অস্কারের নিয়মে বড় পরিবর্তন, কী কী বদল আসছে
হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আসর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৭ সালের ৯৯তম আসরকে সামনে রেখে যে নতুন নীতিমালা অনুমোদন করেছে, তা শুধু পুরস্কারের কাঠামো নয়; বরং চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনাকেও স্পষ্ট করে দিচ্ছে। অভিনয় বিভাগ থেকে শুরু করে আন্তর্জাতিক সিনেমা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা—সব ক্ষেত্রেই এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
অভিনয় বিভাগে ইতিহাস গড়া সিদ্ধান্ত
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিনয় বিভাগে। নতুন নিয়ম অনুযায়ী, একজন অভিনেতা বা অভিনেত্রী একই বিভাগে একাধিক মনোনয়ন পেতে পারবেন, যদি তাঁর একাধিক পারফরম্যান্স ভোটে শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।
এর আগে নিয়ম ছিল ভিন্ন। যদি কোনো অভিনেতার দুটি পারফরম্যান্স একই বিভাগে শীর্ষে উঠে আসত, তাহলে বেশি ভোট পাওয়া কাজটিই মনোনয়ন পেত, অন্যটি বাদ পড়ত। নতুন নিয়ম সেই সীমাবদ্ধতা ভেঙে দিল।
উদাহরণ হিসেবে প্রায়ই উঠে আসে কেট উইন্সলেটের ২০০৮ সালের ঘটনা। তিনি ‘রেভোল্যুশনারি রোড’ ও ‘দ্য রিডার’—দুটি ছবির জন্য ভিন্ন ক্যাটাগরিতে প্রচারণা চালিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি সেরা অভিনেত্রীর অস্কার জিতলেও সেই সময়ের ক্যাটাগরি বিভাজন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নতুন নিয়মে এ ধরনের দ্বন্দ্ব অনেকটাই কমতে পারে।
এআই ব্যবহারে কড়া অবস্থান
চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়তে থাকায় অস্কার কর্তৃপক্ষও সতর্ক। নতুন নিয়মে বলা হয়েছে, অভিনয় বিভাগে শুধু মানব পারফরম্যান্সই বিবেচিত হবে। কোনো চরিত্রে এআই বা ডিজিটাল প্রতিরূপ ব্যবহার হলে তা অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতিতে হতে হবে। আর মানবসৃষ্ট চিত্রনাট্যই কেবল পুরস্কারের জন্য বিবেচিত হবে। অর্থাৎ আপাতত এআই নিজে কোনো অস্কার জিততে পারবে না, এটা স্পষ্ট বার্তা।
আন্তর্জাতিক চলচ্চিত্রে নতুন সুযোগ
আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও এসেছে বড় পরিবর্তন। এখন থেকে একটি দেশ থেকে একাধিক সিনেমা মনোনয়নের যোগ্য হতে পারে।
এ ছাড়া বিশ্বের বড় কিছু চলচ্চিত্র উৎসব, যেমন কান, বার্লিন বা ভেনিসে এ পুরস্কারজয়ী সিনেমাগুলো সরাসরি অস্কারের জন্য যোগ্যতা পাবে, এমনকি নিজ দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জমা না দিলেও।
এ নিয়মকে অনেকে ‘অ্যানাটিম অব আ ফল’ নিয়ম বলছেন। কারণ, সিনেমাটি অস্কারে ফ্রান্সের অফিশিয়াল এন্ট্রি না হয়েও অস্কারে সফল হয়েছিল।
আরেকটি বড় পরিবর্তন—এখন থেকে পুরস্কারটি দেশের নামে নয়, চলচ্চিত্রের নামে দেওয়া হবে এবং পরিচালক তা গ্রহণ করবেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন
কাস্টিং বিভাগে পুরস্কারের সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ তিনজন করা হয়েছে। সিনেমাটোগ্রাফি বিভাগে নির্দিষ্ট ২০টি ছবির শর্টলিস্ট থাকবে। ভিজ্যুয়াল ইফেক্টস ভোট দিতে হলে সদস্যদের নির্দিষ্ট ফুটেজ দেখা বাধ্যতামূলক। মেকআপ বিভাগে ভোটের আগে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো মূলত বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মানসম্মত করতে আনা হয়েছে।
২০২৭ সালের ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে আগামী অস্কার।
ভ্যারাইটি অবলম্বনে