'স্বপ্ন দেখতাম ফিরে আসব স্বাধীন বাংলাদেশে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকার পাঁচটি অনুষ্ঠানে গাইবেন তিনি। মুক্তিযুদ্ধের সময়ের গল্প ও আজকের অনুষ্ঠান নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

শাহীন সামাদ
শাহীন সামাদ

মুক্তিযুদ্ধের সময়টা কেমন ছিল?
তখন আমার বয়স খুব বেশি ছিল না। তবে সাহসিকতার দিক থেকে বেশ এগিয়ে ছিলাম। ২০ এপ্রিল আমি ঢাকা ছাড়ি। আগরতলা হয়ে কলকাতা যাই ২৩ এপ্রিল। ওখানে গিয়ে জানতে পারলাম ১৪৪ নম্বর লেনিন সরণিতে বুদ্ধিজীবী ও সাহিত্যিক দীপেন বন্দ্যোপাধ্যায়ের বাসায় ‘বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা’ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। সেখানে সৈয়দ হাসান ইমাম, মুস্তাফা মনোয়ার, আলী যাকের, বিপুল ভট্টাচার্য, বুলবুল মহলানবীশ, লতা চৌধুরীসহ অনেকের সঙ্গে দেখা হয়। তখন নিজেকে একা মনে হয়নি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সময়টা মনে পড়ে?
তত দিনে গানে আমার একটা পরিচিতি হয়ে গেছে। এরপর একদিন সমরদা (সমর দাস) ডাকলেন। বালিগঞ্জে আমরা গেলাম। সেদিন একসঙ্গে আমরা আটটি গান রেকর্ড করেছিলাম। এর পরেরবার যখন গিয়েছিলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমরা জাতীয় সংগীত গেয়েছিলাম।
বাসা থেকে অনুমতি পেলেন?
আমার মা আমাকে সব সময় চোখে চোখে রাখতেন। মাকে কষ্ট দিয়েই আমি কলকাতা চলে যাই। নিজে মা হওয়ার পর বুঝেছি মায়ের কষ্ট কেমন। অনেকেই পরিবারসহ গেছে, আর আমি মাকে বিপদে ফেলে একাই গিয়েছি। তবে আমি স্বপ্ন দেখতাম ফিরে আসব স্বাধীন বাংলাদেশে।
নতুন প্রজন্মের উদ্দেশে কিছু বলবেন?
স্বাধীনতার ৪৫ বছরে আমরা অনেক উন্নয়ন করেছি। রয়ে গেছে কিছু সমস্যা। নিজেদের কাজের প্রতি সৎ হতে হবে। আমার বিশ্বাস, তরুণ প্রজন্ম অনেক দূর এগিয়ে যাবে। তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরে ওদের সমৃদ্ধ করতে হবে।
সাক্ষাৎকার: মনজুর কাদের