
অভিনয়শিল্পী জেনী। নিয়মিত কাজ করছেন খণ্ডনাটক ও ধারাবাহিকে। আজ রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই অভিনেত্রীর নাটক দোস্ত দুশমন। নাটকটিসহ আরও কিছু প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।
হ্যালো, জেনী, কেমন আছেন?
ভালো আছি। এখন একটু বাসার বাইরে।
শুটিংয়ে?
আজ কোনো শুটিং নেই। প্রয়োজনীয় কিছু কাজ ছিল, সেসব করতে বাইরে এসেছি।
নাটকের কাজের কী অবস্থা?
এই তো গত রোববার একটি খণ্ডনাটকের শুটিং শেষ করলাম। এতে আমার সহশিল্পী ছিলেন সজল। খুব শিগগির একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের কাজ শুরু করব। এটি হবে আমার অভিনয়জীবনের প্রথম দীর্ঘ ধারাবাহিক। মাসুদ মহিউদ্দিনের এই নাটকের নাম নগর জোনাকী।
আমাদের চ্যানেলগুলোতে দীর্ঘ ধারাবাহিকে গল্পের ধারাবাহিকতা থাকে না বলে অভিযোগ শোনা যায়...
পুরোপুরি সত্য কথা। এ কারণেই এত দিন আমি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করতে রাজি ছিলাম না। কিন্তু নগর জোনাকী ধারাবাহিকের পরিকল্পনা শুনে খুব ভালো লেগেছে। করপোরেট হাউসের নানা ঘটনা এই নাটকের বিষয়বস্তু। নাটকটির মধ্যে অনেক নতুনত্ব আছে।
প্রযোজক ও নির্মাতা তানভীর খানকে গত জুনে আপনি বিয়ে করলেন। বিয়ের পর নতুন জীবন কেমন কাটছে?
সুস্থ, সুন্দর ও স্বাভাবিকভাবে চলছে আমার জীবন। বলতে পারেন যে জীবন আমি চেয়েছি, সেটাই পেয়েছি।
কাজের বাইরে কোনো বই পড়েছেন কিংবা সিনেমা দেখেছেন?
সংসার ও শুটিং নিয়ে এখন আমাকে ব্যস্ত থাকতে হয়। খুব একটা সময় পাই না। সিনেমা দেখার সুযোগ পাইনি। তবে বিয়ের পর দুটি বই পড়েছি। পাওলো কোয়েলহোর বই দুটি হচ্ছে ইলেভেন মিনিটস ও দ্য উইনার স্ট্যান্ডস অ্যালোন। বই দুটি পড়ে আমার খুব ভালো লেগেছে। এ ছাড়া বিয়ের পর রান্নায়ও সময় দিচ্ছি।
তাই?
হ্যাঁ। আমি তো এখন নিয়মিত নিজে রান্না করি। সময় পেলেই রান্না করি। আমার রান্না করা খাবার তানভীর খানেরও পছন্দ। তানভীর এমনিতে মিষ্টিজাতীয় খাবার খেতে খুব পছন্দ করে। আবার কোনো দিন মাঝরাতে ডিমের হালুয়ার আবদার করে বসে। রান্না করাটা আমার কাছে দারুণ উপভোগ্য লাগছে। আমার কাছে তো এখন মনে হচ্ছে, রান্না করাটা একটা আর্ট।
‘দোস্ত দুশমন’ নাটকের কাজের কী অবস্থা?
মাস চারেক আগে শেষবারের মতো এই নাটকের শুটিং করেছিলাম। এখন কী অবস্থা, তা অবশ্য
জানি না।