>তিন দশকের বেশি সময় ধরে গান গাইছেন জেমস। এই সময়ের ভেতর তাঁর বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সাত বছর ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশিত না হলেও সিনেমায় যথাবিরতিতে গাইছেন জনপ্রিয় এই ব্যান্ড তারকা। শোনা গেছে, সম্প্রতি নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন জেমস। মুঠোফোনে পাঁচ মিনিটের সেই আলাপে নতুন গান, সংগীতের বর্তমান অবস্থা, নিজের অন্যান্য ব্যস্ততা ও জন্মদিন নিয়ে কথা বলেন তিনি।

শুনলাম আপনার নতুন গান প্রকাশিত হচ্ছে। সেটার অগ্রগতি কত দূর?
খুব বেশি দূর এগোতে পারিনি। অনেক কিছুই রেডি আছে। স্টেজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে স্টুডিওতে নতুন গান নিয়ে বসার সময়ই পাচ্ছি না। নতুন গান তৈরি করতে হলে স্টুডিওতে অনেক সময় দিতে হয়। যখনই ভাবি, তখনই শোর ডাক পড়ে যায়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন গান বানানো সম্ভব হচ্ছে না।
ঈদুল আজহায় ‘উইন্ড অব চেঞ্জ’ নামে একটি অনুষ্ঠানে আপনাকে গান গাইতে দেখা গেছে। দেশ-বিদেশের যন্ত্রশিল্পীদের সমন্বয়ে গান বাংলার এমন আয়োজন সম্পর্কে কিছু বলুন।
এটা নতুন একটা ভাবনা। এ রকম নতুন ভাবনা নিয়ে এখন আমাদের দেশে কিছু কাজ হচ্ছে। আর নতুন ভাবনা নিয়ে যদি কেউ কাজ করে, সেটাকে অবশ্যই প্রশংসা করতে হবে।
বাংলাদেশের সংগীতের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
শুধু আমার দেশের না, পৃথিবীর সব মিউজিকই কোথায় যে যাচ্ছে, তা আমি বুঝতে পারছি না। সারা দুনিয়ায় মিউজিকের অবস্থা এখন অনেক বেশি অস্থিতিশীল। এখন আর কোনো অরগানিক মিউজিক শোনা যাচ্ছে না। সবই প্লাস্টিক মিউজিক হয়ে গেছে।
প্লাস্টিক মিউজিক মানে?
যেটা বলেছি ওটাই তুমি লেখো, তাহলে সবাই বুঝতে পারবে ‘প্লাস্টিক মিউজিক’ বলতে আমি কী বোঝাতে চেয়েছি।
আপনাকে ইদানীং ফটোগ্রাফি নিয়েও ব্যস্ত থাকতে দেখা যায়।
(হাসি) না, তেমন আর কই। ফটোগ্রাফি শুধুই আমার শখ। কোনো একদিন হয়তো ছবিগুলো নিয়ে প্রদর্শনীও করতে পারি।
এখন অনেকে ইউটিউবে গানের ভিউ নিয়ে বেশ মাতামাতি করছেন। এই বিষয়টা আপনার কাছে কেমন?
এসবের আমি কিছুই জানি না। ইউটিউব-টিউটিউবেও আমি ঢুকি না। ওসব আমার ভাবনায়ও আসে না। আমি গানের কাজটাই ঠিকমতো করে যাচ্ছি। আমি মনে করি, গান ঠিক হলে আপন গতিতে তা শ্রোতাদের কাছে পৌঁছোবেই।
রোববার আপনার জন্মদিন...
জন্মদিন নিয়ে আমার আলাদা কোনো ভাবনা কাজ করে না। আমি উদ্যাপনও করি না। ভক্তরা আসে, শুভেচ্ছা জানায়। এটা ভালো লাগে।
শ্রোতাদের উদ্দেশে কিছু বলুন।
বরাবরই যা বলে এসেছি আজও তাই বলব, ‘ভালোবাসো, ভালোবেসে যাব।’
সাক্ষাৎকার মনজুর কাদের