নতুন পরিচয়ে চেনাতে চান

ক্যামিলা মেন্ডেসছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের আলোচিত সিরিজ রিভারডেইল–এ ভেরোনিকা লোডজে চরিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া পরিচিতি পান ক্যামিলা মেন্ডেস। কিছুদিন আগেই ষষ্ঠ সিজন প্রচারের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই সিরিজ। যেকোনো সিরিজ জনপ্রিয় হলেই অভিনয়শিল্পীদের নাম বলার সময় অবধারিতভাবেই চলে আসে সেই সিরিজের চরিত্রের নাম। ক্যামিলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে তিনি গা থেকে ‘রিভারডেল অভিনেত্রী’ তকমা ঝেড়ে ফেলতে চান। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিরিজটি সবারই খুব প্রিয়। আমাকে ওই সিরিজের অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলে গর্বিত হই। তবে বাস্তবতা হলো সিরিজটি শেষ। ব্যাপারটা মন খারাপ করার মতো হলেও এটিই সত্যি। আমাদের এখন সামনে তাকাতে হবে।’

দিন কয়েক হলো ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ক্যামিলা মেন্ডেস
ছবি: সংগৃহীত

বছর পাঁচেক ধরে সিরিজটিতে ব্যস্ততার কারণে অন্য কাজে মন দিতে পারেননি অভিনেত্রী। ‘মুক্ত’ হয়ে তাই এখন নানা ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান, অভিনেত্রী হিসেবে নিজের পরীক্ষা নিতে চান তিনি। ক্যামিলা বলেন, ‘যেকোনো সৃজনশীল শিল্পীই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকেন, চান নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে নিতে। আমিও ক্যারিয়ারের পরের ধাপে যেতে উদ্‌গ্রীব হয়ে আছি।’ আগ্রহ থাকলেও সিরিজটির কারণে তিনি এত দিন সিনেমায় সেভাবে কাজ করতে পারেননি। এবার তিনি পুরোপুরি সুযোগটি নিতে চান।

দিন কয়েক হলো ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ক্যামিলা মেন্ডেস। রিভারডেইল সহকর্মী চার্লস মেলডনের সঙ্গে বিচ্ছেদের পর এখন জনপ্রিয় ইউটিউবার রুডি ম্যানকুসোর সঙ্গে প্রেম করছেন তিনি। দিন কয়েক আগে নিউইয়র্কের সমুদ্রসৈকতে একসঙ্গে নতুন বছর উদ্‌যাপন করেছেন তাঁরা।

ক্যামিলা মেন্ডেস
ছবি: সংগৃহীত

দুজনের ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নতুন প্রেম নিয়ে অবশ্য লুকোছাপা করেননি ক্যামিলা। গত বছরের নভেম্বর মাসে একসঙ্গে দুজনের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘লাইফ আপডেট।’