অস্কার নিতে অনুষ্ঠানে যাননি, মিলল সেই অভিনেতার খোঁজ

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় শন পেন। আইএমডিবি

গতকাল অস্কারের মঞ্চে পুরস্কার জিতেও উপস্থিত ছিলেন না হলিউড অভিনেতা শন পেন। তাঁর অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা হয়েছে। অবশেষে জানা গেল, অস্কার অনুষ্ঠানের সময় তিনি ছিলেন ইউক্রেনে।

পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য পার্শ্বচরিত্রের সেরা অভিনেতার অস্কার জিতেছেন শন পেন। ছবিতে কর্নেল লকজ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। তবে সোমবার অনুষ্ঠিত অস্কারে তিনি হাজির ছিলেন না। তাঁর হয়ে পুরস্কার নেন অভিনেতা ম্যাকোলি কালকিন। তিনি বলেন, ‘শন পেন এখানে আসেননি অথবা আসতে চাননি।’

অস্কার শেষ হওয়ার পর সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে দুজনের একসঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি শন পেনকে ইউক্রেনের ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করেন। জেলেনস্কি লেখেন, ‘শন, তোমার কারণে আমরা জানি ইউক্রেনের প্রকৃত বন্ধু কাকে বলে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকেই তুমি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছ। আজও তুমি আমাদের সঙ্গে আছ, এবং আমরা জানি ভবিষ্যতেও তুমি আমাদের দেশ ও মানুষের পাশে থাকবে।’

‘সুপারপাওয়ার’ তথ্যচিত্র শন পেন ও ভলোদিমির জেলেনস্কি। প্যারামাউন্ট প্লাস

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই শন পেন দেশটির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। তিনি আগে ইউক্রেন সফর করেছেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে ‘সুপারপাওয়ার’ নামে একটি তথ্যচিত্রও নির্মাণ করেছেন।
এক সাক্ষাৎকারে শন পেন বলেন, তাঁর কাছে অভিনয়, চলচ্চিত্র নির্মাণ কিংবা সামাজিক কর্মকাণ্ড—সবকিছুই একই ধরনের দায়িত্ববোধ থেকে আসে।

আরও পড়ুন

তাঁর ভাষায়, ‘কখনো আমি সিনেমার সেটে কাজ করি, কখনো কাঠের আসবাব বানাই, আবার কখনো মানবিক কাজের সঙ্গে যুক্ত হই—সবকিছুর লক্ষ্য একটাই, সমাজে ইতিবাচক কিছু যোগ করা।’
অস্কারের মতো বড় অনুষ্ঠানে অনুপস্থিত থেকেও ইউক্রেন সফরের কারণে আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছেন এই অভিনেতা ও কর্মী।

ভ্যারাইটি অবলম্বনে