নিজের মতো হওয়ার স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ২৭ সেপ্টেম্বর ৫০-এ পা দিয়েছেন গিনেথ প্যালট্রো
ছবি : সংগৃহীত

১৯৯৮ সালে মাত্র ২৬ বছর বয়সে অস্কার জেতেন। এরপর পেরিয়ে গেছে দুই যুগ। গতকাল ২৭ সেপ্টেম্বর ৫০-এ পা দিয়েছেন গিনেথ প্যালট্রো। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অস্কারজয়, ৫০তম জন্মদিনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
এত কম বয়সে অস্কার পাওয়ার স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী বলেন, ‘ভাবতে গেলে এখন অবিশ্বাস্য মনে হয়। তখন পুরস্কার পাওয়ার পর মনে হয়েছিল, এখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। তবে ওই বয়সে এমন স্বীকৃতি পেলে সবার মনোযোগের কেন্দ্রে থাকতে হয়, আতশ কাচের নিচে থাকতে হয়। তখন আপনার মনে হবে, পরে যা কিছুই করেন না কেন, জিততে পারবেন না।’

২৬ বছর বয়সে অস্কার জেতেন গিনেথ প্যালট্রো
ছবি : সংগৃহীত

৫০-এ পা দিয়ে প্যালট্রো এ প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘সময় যে কীভাবে চলে গেল, বুঝতেই পারলাম না। একজন নারী হয়ে আপনি যখন ৫০ স্পর্শ করবেন, তখনই শুধু নিজের মতো জীবনযাপন করতে পারবেন। মানুষ আপনার কাছে কী প্রত্যাশা করে, এই ভাবনা আর মাথায় থাকবে না।’ ৫০ বছর বয়সের মাইলফলক স্পর্শ করে পেছনের ভুলত্রুটি নিয়ে মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী, ‘আমি অতীতে ফেরা পছন্দ করি না, অতীতের ভুল শোধরাতেও না।’

কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত প্যালট্রো
ছবি : সংগৃহীত

অ্যাপল ও মোজেস নামের দুই সন্তানের জননী প্যালট্রো। ২০১৬ সালে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে বিচ্ছেদের পর ব্র্যাড ফ্যালচাককে বিয়ে করেন তিনি।

আরও পড়ুন

কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত প্যালট্রো। নিজের ব্যবসা নিয়েই এখন তাঁর ব্যস্ততা বেশি। ২০০৮ সালে চালু করেন লাইফস্টাইল ব্র্যান্ড। এরপর গত এক যুগে প্যালট্রো হয়ে উঠেছেন অন্যতম সফল উদ্যোক্তা। তাঁর কোম্পানির উত্থান নিয়ে নেটফ্লিক্স তথ্যচিত্রও প্রচার হয়েছে।