যৌন নিপীড়নের মামলায় নির্দোষ প্রমাণিত হলেন কেভিন
যৌন নিপীড়নের মামলায় অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসিকে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছেন লন্ডনের একটি আদালত। অভিনেতার বিরুদ্ধে সাতটি যৌন নিপীড়ন এবং অন্য দুটি যৌন অপরাধের অভিযোগ ছিল। সিএনএন জানিয়েছে, সব অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি।
আজ দক্ষিণ লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতের বিচারক এ রায় দেন। তিন দিন ধরে ১২ ঘণ্টা ২৬ মিনিট আলোচনার পর বুধবার ফিরে এসে বিচারক এই রায় ঘোষণা করেন।
কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারীদের মধ্যে চারজন পুরুষ। আদালত চারজনের অভিযোগ শুনেছেন, তবে আইনি বাধ্যবাধকতার কারণে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।
৬৪ বছর বয়সী কেভিন স্পেসি ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে সংগঠিত যৌন অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন; সে সময়ে স্পেস লন্ডনের ওল্ড ভিক থিয়েটারে সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
রায় ঘোষণার সময় অশ্রুসজল হয়ে পড়েন অভিনেতা। তাঁকে দোষী সাব্যস্ত না করায় জুরিকে ধন্যবাদ জানান। কাকতালীয়ভাবে আজ ছিল তাঁর ৬৪তম জন্মদিন।
‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’ ও ‘আমেরিকান বিউটি’র জন্য দুবার অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসি সব সময় তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৭ সালে শুটিং সেটে অসদাচরণের দায়ে নেটফ্লিক্সের সিরিজ ‘হাউস অব কার্ড’ থেকে বাদ পড়েন কেভিন স্পেসি।