হঠাৎ শুনলাম ‘বাড়ি কোথায়’ গানটি! আরে! এ সাহানার কণ্ঠ না? সাহানা বাজপেয়ি, নতুন করে পাব বলে রবীন্দ্রসংগীতের অ্যালবাম দিয়ে যিনি একসময় আলোচনায় এসেছিলেন! তারপর? তারপর সাহানা চলে গেলেন ইংল্যান্ডে, একসময় বিনোদনপাড়ায় তাঁকে নিয়ে আলোচনাও স্তিমিত হয়ে গেল। কেমন আছেন সাহানা? লন্ডনে
ফোন করা হলো। এরই মধ্যে জেনে গেছি, শিকড় নামে একটি অ্যালবাম বেরিয়েছে তাঁর।

হ্যালো সাহানা, আপনার গান শুনছিলাম। কবে বের হলো অ্যালবামটি?
শিকড় রিলিজ হয়েছে গত অক্টোবরে। অ্যালবামে আছে সাতটা গান। একক গান চারটা, ‘বাড়ি কোথায়’, ‘শিকড়’—এটা টাইটেল ট্র্যাক, ‘রানওয়ে’, ‘চল একদিন’। একটা গেয়েছি স্যমন্তক সিনহার সঙ্গে। অন্য দুটি গান গোরকি মুখার্জির। অ্যালবামটি রেকর্ডিং হয়েছে কলকাতার সাউন্ড হাউস ব্লুজ আর রেড আর্থ প্রোডাকশন নামে দুটি স্টুডিওতে। স্যমন্তক সিনহা করেছেন সংগীতায়োজন।
‘গানের ওপারে’খ্যাত স্যমন্তক?
ঠিক ধরেছেন। ‘গানের ওপারে’র স্যমন্তকই। সম্পূর্ণ প্রোগ্রামবিহীন এবং বাংলা সমকালীন গানে কম প্রচলিত একাধিক যন্ত্র, যেমন চেলো, এস্রাজ, রাবাব ইত্যাদি ব্যবহার করেছেন তিনি। স্যমন্তকের সংগীত পরিচালনায় শিকড় অ্যালবামটি যেকোনো সিনেমা বা ব্যান্ডের গানের থেকে আলাদা। অন্য রকম।
বাংলাদেশে কি পাওয়া যাচ্ছে অ্যালবামটি?
হ্যাঁ, অনলাইনে আছে, আপনি তো সেখান থেকেই শুনলেন। বাংলাদেশে পরিবেশক মাশরুম এন্টারটেইনমেন্ট। অ্যালবাম ডাউনলোড করতে পারবেন surjorajjo.com থেকে।
আপনার কতগুলো অ্যালবাম?
অর্ণবের সংগীতায়োজনে আমার একক অ্যালবাম রবীন্দ্রসংগীত নতুন করে পাব বলে। বেরিয়েছিল বেঙ্গল মিউজিক থেকে। ক বছর আগে। আর কলকাতায় একটি ও বাংলাদেশে দু-একটি মিক্সড অ্যালবাম আছে। নতুন রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজ শুরু করেছি।
আজিজা আহমেদ