দর্শকেরা কোনো সিনেমা–সিরিজ বেশি দেখছেন

‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমার পোস্টার

সারা দুনিয়ায় প্রতি সপ্তাহে হলে মুক্তি পায় অনেক সিনেমা। প্রতিনিয়ত ওটিটি প্ল্যাটফর্মেও আসছে সিনেমা-সিরিজ। অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) আসা ব্যবহারকারীদের কোন সিনেমা-সিরিজ নিয়ে বেশি আগ্রহ, তার ভিত্তিতেই তৈরি হয় ‘ফ্যান ফেবারিট’ বা দর্শক পছন্দের সিনেমার তালিকা। দর্শকপ্রিয় সিনেমা-সিরিজগুলো দেখে নিতে পারেন।

শুরুতেই রয়েছে গত ২০ মার্চ মুক্তি পাওয়া ‘প্রজেক্ট হেইল মেরি।’ একজন বিজ্ঞান শিক্ষকের রহস্যময় গল্প নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। হঠাৎ একটি মহাকাশযানে জেগে ওঠেন তিনি। ধীরে ধীরে তাঁর মনে পড়ে যায়, পৃথিবীর সূর্যকে ধ্বংস করছে এক রহস্যময় পদার্থ। এই বিপদ মোকাবিলা করতেই তাঁর মিশন। দ্য ফল গাই সিনেমার দুই বছর পর রায়ান গসলিংয়ের নতুন সিনেমা পেলেন দর্শক। সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৪।

‘সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন’ সিরিজের পোস্টার

তালিকার ২ নম্বরে আছে ‘সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন।’ বিয়ে উদ্‌যাপনের ঠিক এক সপ্তাহ আগে ঘটে অদ্ভুত এক ঘটনা। সিরিজের চরিত্রগুলোর দ্বন্দ্ব ও উত্তেজনা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে। সিরিজটির রেটিং ৬.৮। ২৬ মার্চ এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন হেইলি জেড বস্টন।

‘দ্য পিট’ এর পোস্টার

গোল্ডেন গ্লোবে ড্রামা বিভাগে এ বছর সেরা টেলিভিশন সিরিজ হয়েছে ‘দ্য পিট।’ এটি দর্শকদের পছন্দের তালিকায় ৩ নম্বরে রয়েছে। একটি মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগের গল্প নিয়ে সিরিজ। বিভিন্ন রকমের রোগী চিকিৎসা নিতে এখানে আসে, তাদের ঘিরেই তৈরি হয় নানা জটিলতা। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৯। এটি বানিয়েছেন আর স্কট গেমিল। গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন নোয়া ওয়াইল, প্যাট্রিক বল, ক্যাথরিন লা-নাসা। এটি এইচবিও ম্যাক্সে দেখা যাচ্ছে।

‘দ্য ম্যাডিসন’ এর পোস্টার

শোক কাটাতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার গল্পই একসময় হয়ে ওঠে অ্যাকশন অ্যাডভেঞ্চার। বলছি সিরিজ দ্য ম্যাডিসন–এর কথা। প্যারামাউন্ট প্লাস অরিজিনালে এটি দেখা যাচ্ছে। এটি পরিচালনা করেছেন টেইলর শেরিডান। একটি দুঃখজনক ঘটনায় নিউইয়র্কের এক পরিবারের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মন্টানার গ্রামীণ অঞ্চলে ছুটি কাটাতে যায় তারা। সেখানে হঠাৎ দেখা দেয় মানবিক সংকট। সিরিজটির রেটিং ৮।

আরও পড়ুন
‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান’ সিনেমার পোস্টার

টম হার্পারের নতুন সিনেমা পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান তালিকায় ৫ নম্বরে রয়েছে। জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্স–এর পরের কাহিনি। মুক্তি পায় ২৯ মার্চ। সিনেমাটির রেটিং ৬.৬। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, টমি শেলবি (কিলিয়ান মার্ফি) বোমা বিধ্বস্ত বার্মিংহামে ফিরে আসেন। অতীতের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে নতুন হুমকির মুখোমুখি হয়ে গোপন যুদ্ধ মিশনে যুক্ত হন।