চলে গেলেন টম সিজমোর
দুই সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কয়েক দিন আগেই চিকিৎসক তাঁর পরিবারকে জানিয়ে দিয়েছিলেন, অভিনেতার বাঁচার আশা নেই। চিকিৎসকের কথাই সত্য হলো। চলে গেলেন হলিউড অভিনেতা টম সিজমোর। ‘সেভিং প্রাইভেট রায়ান’খ্যাত অভিনেতা গতকাল শুত্রুবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর সিএনএনের
৬১ বছর বয়সী এ অভিনেতা ব্রেন অ্যানিউরিজমে আক্রান্ত ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি তাঁকে নিজ বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এরপর দ্রুত ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে তিনি কোমায় চলে যান। আইসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এ অভিনেতাকে।
৯০–এর দশকে সৈনিক, পুলিশ এমনকি খলচরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। এ সময় তিনি হলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত স্টিফেন স্পিলবার্গের ‘সেভিং প্রাইভেট রায়ান’ সিনেমাতে একজন সৈনিকের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন টম। এ ছাড়া তিনি ‘ব্ল্যাক হক ডাউন’, ‘ন্যাচারাল বর্ন কিলার’, ‘পার্ল হারবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। অভিনেতার সবচেয়ে জনপ্রিয় সিনেমা হলো ১৯৯৭ সালের ভৌতিক সিনেমা ‘দ্য রেলিক’। এ ছবিতে তাঁর চরিত্রটি দর্শক হৃদয় জয় করে নিয়েছিল।
টম সিজমোরের অভিনয় ক্যারিয়ারকে বিতর্কিত করেছে তাঁর ব্যক্তিজীবন। তিনি ছিলেন মাদকাসক্ত। অবৈধ মাদক রাখার জন্য কয়েকবার জেলও খেটেছেন অভিনেতা। এর প্রভাবও পড়েছে অভিনয়ের সময়। মাদকাসক্ত হয়ে শুটিং সেটে তিনি সহশিল্পীদের সঙ্গে খারাপ আচরণ করতেন। দায়িত্বহীনের মতো কাজ করতেন।
রিহ্যাবে গিয়ে একবার সুস্থ হয়েছিলেন, কিন্তু সুস্থতা ছিল কিছুদিনের। এই মাদক আজ তাঁর জীবন কেড়ে নিল। অতিরিক্ত মাদক সেবনে তাঁর মস্তিষ্কে জটিলতা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।