হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবর, আসল ঘটনা
সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝরাতের একটি খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে—কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার আর নেই। ফেসবুক ও টিকটকে একের পর এক পোস্ট, শোকবার্তা আর বিভ্রান্তিকর তথ্য দেখে দুশ্চিন্তায় পড়েন তাঁর ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা।
অথচ কয়েক দিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ এমন খবর এল কীভাবে—প্রশ্ন উঠতে থাকে সবার মধ্যে। অবশেষে সোমবার সকালে বিষয়টি স্পষ্ট করেন অভিনেতা শামীম হোসেন। হাসপাতাল থেকেই ফেসবুক লাইভে এসে তিনি জানান, হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।
হারুন কিসিঞ্জার অনেক দিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে তিনি বাসায় চলে যেতে পারবেন।
শামীম জানালেন, হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত কয়েক দিনের তুলনায় এখন তিনি অনেকটা সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে, আজ সোমবার দিনের যেকোনো সময়ে তিনি বাসায় যাওয়ার অনুমতি পাবেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁদের মতে, কিছু অসাধু ও সস্তা ভিউ–লোভী মানুষ মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা বলেও জানিয়েছেন তাঁরা।
নব্বইয়ের দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাঁকে দেখা গেছে। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তাঁর হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে।