‘আলঝেইমার হওয়ার ঝুঁকি এখন আমার জীবনের সবচেয়ে বড় ভয়’

ক্রিস হেমসওর্থইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দায় ‘থর’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন ক্রিস হেমসওয়ার্থ। সেই থর, যার কাছে অসম্ভব জিনিস কমই আছে। বাস্তবের ক্রিসও কম যান না। চরিত্রের প্রস্তুতির জন্য হেন শারীরিক ও মানসিক কষ্ট নেই, যা তিনি না সয়েছেন। তবে হলিউডের অন্যতম শীর্ষ এই তারকা অভিনয় দুনিয়ায় নিজেকে সীমিত করে নিচ্ছেন। ভবিষ্যতে আলঝেইমার হওয়ার ঝুঁকি তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। খবর পেজ সিক্সের।
২০২১ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যচিত্র সিরিজ ‘লিমিটলেস’-এর শুটিংয়ের সময় বেশ কিছু জেনেটিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় ক্রিস হেমসওয়ার্থকে। তখনই এই অস্ট্রেলিয়ান অভিনেতা জানতে পারেন, ভবিষ্যতে তাঁর আলঝেইমার হওয়ার ঝুঁকি আছে।

এরপর নিজের জীবনের গতিপথ বদলে ফেলার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে গত নভেম্বরে ‘ভ্যানিটি ফেয়ার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আলঝেইমার হওয়ার ঝুঁকি এখন আমার জীবনের সবচেয়ে বড় ভয়।’

ক্রিস হেমসওর্থ
রয়টার্স

ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই মৃত্যু নিয়ে কথা বলতে চান না। ভাবেন, কোনো না কোনোভাবে এটা এড়ানো যাবে অথবা কিছু একটা উপায় করা যাবে। আর যখন হঠাৎই এমন কোনো লক্ষণ সামনে আসে, যা আপনাকে চরম পরিণতির দিকে ঠেলে দেবে, তখন আপনার মনোবল ভেঙে যায়।’ অভিনেতার নানা ছিলেন আলঝেইমার রোগী, তবে তাঁর সম্পর্কে খুব বেশি কিছু মনে নেই ক্রিসের।

ক্রিস হেমসওয়ার্থের হাতে এখন মুক্তির অপেক্ষায় থাকা চারটি প্রজেক্ট আছে। যার দুটি হলো ‘অ্যাভেঞ্জার্স’-এর সিকুয়েল, নাম ঠিক না হওয়া হাল্ক হোগানের বায়োপিক। সূত্রমতে, এসব কাজ শেষ হলে খুব ভেবেচিন্তে প্রজেক্ট হাতে নেবেন। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অভিনয় থেকে অবসরের কথা ভাবছেন ক্রিস। আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে, অবসর না নিলেও হাতেগোনা কয়েকটি কাজ করবেন তিনি।

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ক্রিস কী সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে পেজ সিক্স চেষ্টা করেও তাঁর প্রতিনিধির মন্তব্য জানতে পারেনি। এ প্রসঙ্গে আগে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, চুক্তিবদ্ধ হওয়া কাজগুলো শেষ করে স্ত্রী–সন্তানের সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করবেন তিনি।

ছবির শুটিংয়ে নাটালি পোর্টম্যান ও ক্রিস হেমসওয়ার্থ
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

ক্রিস হেমসওয়ার্থ ও এলসা পাটাকি দম্পতির তিন সন্তান। প্রথমজন ১০ বছর বয়সী ইন্ডিয়া, অন্য দুজন ৯ বছর বয়সী যমজ ত্রিস্তান ও সাশা। ক্রিস হেমসওয়ার্থকে শেষবার পর্দায় দেখা যায় গত বছর ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায়।