'শেষ পর্যন্ত আমিই বিজয়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জেসিয়া ইসলাম
জেসিয়া ইসলাম
৪ অক্টোবর সন্ধ্যায় নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয় পুরান ঢাকার মেয়ে জেসিয়া ইসলামের নাম। রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে বিচারক ও আয়োজক প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে রাতে মূল মঞ্চের এক কোণে বসে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তাঁর অনুভূতি, স্বপ্ন আর পরিকল্পনার কথা বললেন প্রথম আলোকে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছেন। কেমন লাগছে?
আমি অনেক খুশি। অনেক বেশি রোমাঞ্চিতও। শেষ পর্যন্ত আমিই বিজয়ী। কিন্তু আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। মানুষ আমাকে সমর্থন দিয়েছে ভালোবেসে। আমি পরিশ্রম করে কাজ করে যাব। বিচারক থেকে শুরু করে সবাই অনেক সাপোর্ট করেছেন। নিজেকে আইকন বা জনপ্রিয় হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলাম ছোটবেলা থেকে। সেই প্ল্যাটফর্ম পেয়েছি। এবার শুধু সামনে এগোতে চাই। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন বাংলাদেশের জন্য চীন থেকে ভালো কিছু সঙ্গে করে আনতে পারি।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার জার্নিটা কেমন ছিল। 
অসাধারণ! ১৮ বছর বয়সে এখন পর্যন্ত এটা আমার সবচেয়ে বড় অর্জন। আমি বলে বোঝাতে পারব না, কেমন লাগছে। আমি আমার পরিবার ও সবার জন্য খুবই খুশি।

কে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন? 
মা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছেন। অনেক মানুষের ভালোবাসা ছিল আমার সঙ্গে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার শুরুর দিকের গল্পটা শুনতে চাই। 
আমি এবার ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করছি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। এর মধ্যেই এই প্রতিযোগিতার খবর জানতে পারি। নাম নিবন্ধন করি। প্রাথমিক নির্বাচনে টিকে যাই। এরপর ছিল নিজেকে প্রস্তুত করা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন, তা কখনো ভেবেছিলেন? 
আত্মবিশ্বাস ছিল, আশা ছিল। মিস বাংলাদেশ এ বছর হবে, এটা জানতাম না। যখন শুনলাম, তাড়াহুড়ো করে নিজেকে তৈরি করেছি। তবে এতটা এগোতে পারব, তা ভাবিনি। আমাদের দেশ থেকে এখনো কেউ এই মুকুট জিততে পারেনি। অনেক দেশ থেকে এই মুকুট অর্জন করেছে। আমার চেষ্টা থাকবে।

মিস ওয়ার্ল্ডে কাকে আদর্শ মনে হয়? 
ঐশ্বরিয়া রাই, প্রিয়াংকা চোপড়া—তাঁরা আমার খুব পছন্দের। আর গতবারের বিজয়ী স্টেফানি দেল ভ্যালেও প্রিয়।

যখন প্রথম রানারআপ হয়েছিলেন, তখন কী মনে হয়েছিল?
খারাপ লেগেছে। কিন্তু আমার বিশ্বাস ছিল, কিছু একটা পাব। অল্প কয়েক দিনে যে ভাগ্যের এত বড় পরিবর্তন আসবে তা ভাবিনি।

পড়াশোনার খবর বলুন। 
সাউথ পয়েন্ট স্কুলে পড়েছি। প্রাইভেট থেকে ও লেভেল করেছি। এখন এ লেভেল করছি।

আপনার পরিবার?
আমার দাদাবাড়ি পুরান ঢাকায়। নানাবাড়ি যশোর। আমরা এক ভাই এক বোন। আমি ছোট।

বাংলাদেশের শোবিজ অঙ্গনে আপনার পছন্দের মানুষ কে? 
অনেকেই আছেন। একজনের নাম বলা মুশকিল। সুবর্ণা মুস্তাফা আমার খুব পছন্দের। তাঁর অভিনয় খুব ভালো লাগে।

নাটক, সিনেমা দেখেন? 
দেখি। অনেকের অভিনয় ভালো। একজনের নাম নিতে চাই না।