বিয়ের ভুয়া ছবি নিয়ে তোলপাড়
হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া বিয়ে করেছেন। খবরটি প্রকাশ্যে আনলেন জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ। সম্প্রতি অ্যাক্টর অ্যাওয়ার্ডসের লালগালিচায় ‘অ্যাক্সেস হলিউড’-এর সঙ্গে কথা বলতে গিয়ে ল রোচ বলেন, ‘বিয়েটা হয়ে গেছে। তোমরা মিস করেছ।’ প্রতিবেদক যখন বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘এটা কি সত্যি?’ তখন হাসতে হাসতেই রোচ নিশ্চিত করেন, ‘হ্যাঁ, একদম সত্যি।’ তবে বিয়ে নিয়ে টম বা জেনডায়ার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা এখানেই শেষ নয়, দিন কয়েক আগেই দুই তারকার বিয়ের ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে জেনডায়া বললেন, ‘সবই ভুয়া’।
টম হল্যান্ড ও জেনডায়া এই সময়ে বিশ্বজুড়ে আলোচিত তারকা জুটির একজন। স্বভাবতই তাঁদের ছবি ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। অনেকে তাঁদের অভিনন্দন জানাতে থাকেন। জেনডায়া নিজেই জানান, বাইরে বের হলে মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন এই বলে, ‘তোমার বিয়ের ছবি দারুণ হয়েছে!’ তখন তিনি হেসে জবাব দেন, ‘এগুলো এআই, বাস্তব নয়।’
সবচেয়ে অবাক করার বিষয়, শুধু ভক্ত নয়, তাঁর পরিচিত অনেকেই এই ছবিগুলো সত্যি ভেবেছিলেন। এমনকি কেউ কেউ নাকি দাওয়াত না পাওয়ায় রাগও করেছিলেন! কোথা থেকে এল এই গুজব?
এই এআই-তৈরি ছবিগুলোয় দেখা যায়, ইতালির লেক কোমোর মতো লোকেশনে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এমনকি অতিথি তালিকায় দেখানো হয় রবার্ট ডাউনি জুনিয়ার, টোবি ম্যাগুইয়েরে, অ্যান্ড্রু গালফিল্ড ও জেক গিলেনহালর মতো তারকাদেরও!
অনেক পোস্টে যদিও ‘এআই দিয়ে তৈরি’ লেখা ছিল, কিন্তু বেশির ভাগ দর্শক সেটি খেয়াল করেননি। গুজব আরও বাড়ায় অন্য ঘটনা
এর আগে জেনডায়ার স্টাইলিস্ট মন্তব্যের পর ফ্যাশন শোতে জেনডায়ার হাতে আংটি দেখা যাওয়ার পর বিয়ের খবর আরও বিশ্বাসযোগ্যতা পায়।
এদিকে টম ও জেনডায়া দুজনেই ব্যস্ত নতুন কাজ নিয়ে। গতকাল বুধবারই মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ট্রেলার। এ ছবিতে আবার পর্দায় জুটি হিসেবে দেখা যাবে দুজনকে। এ ছাড়া জেনডায়ার আলোচিত প্রকল্পের মধ্যে আছে ‘ইউফোরিয়া’র নতুন কিস্তি, ‘ডিউন ৩’ ও ‘দ্য ওডিসি’।
বিবিসি অবলম্বনে