'সুর ছাড়া পৃথিবী বোবা, লয় ছাড়া পৃথিবী পাগল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়াজ মোহাম্মদ চৌধুরী
নিয়াজ মোহাম্মদ চৌধুরী
আজ বিশ্ব সংগীত দিবস। বাংলাদেশসহ বিশ্বের ১০৮টি দেশে দিবসটি উদ্‌যাপন করা হয়। ফ্রান্সে বহু বছর ধরে চলে আসা দেশটির ঐতিহ্যবাহী সংগীত উৎসব ১৯৮২ সালে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে রূপ নেয়। এ উপলক্ষে বিনোদন পাতাটি আমরা সাজিয়েছি সংগীত অঙ্গনের খবর ও তারকাদের কথা দিয়ে। দেশের সংগীতচর্চা নিয়ে কথা বলেছেন শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী । সাক্ষাৎকার নিয়েছেন: কবির বকুল

আজ বিশ্ব সংগীত দিবস। আপনি কীভাবে দেখছেন?

আসলে আমরা উপলক্ষ তৈরি করি লক্ষ্যে পৌঁছানোর জন্যই হয়তো। মনে করিয়ে দেওয়ার জন্যই হোক, আর মনে থাকার জন্যই হোক, একটি দিন এলেই এই যে আমাদের চেতনা জাগ্রত হয়, তাতেই–বা মন্দ কী। যদিও আমার চোখে বিশ্ব সংগীত দিবস বলে আলাদা করে দেখার কিছু নেই। যতটুকু বুঝি, ‘সুর ছাড়া পৃথিবী বোবা, লয় ছাড়া পৃথিবী পাগল’। লয় ঠিক না থাকলে গন্ডগোল বাধবেই। তারপরও যাঁরা সংগীত ভালোবাসেন, তাঁদের গতিশীল করতে বিশ্বব্যাপী একটি দিন পালন। তাই আমিও সুর মেলাই তার সঙ্গে। বলি, সংগীত এগিয়ে যাক তার আপন গতিতে।

আমাদের দেশে সংগীতচর্চার জায়গায় আমরা কতটুকু এগিয়েছি?

এ দেশ তো রাজা-সামন্তর দেশ ছিল না। সব সময় নিষ্পেষিত ছিলাম। পাশের দেশে সংগীতচর্চার ক্ষেত্র বিশাল। সেই তুলনায় আমাদের চর্চাটা অনেক পিছিয়ে। তবু বলব ভালোই এগিয়েছে। কিন্তু গুণগত মান কি উচ্চমার্গীয়? এই প্রশ্নটা আমার মধ্যেই বারবার এসেছে। কখনো কখনো মনে হয়েছে, আমরা গুণগত মানের পেছনে না ছুটে সংখ্যার পেছনেই ছুটছি বেশি। কিন্তু যেকোনো সংগীত, সেটা যেকোনো ভাষারই হোক, যদি উচ্চমার্গীয় না হয়, তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবেই।

একজন শিল্পীর জন্য কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত বলে মনে করেন?

যাঁরা গান করেন, তাঁদের তিনটি বিষয় জানা অবশ্যই প্রয়োজন। আওয়াজ, আন্দাজ ও রেওয়াজ। প্রথমে কণ্ঠস্বর কেমন। তারপর কণ্ঠ গানের উপযোগী কি না এবং নিয়মিত কণ্ঠচর্চা করা, যার কোনো বিকল্প নেই।

আপনার নিজের জায়গা থেকে যদি জানতে চাই, সংগীত সাধনায় আপনার প্রাপ্তি কতটুকু?

আমি এখনো সাধনা করে যাচ্ছি, যা খুঁজছি, তা কি পাচ্ছি বা পেয়েছি—এই প্রশ্ন আমাকে তিরবিদ্ধ করে। আমি ভেতরে ভেতরে রক্তাক্ত হই, কিন্তু উত্তর পাই না। তবে গুরুজনদের কাছ থেকে একটি শিক্ষা পেয়েছি, সেটাই ধারণ করে সাধনা করে যাচ্ছি। তাঁরা বলেছেন, বেশি বেশি শুনবে, সেটা যে ভাষারই হোক, হোক মারফতি-জারিসারি, পাশ্চাত্য, খেয়াল বা ঠুমরি। যেহেতু সংগীতের সীমানা নেই, তাই শুনে শুনে আত্মস্থ করার চেষ্টা করছি এখনো।

সম্প্রতি আপনি ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে দুটি গান করেছেন, সে সম্পর্কে বলেন।

বিশ্ব সংগীত দিবসে এটাও নির্দিষ্ট করে বলার মতো বটে। কারণ ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে আমার সঙ্গে বাজিয়েছেন বিভিন্ন দেশের যন্ত্রশিল্পীরা। এর মধ্যে একজন আমেরিকান, দুজন রাশিয়ান, একজন ভারতের। তাঁদের যন্ত্রানুষঙ্গে আমি দুটি গান করেছি ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ আর ‘প্রেম যেন এক প্রজাপতি’। এই প্রতিভাবান যন্ত্রশিল্পীরা আমার গানের সঙ্গে যেভাবে বাজিয়েছেন, তা মুগ্ধ করার মতো। গান দুটি নতুন পরিবেশনায় দর্শক-শ্রোতারা আসন্ন ঈদে দেখতে পারবেন গানবাংলা চ্যানেলে।