপাশি আবেগেরও। আমি নিজে সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি দেখেছি। নিজের সিনেমা বলেই বলছি না, ‘রাজনীতি’ দুর্দান্ত একটা সিনেমা। কিন্তু দুঃখ হচ্ছে, এই সিনেমা দেশের সবার দেখা উচিত। অল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়াতে সিনেমাটি সবাই দেখতে পাচ্ছে না।

এর আগেও আপনার বেশ কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এই সিনেমা নিয়ে আপনার আগ্রহটা বেশি বলে মনে হচ্ছে।
আমার প্রথম সিনেমা ‘হাজার বছর ধরে’। এরপর আরও দশটি সিনেমায় অভিনয় করেছি। এখন পর্যন্ত ‘রাজনীতি’ অন্যতম সেরা সিনেমা। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ভালো গল্প, ভালো অভিনয়, ভালো কলাকুশলী, চমৎকার গান—সবই এই সিনেমায় আছে। বাংলাদেশের দর্শকেরা অনুভব করবে, এটি তাদেরই সিনেমা। তার প্রমাণ কিছুটা পাচ্ছিও অবশ্য। সাধারণত আমাদের দেশের যে কয়টি সিনেপ্লেক্সে আছে, সেখানে বাংলাদেশের সিনেমার দর্শক আনুপাতিক হারে কম থাকে। এখানে বেশির ভাগ সময়ই দর্শকেরা হলিউডের সিনেমাই দেখেন। ‘রাজনীতি’ সিনেমাটি দেখতে গিয়ে দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া আমাকে বিস্মিত করেছে।

‘রাজনীতি’ সিনেমায় কী দেখানো হয়েছে?
নোংরা রাজনীতি কীভাবে মানুষের ক্ষতি করতে পারে, নিঃস্ব করে দিতে পারে, সেটা যেমন দেখিয়েছে, ঠিক তেমনি ভালো রাজনীতি যে অন্য মানুষ, সমাজ ও দেশকে একটা ইতিবাচক জায়গায় নিয়ে যেতে পারে, সেটাও দেখানো হয়েছে। আরও সহজ করে বললে দাঁড়ায়, আমাদের যাঁরা নেতা, তাঁদের কীভাবে দেখতে চাই, সেটাই এখানে তুলে ধরা হয়েছে।

‘রাজনীতি’ সিনেমা আরও বেশি দর্শকের কাছে তুলে ধরতে আর কী করা উচিত ছিল?
আমার কেন জানি মনে হয়, শাকিব ভাই (শাকিব খান) যদি এই সিনেমার প্রচারে তাঁর ব্যস্ত সময় থেকে কিছুটা দিতেন, তাহলে আরও বেশি দর্শক সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ছুটে যেত। তিনিই কিন্তু আমাদের সিনেমার এখনো একমাত্র শক্তিশালী হিরো। সুপারস্টার বলি, মেগাস্টার বলি, চলচ্চিত্রের সবেধন নীলমণি, যা-ই বলি না কেন, তিনি কিন্তু এখনো শাকিব খানই। ‘রাজনীতি’ সিনেমায় আমরা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেই আবদারের জায়গা থেকে বলতে পারি, শাকিব ভাই যদি তাঁর সিনেমা ‘রাজনীতি’ নিয়ে একটু প্রচার চালাতেন, তাহলে আরও বেশি দর্শক সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যেত।

‘রাজনীতি’ মুক্তির আগে আপনাকেও তো প্রচারে দেখা যায়নি।
আমার স্ত্রী ও সন্তান যুক্তরাষ্ট্রে থাকে। স্ত্রীর অসুস্থতার কারণে আমাকে মাস দুয়েক সেখানে থাকতে হয়েছে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরি। এসেই ঈদের নাটক ও অন্যান্য অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।

নতুন কোনো সিনেমায় কাজ শুরু করছেন কি?
আমার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। তিনটির শুটিং বাকি আছে। আপাতত নতুন সিনেমার কাজ নিয়ে ভাবছি না।