প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করলেন সিডনি
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবির অ্যালবাম পোস্ট করে তিনি কার্যত সংগীতের প্রভাবশালী ব্যক্তিত্ব স্কুটার ব্রাউনের সঙ্গে প্রেমের কথা নিশ্চিত করলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিডনি সুইনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ক্যালিফোর্নিয়ার একটি সংগীত উৎসবে কাটানো সময়ের কিছু মুহূর্ত। ছবিগুলোতে দেখা যায়, তাঁর পাশে রয়েছেন স্কুটার ব্রাউন। কখনো তাঁকে জড়িয়ে ধরে, কখনো কাঁধে তুলে নিয়ে উৎসবের ভিড়ে মেতে উঠেছেন দুজন। এই পোস্টের ক্যাপশনেই যেন ছিল সম্পর্কের ইঙ্গিত—‘কাউবয় কাইন্ড অব উইকেন্ড’।
সিডনির এই পোস্টারে কিছুক্ষণের মধ্যেই ব্রাউনও নিজের ইনস্টাগ্রামে একই উৎসবের ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, দুজনের একসঙ্গে গান গাওয়া, স্বতঃস্ফূর্ত মুহূর্ত আর ব্যক্তিগত মুহূর্ত।
এর কয়েক দিন আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছিলেন ব্রাউন—যা তখন থেকেই নতুন করে জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।
ধারণা করা হয়, ২০২৫ সালের জুনে ইতালিতে জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়েতে প্রথম দেখা হয় সিডনি ও ব্রাউনের। এরপর ধীরে ধীরে তাঁদের একসঙ্গে সময় কাটানোর খবর সামনে আসতে থাকে।
সেপ্টেম্বর ২০২৫ নাগাদ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁদের সম্পর্কের খবর নিশ্চিত করা হয়। তখন একটি সূত্র বলেছিল, দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে সিরিয়াস।
এই সম্পর্কের আগে সিডনি দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে। ২০১৮ সালে শুরু হওয়া সেই সম্পর্ক ২০২৫ সালে ভেঙে যায়, বাগ্দানও বাতিল করেন দুজনে।
অন্যদিকে স্কুটার ব্রাউন সাত বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন ইয়েল কোহেনের সঙ্গে। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়।
গত কয়েক বছরে সিডনি কেবল অভিনয় নয়, নানা কারণে আলোচনায় থেকেছেন। আমেরিকান ইগলের জন্য তাঁর একটি প্রচারণা ঘিরে ডানপন্থী ইঙ্গিত ও ‘প্রো-ইউজেনিকস’ বিতর্ক তৈরি হয়েছিল। পরে নিজের অন্তর্বাস ব্র্যান্ড চালু করেও নতুন বিতর্কে জড়ান।
তবে বিতর্কের মধ্যেও সাফল্য থেমে থাকেনি। ২০২৫ সালে ‘দ্য হ্যান্ডমেড’ সিনেমার মাধ্যমে বড় সাফল্য পান তিনি। এখন এইচবিওতে চলছে সিডনি অভিনীত আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’র তৃতীয় ও শেষ মৌসুম।
পেজ সিক্স অবলম্বনে