অস্কারের আগে বড় সুখবর, এগিয়ে গেল ডিক্যাপ্রিওর সিনেমা

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও। আইএমডিবি

ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে (ডিজিএ) সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। গতকাল শনিবার রাতে বেভারলি হিলসে অনুষ্ঠিত ৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ডসে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য এ পুরস্কার পান টমাস। এ পুরস্কারকে অস্কারের সেরা পরিচালকের পুরস্কারের অন্যতম নির্ভরযোগ্য পূর্বাভাস হিসেবে ধরা হয়। ফলে এই জয় তাঁকে এবারের অস্কার–দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে দিল।

পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে পল টমাস তাঁর প্রয়াত সহকারী পরিচালক অ্যাডাম সোমনারকে স্মরণ করেন। ২০২৪ সালে মারা যাওয়া সোমনারের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা ও তাঁর অবদান নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যান্ডারসন। নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন ‘ওয়ান ব্যাটল’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। পুরস্কার গ্রহণের সময় পল টমাস অ্যান্ডারসন বলেন, ‘এটি সত্যিই একটি বিশাল সম্মান। আমরা এটি গ্রহণ করব সেই ভালোবাসা এবং এখানে উপস্থিত সব কমরেডকে নিয়ে।’
পল টমাস অ্যান্ডারসনের ছবিটি নির্মিত হয়েছে একজন সাবেক বিপ্লবীকে কেন্দ্র করে। লাপাত্তা হয়ে যাওয়া বিপ্লবীকে আবার মাঠে নামতে হয়; কারণ, নিজের কিশোরী মেয়েকে বাঁচাতে হবে। এভাবেই প্রকাশ্যে আসে তাঁর গোপন অতীত।

গোল্ডেন গ্লোবে পুরস্কার হাতে পল টমাস অ্যান্ডারসন। এএফপি

এ পুরস্কার প্রথাগতভাবে অস্কারের সেরা পরিচালকের ফলাফলের প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিতে দেখানো হয়েছে এমন এক যুক্তরাষ্ট্রকে, যেখানে শ্বেতাঙ্গরা ষড়যন্ত্র করে, অভিবাসী সম্প্রদায় লক্ষ্য করে অভিযান চলে এবং বিপ্লবী গোষ্ঠী অস্ত্র হাতে আন্দোলন গড়ে তোলে; যার অনেক কিছুই এ সময়ের যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যায়।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও। আইএমডিবি

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতিমধ্যে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস ও গোল্ডেন গ্লোবসে স্বীকৃতি অর্জন করেছে। অস্কারে ১৩টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি। ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে ২২ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২০ জনই পরবর্তী সময়ে অস্কারে সেরা পরিচালক হয়েছেন। গত কয়েক বছরে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’, ‘ওপেনহেইমার’, ‘আনোরা’র ক্ষেত্রেও এটা হয়েছে।

আরও পড়ুন

টেলিভিশন বিভাগে সেরা ড্রামা সিরিজের পরিচালনার পুরস্কার পেয়েছেন ‘দ্য পিট’-এর আমান্ডা মারসালিস। কমেডি বিভাগে জয় পেয়েছেন সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও)। রোগেন ও গোল্ডবার্গ এ পুরস্কার উৎসর্গ করেন প্রয়াত অভিনেত্রী ক্যাথরিন ও’হারাকে।

তথ্যচিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন অস্কারজয়ী ইউক্রেনীয় নির্মাতা ও সাংবাদিক মস্তিস্লাভ চেরনভ। তাঁর তথ্যচিত্র ‘টু থাউজেন্ড মিটারস টু আনদ্রিভকা’তে উঠে এসেছে ইউক্রেনের একটি গ্রামের গল্প। রাশিয়ার দখল থেকে মুক্ত হওয়ার পর গ্রামটিতে যুদ্ধের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন নির্মাতা।

এএফপি অবলম্বনে