একতরফা প্রেমের সেই গল্প এখনো ৭ নম্বরে, ‘স্পাইডার-ম্যান’ কত নম্বরে

পছন্দের সিনেমা-সম্পর্কিত তথ্য জানতে দর্শকেরা সবার আগে আইএমডিবিতে যান। এটি অনলাইনভিত্তিক একটি ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায় এখানে। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজের ওপর ভিত্তি করে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। জনপ্রিয় এই চলচ্চিত্রভিত্তিক ওয়েবসাইটে ‘ফ্যান ফেবারিট’-এর তালিকায় এ সপ্তাহের শীর্ষে থাকা সিনেমা ও সিরিজ সম্পর্কে জেনে নিতে পারেন।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পোস্টার

১. ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
তালিকার শীর্ষে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত নতুন এই স্পাইডার-ম্যান সিনেমা মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে। ছবিতে পিটার পার্কার একাকী জীবন যাপন করলেও নতুন এক বিপজ্জনক শত্রুর আবির্ভাব তাঁর জীবনকে আবারও বদলে দেয়। ছবিটি বক্স অফিসেও দুর্দান্ত সাড়া পাচ্ছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.১।

‘দ্য অডিসি’ সিনেমার পোস্টার

২. ‘দ্য অডিসি’
২ নম্বরে ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’। ট্রয় যুদ্ধের পর ইথাকায় ফেরার পথে ভয়ংকর সব বিপদের মুখোমুখি হন অডিসিয়ুস। পথে তাঁর দেখা হয় সাইক্লপস পলিফেমাস, সাইরেন ও ক্যালিপসোর মতো চরিত্রের সঙ্গে। নোলানের এই সিনেমাও বিশ্বব্যাপী দর্শকের ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এটি ফ্যান ফেবারিটের তালিকায় ২ নম্বরে রয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৫।

৩. ‘দ্য লাস্ট হাউস’
৭ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য লাস্ট হাউস’। এটি ৩ নম্বরে রয়েছে। সিনেমাটির গল্প চার সদস্যের একটি পরিবারকে ঘিরে। হঠাৎ তারা নিজেদের বাড়ির ভেতরে আটকা পড়ে যায়। বাইরে যাওয়ার কোনো পথ নেই। খাবার ও প্রয়োজনীয় সামগ্রীও দ্রুত ফুরিয়ে আসতে থাকে। বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি রহস্যই সিনেমাটির অন্যতম আকর্ষণ। সিনেমাটির আইএমডিবি রেটিং ৫.৮।

৪. ‘হাউস অব দ্য ড্রাগন’
জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’ রয়েছে চতুর্থ স্থানে। ‘গেম অব থ্রোনস’-এর প্রায় দুই শতাব্দী আগের সময়ের গল্প এটি। টারগেরিয়ান পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব ও সিংহাসন দখলের লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটি। আইএমডিবিতে সিরিজটির রেটিং ৮.৩।

টেড ল্যাসো সিরিজের একটি দৃশ্য
ছবি: আইএমডিবি

৫. ‘টেড ল্যাসো’
পঞ্চম স্থানে রয়েছে ‘টেড লেসো’। একজন আমেরিকান ফুটবল কোচকে ইংল্যান্ডের একটি সমস্যাগ্রস্ত ফুটবল ক্লাবের দায়িত্ব দেওয়া হয়। খেলাধুলার পাশাপাশি হাস্যরস, বন্ধুত্ব ও মানুষের সঙ্গে সম্পর্কের গল্প এই সিরিজের মূল আকর্ষণ। আইএমডিবিতে এর রেটিং ৮.৭।

৬. ‘স্টার্লিং পয়েন্ট’
ছয় নম্বরে রয়েছে ‘স্টার্লিং পয়েন্ট’। নতুন এই সিরিজটি ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে এর রহস্য ও চরিত্রনির্ভর গল্পের কারণে। আইএমডিবির জনপ্রিয়তার তালিকায় জায়গা করে নেওয়ায় সিরিজটি এখন দর্শকের নজরে। সিরিজটির আইএমডিবি রেটিং ৭.৩।

৭. ‘অবসেশন’
গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির পরই ঝড় তোলে হরর সিনেমা ‘অবসেশন’। সম্পর্ক, আকর্ষণ ও মানসিক টানাপোড়েনকে ঘিরে নির্মিত এই থ্রিলারধর্মী সিনেমাটি মুক্তির পর দর্শকের আগ্রহ তৈরি করেছে। এখানে উঠে এসেছে একতরফা প্রেমের গল্প। এটি এখনো ৭ নম্বরে রয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৯।

আরও পড়ুন
‘সাইলো’ সিনেমার পোস্টার

৮. ‘সাইলো’
৮ নম্বরে রয়েছে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘সাইলো’। রহস্যময় এক ভূগর্ভস্থ স্থাপনায় বসবাসকারী মানুষের জীবনকে কেন্দ্র করে এর গল্প। বাইরের পৃথিবী নিয়ে নানা প্রশ্ন ও গোপন তথ্যের সন্ধান সিরিজটির মূল আকর্ষণ। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.১।

৯. ‘প্রাইমটাইম’
৯ নম্বরে ‘প্রাইমটাইম’। সাম্প্রতিক সময়ে আইএমডিবির জনপ্রিয়তার তালিকায় মুক্তির আগেই জায়গা করে নিয়েছে সিনেমাটি। আইএমডিবির সাম্প্রতিক প্রতিবেদনের শিরোনামেও ‘প্রাইমটাইম’-এর জনপ্রিয়তার কথা উঠে এসেছে। এর গল্পে দেখা যাবে, ২০০৬ সালে ‘টু ক্যাচ আ প্রিডেটর’ অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস হ্যানসেন টেলিভিশনের ইতিহাসে নতুন এক নজির গড়ার লক্ষ্যে একটি বিশেষ অভিযানে নামেন।

১০. ‘ফিউরিয়াস’
তালিকার দশম স্থানে ‘ফিউরিয়াস’। হরর ও থ্রিলার ঘরানার এই সিরিজে এমন এক রহস্যময় চরিত্রকে ঘিরে গল্প, যার উপস্থিতি অন্যদের জীবনে ভয়ংকর পরিবর্তন নিয়ে আসে। হুলুতে মুক্তি পাওয়া সিরিজটির আইএমডিবি রেটিং ৭.৬।