'রুমির সঙ্গে বিচ্ছেদের পর জেদ কাজ করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
লামিয়া ইসলাম অনন্যা
লামিয়া ইসলাম অনন্যা
একটা সময়ে অন্য শিল্পীদের গান গেয়ে মঞ্চ মাতাতেন লামিয়া ইসলাম অনন্যা। গান গাইতে গিয়ে ২০০৮ সালে পরিচয় হয় গায়ক ও সংগীতপরিচালক আরফিন রুমির সঙ্গে। পরিচয় থেকে পারিবারিকভাবে বিয়ে। রুমির সঙ্গে বিয়ের পর আর নিজের গানের ক্যারিয়ার গড়া হয়নি অনন্যার। ২০১২ সালে অনন্যাকে ঘরে রেখেই দ্বিতীয় বিয়ে এবং বিয়ে পরবর্তী কিছু ঘটনার কারণে নিজেকে বিতর্কিত করে তোলেন আরফিন রুমি। রুমির সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানেন অনন্যা।তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয় গত বছরের শেষদিকে। এরপর পুরোপুরি গানে ব্যস্ত হয়ে পড়েন অনন্যা।এবার ঈদে প্রকাশিত হয়েছে অনন্যার প্রথম একক গানের অ্যালবাম। নিজের নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নাম রেখেছেন ‘অনন্যা’। অ্যালবাম ও অন্যান্য প্রসঙ্গে অনন্যা কথা বলেন প্রথম আলোর সঙ্গে। পাঠকদের জন্য তা তুলে ধরেছেন মনজুর কাদের।


আরফিন রুমির সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই অ্যালবাম প্রকাশ করলেন। এ ক্ষেত্রে কোনো রকম জেদ কাজ করেছিল কী?

আমার এই অ্যালবামটা কিন্তু আরও আট-দশ বছর আগেই বের হওয়ার কথা ছিল। ২০০৮ সালে আমার বিয়ে হয়। পারিবারিক ঝামেলার কারণে অ্যালবামের কাজ আর এগোয়নি। শুধু তাই নয়, বিয়ের কারণে আমার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমার আর এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। ২০১৪ সালের শেষদিকে চূড়ান্তভাবে আমার ও রুমির বিচ্ছেদ হয়। রুমির সঙ্গে বিচ্ছেদের পর গান নিয়ে নিজের মধ্যে একরকম জেদ কাজ করে। সত্যি কথা বলতে, অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে আমি নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি। যেটা আমার মধ্যে ছিল, পারিবারিক জটিলতার কারণে যা আমি করে দেখাতে পারিনি সেটাই করে দেখাতে চেয়েছি। আমি যে গান গাইতে পারি সেটা প্রমাণ করতে চাই। ছোটবেলা থেকে আমার এবং পরিবারের সবারই ইচ্ছে ছিল আমি শিল্পী হব। তাই পরিবার থেকে সবাই আমাকে নানাভাবে অনুপ্রেরণা দিত। আমার ছোট খালু তো আমার প্রথম অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে সেই ফরিদপুর থেকে ঢাকায় চলে এসেছেন। নিজের জেদ ও সবার ভালোবাসা আর চাওয়ার জন্যই আবার গানে ফিরে আসা।

অনন্যার এই ছবি তাঁর ফেসবুক পাতা থেকে সংগৃহীত
অনন্যার এই ছবি তাঁর ফেসবুক পাতা থেকে সংগৃহীত

প্রথম অ্যালবাম প্রকাশের অনুভূতি...
ছোটবেলা থেকে গান করছি। ইচ্ছে ছিল পেশাদারিভাবে গান করার। কিন্তু বিয়ের পর আমার আর সেভাবে গান করা হয়ে ওঠেনি। বিচ্ছেদের পর গানে পুরোপুরি মনোযোগী হই। পরিবারের ইচ্ছে ও আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল গানের অ্যালবাম প্রকাশ করার। আমার স্বপ্ন পূরণ হয়েছে। অনেক কষ্টের পর সুখের দেখা পেলে সেটা যেমন ভাষায় প্রকাশ করা যায় না, অ্যালবাম প্রকাশের ব্যাপারটি ঠিক তেমনই। এই অনুভূতি সত্যি বলে বোঝান যাবে না। মাত্র পথ চলতে শুরু করেছি, থামতে চাই না।

আপনার প্রথম অ্যালবামে কোন ধরনের গান প্রাধান্য পেয়েছে?
মোটামুটি সব ধরনের গানই রয়েছে এই অ্যালবামে। ফোক, রোমান্টিক, স্যাড, স্টেজ পারফরম্যান্সনির্ভর সবই আছে। মোট সাতটা গান। দুটি গানের আবার দুই ধরনের ভার্সন আছে। সেই হিসেবে নয়টা গান।

নিজের নামে অ্যালবাম প্রকাশের বিশেষ কোনো কারণ আছে কী?
আমি নির্দিষ্ট কোনো গানের নাম দিয়ে অ্যালবাম প্রকাশ করতে চাইনি। অনেক চড়াই-উতরাইয়ের পর আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হলো। অনেকেই আমার নামের সঙ্গে পরিচিত। তাই নিজের নামে অ্যালবামের নাম রেখেছি।

আপনার অ্যালবামে কাজ করেছেন কারা?

বেশ কয়েকজন সুরকার ও সংগীতপরিচালক আমার এই অ্যালবামে কাজ করেছেন। তাঁরা হলেন শওকত আলী ইমন, হৃদয় খান, জেকে, বেলাল খান ও রাফি। আর গানের কথা লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, কবন্ধ রায়হান ও তানি।

অনন্যার এই ছবি তাঁর ফেসবুক পাতা থেকে সংগৃহীত
অনন্যার এই ছবি তাঁর ফেসবুক পাতা থেকে সংগৃহীত


অ্যালবাম তো প্রকাশিত হলো। অ্যালবামের গানের ভিডিও প্রকাশের ইচ্ছে আছে?

ঈদের আগে খুব তাড়াহুড়োর মধ্যে অ্যালবামটি বাজারে ছাড়া হয়েছে। ইচ্ছে আছে কয়েকটি গানের ভিডিও প্রকাশ করার। খুব শিগগির ভিডিও নির্মাণের কাজ শুরু হবে।

আরফিন রুমির সঙ্গে আপনার পরিচয়টা হয়েছিল কীভাবে?

আমার মা একসময় গানের অনুষ্ঠানের আয়োজন করতেন। তাঁর একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানের হয়ে উঠতি অনেক শিল্পী গান করত। মায়ের প্রতিষ্ঠানের হয়ে দেশের বিভিন্ন স্থানে আমি ও রুমি গান গাইতাম। তখনই রুমির সঙ্গে পরিচয়। রুমি তখন হাবিব ওয়াহিদের সঙ্গে কাজ করত। হাবিব ওয়াহিদ আমার খুব পছন্দের একজন গায়ক ও সংগীতপরিচালক। পরিচয়ের সূত্রে রুমির সঙ্গে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়। একটা সময় রুমিকে বলি, হাবিব ভাইকে দিয়ে আমার জন্য গান করিয়ে দেওয়ার। রুমিও আমাকে আশ্বাস দেয়, কাজটি করে দেওয়ার। এরপর আমরা তো বিয়েই করে ফেললাম। বিয়ের আগে রুমি আমার কাছে কমিটমেন্ট করেছিল, আমরা দুজন একসঙ্গে গান করব। কিন্তু তা আর হলো কই! তবে বিষয়টা এমন নয় যে আমি লোভে পড়ে তাঁকে বিয়ে করছি।

তার মানে আরফিন রুমির সঙ্গে বিয়ে আপনার গানের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে?

শুধু গান নয়, রুমির সঙ্গে আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস টেনে পড়ি। বিয়ের পর আমার পড়াশোনাও বন্ধ হয়ে যায়। রুমি কিন্তু আমাকে বলেছিল, বিয়ে আমার গান ও পড়াশোনার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বিয়ের পরপর রুমি তার দুটি অ্যালবামে আমাকে তিনটি গান গাওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নিজের গানের ক্যারিয়ার নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে রুমি। একদিকে গান নিয়ে তাঁর ব্যস্ততা বাড়তে থাকে, অন্যদিকে আমার গান ও পড়াশোনা বন্ধ হয়ে যায়। একটা সময় তো আমাকে আড়ালে রেখে দ্বিতীয় বিয়েও করে রুমি। এরপর আমার ওপর শুরু হয় নানারকম নির্যাতন। বাধ্য হয়ে বিচ্ছেদের পথ বেছে নিই।

গান নিয়ে আপনার পরিকল্পনা কী?

বেশ কিছুদিন আগে আমার ছেলে আরিয়ান একটা সিডি এনে বলে, ‘মা তুমি তো গান কর, এইরকম সিডিতে তুমি গান করতে পার না? মানুষ তোমার গান শুনবে।’ সাড়ে তিন বছরের একটা বাচ্চার কাছে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমার ছেলে আরিয়ানও কিন্তু ভালো গান গায়। সে এখন ধানমন্ডির ম্যাপল লীপ স্কুলে পড়ছে। ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন। এখন আমার একটাই লক্ষ্য। আর তা হলো, নিজেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই এগিয়ে চলছি। গানের চর্চা করছি, প্রচুর স্টেজ শোও করছি।