‘কথা বলতে পারছি এটা চমকপ্রদ ঘটনা’
এইচবিওর টিভি সিরিজ গেম অব থ্রোনস তখন তুমুল জনপ্রিয়। এর মধ্যে ২০১৯ সালে দ্য হলিউড রিপোর্টার প্রকাশ করে প্রায় অবিশ্বাস্য এক খবর। ‘গেম অব থ্রোনস’-এর অন্যতম অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক দুই অ্যানিউরিজম (এ সময় মগজের কোনো ধমনিতে রক্তচাপ বেঁধে একটি জায়গা ফুলে ওঠে, যা প্রাণ সংশয় তৈরি করে) থেকে বেঁচে ফিরেছেন! মুহূর্তেই তোলপাড় শুরু হয় বিনোদন দুনিয়ায়। ভক্তরাও প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। জানা যায়, ঘটনা ২০১১ সালের। ‘গেম অব থ্রোনস’-এর প্রথম সিজন শেষ হওয়ার পরের।
২০১৩ সালে আবারও একই ঘটনার কারণে মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করতে হয়। এর পর থেকে কোনো সাক্ষাৎকার দিতে গেলেই এমিলিয়ার কাছে সেই ঘটনা নিয়ে জানতে চাওয়া হয়। যা হয়েছিল কিছুদিন আগে বিবিসি সানডে মর্নিং-এর সঙ্গে সাক্ষাৎকারেও। যেখানে সেই অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। বলেছেন, দুবার অ্যানিউরিজম থেকে বেঁচে ফেরা কতটা অবিশ্বাস্য ঘটনা।
‘আমার ব্রেইনের কিছু অংশ আর ব্যবহার করতে পারি না। ব্রেইনের কিছু অংশ হারিয়ে গেছে, এটা মনে হলেই হাসি পায়। স্ট্রোকের পর যখন আপনার ব্রেইনের কোনো অংশে রক্ত সঞ্চালিত হয় না, সেটা অকার্যকর হয়ে যায়। এখনো যে কথা বলতে পারছি এটা চমকপ্রদ একটা ঘটনা। সত্যি বলতে খুব কমসংখ্যক মানুষই ওই অবস্থা থেকে বেঁচে ফিরেছে’, বলেন এমিলিয়া। অভিনেত্রী আরও জানান, দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার পর তাঁর প্রতিদিনই মনে হতো আজই বুঝি শেষ দিন। তবে এখন আগের চেয়ে অনেক ভালো আছেন বলে ভক্তদের আশ্বস্ত করেন অভিনেত্রী।
দুবার ব্রেইন স্ট্রোক থেকে বেঁচে ফিরেছেন, তাই এই রোগীদের যন্ত্রণা ভালোই বোঝেন এমিলিয়া। তাই এই রোগাক্রান্তদের যতটা সম্ভব সহায়তা করেন তিনি। এমিলিয়া এখন আলোচনায়, কারণ সম্প্রতি ব্রডওয়েতে তাঁর অভিষেক হয়েছে। তাঁর নাটক ‘সিগাল’ মঞ্চস্থ হয়েছে ৬ জুলাই।