'সাত বছর পর অ্যালবাম বেরিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস আই টুটুল। সংগীতশিল্পী। ধ্রুবতারা নামে তাঁর একটি ব্যান্ড রয়েছে। এবার ঈদে এস আই টুটুলের নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। নাম নীলকষ্ট। বাজারে এনেছে সংগীতা। কথা হলো তাঁর সঙ্গে।

এস আই টুটুল
এস আই টুটুল

অনেক দিন পর আপনার অ্যালবাম বেরিয়েছে?
আমার শূন্য অ্যালবামটি প্রকাশিত হয় ২০০৬ সালের শেষ দিকে। সেই হিসাবে সাত বছর পর আমার অ্যালবাম বেরিয়েছে। এই অ্যালবামের সব কটি গানের সংগীতায়োজন করেছে জেকে।
কিছুদিন আগে বলেছিলেন, আপনি আর নিজের একক অ্যালবাম প্রকাশ করবেন না।
হ্যাঁ। কিন্তু নীলকষ্ট অ্যালবামের কাজ শুরু করেছিলাম ২০০৯ সালে। গানগুলোর ধরন সেই অর্থে ব্যান্ড ঘরানার না। এ বিষয়ে ব্যান্ডের সব সদস্যের সঙ্গে আলাপ করেছি। তাঁরা আমাকে নীলকষ্ট একক অ্যালবাম হিসেবে প্রকাশ করার পরামর্শ দিয়েছে।
একক অ্যালবাম প্রকাশ অব্যাহত থাকবে?
এভাবে বলা মুশকিল। হতেও পারে, আবার নাও হতে পারে।
‘নীলকষ্ট’ অ্যালবামে কি শুধুই কষ্ট আছে?
আমার কণ্ঠে স্যাড-রোমান্টিক গান নাকি বেশি মানায়। সেই বিষয়টা মাথায় রেখে অ্যালবােমর কাজ করেছি। এখানে স্যাড-রোমান্টিক ঘরানার পাশাপাশি লোকজ ও আধুনিক কিছু গান থাকছে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
ধ্রুবতারার অ্যালবাম কবে আসবে?
আশা করছি কোরবানির ঈদে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।
ঈদের কেনাকাটা কেমন হলো?
আমি এই জায়গাটাতে ব্যর্থ বাবা। ঈদে আমার পরিবারের সব কেনাকাটা তানিয়া নিজেই সেরে নেয়। ইদানীং কেনাকাটা করতে গেলে আমার মাথা ঠিক থাকে না। সবকিছুর দাম এত বেশি! তানিয়াকে স্যালুট, সে মাথা ঠান্ডা রেখে সব কাজ সুন্দরভাবে সারতে পারে।
আপনার স্কুলের খবর কী?
গান গেয়ে আমি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এরপর মনে হলো, সমাজের জন্য আমি কী করলাম? আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষা। এখানে আমরা এখনো অনেক পিছিয়ে। সেই ভাবনা থেকে বছর খানেক আগে উত্তরায় ‘অল সেইন্টস ইউকে ইন্টারন্যাশনাল স্কুল’ নামে একটি স্কুল খুলেছি। কাজটি করতে পেরে সত্যিই আমি অনেক বেশি আনন্দিত।