৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি চিঠি, যার খামে লেখা ছিল অদ্ভুত এক ঠিকানা। চিঠিটি পৌঁছাতে চেয়েছিল এমন এক ছেলের কাছে, যে জানতই না তার জীবনের সবচেয়ে বড় সত্যটি। সে সাধারণ কোনো ছেলে নয়, জাদুকর। তার মা–বাবা ছিলেন জাদুকর আর তার জন্য অপেক্ষা করছে এক আশ্চর্য স্কুল-হগওয়ার্টস। সেখানেই শুরু হবে বন্ধুত্ব, সাহস, ভালোবাসা আর অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প।

এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, ছেলেটির নাম হ্যারি পটার। ২০০১ সালের ১৬ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। এটি ছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। যুক্তরাষ্ট্র, ভারত ও ফিলিপাইনে ছবিটি পরিচিত ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ নামে। ‘হ্যারি পটার’ সিনেমা মুক্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ। একসময় বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা জাদুর জগৎ সেদিন প্রথমবারের মতো বড় পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল। আর সেই জাদুতে মুগ্ধ হয়েছিল বিশ্বের কোটি কোটি দর্শক।

২৫ বছর পরও হ্যারি পটারকে ঘিরে আগ্রহ কমেনি। বরং সিনেমা, বই, থিম পার্ক, ভিডিও গেম, মঞ্চনাটক, পণ্য ও নতুন টেলিভিশন সিরিজ—বিভিন্ন মাধ্যমে বিস্তৃত হয়েছে এই জাদুর জগৎ। সময় বদলেছে, দর্শকের বয়স বেড়েছে, কিন্তু হগওয়ার্টসের প্রতি ভালোবাসা রয়ে গেছে আগের মতোই। সেটা এতটাই যে এইচবিও ‘হ্যারি পটার’ সিরিজ নিয়েও বিশ্বজুড়ে তৈরি হয়েছে উন্মাদনা। আগামী মাসে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটি।

যে গল্পের শুরু এক অনাথ শিশুকে ঘিরে
হ্যারি পটারের গল্পের স্রষ্টা ব্রিটিশ লেখক জে কে রোলিং। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। বইটি প্রকাশের পর থেকেই শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে। কিন্তু গল্পটির আবেদন শুধু ছোটদের মধ্যে আটকে থাকেনি। কিশোর, তরুণ, এমনকি প্রাপ্তবয়স্ক পাঠকেরাও ধীরে ধীরে ডুবে যেতে থাকেন সেই জগতে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র হ্যারি। ছোটবেলায় মা–বাবাকে হারানোর পর খালা-খালুর সংসারে অবহেলা আর বঞ্চনার মধ্যে বড় হয় সে। ঘরের সিঁড়ির নিচে ছোট্ট একটি আলমারিতে ছিল তার থাকার জায়গা। নিজের জন্মদিনেও বিশেষ কোনো আনন্দের সুযোগ পেত না। একাদশ জন্মদিনের আগে হঠাৎ তার জীবনে হাজির হন বিশালদেহী হ্যাগ্রিড। তাঁর কাছ থেকেই হ্যারি জানতে পারে, সে একজন জাদুকর। শুধু তা-ই নয়, তার মা–বাবাকে হত্যা করেছে ভয়ংকর কালো জাদুকর লর্ড ভলডেমর্ট।

এরপর হ্যারি ভর্তি হয় জাদুবিদ্যার স্কুল হগওয়ার্টসে। সেখানে পরিচয় হয় রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে। তিনজনের বন্ধুত্বই হয়ে ওঠে পুরো সিরিজের অন্যতম প্রাণ। স্কুলজীবনের আনন্দ, কুইডিচ খেলা, রহস্যময় কক্ষ, জাদুর কাঠি, উড়ন্ত ঝাড়ু, অদৃশ্য হওয়ার চাদর—সব মিলিয়ে দর্শক প্রবেশ করেন এমন এক জগতে, যেখানে অসম্ভব বলে কিছু নেই।

তবে হ্যারি পটারের গল্প কেবল জাদু ও রোমাঞ্চের নয়। এর ভেতরে রয়েছে পরিবার হারানোর বেদনা, বন্ধুত্বের শক্তি, আত্মত্যাগ, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার এবং ভালো-মন্দের চিরন্তন দ্বন্দ্ব। হ্যারি যত বড় হয়, তার সামনে বিপদের মাত্রাও বাড়তে থাকে। একপর্যায়ে ব্যক্তিগত শত্রুতার গণ্ডি ছাড়িয়ে লড়াইটি হয়ে ওঠে পুরো জাদুর জগতের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

পর্দায় তিন বন্ধুর জাদুকরি যাত্রা
বইয়ের জনপ্রিয়তা দেখে সিনেমা নির্মাণের পরিকল্পনা করে ওয়ার্নার ব্রাদার্স। ১৯৯৯ সালে হ্যারি পটারের প্রথম বইয়ের চলচ্চিত্রস্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি। বড় পর্দায় গল্পটি তুলে ধরার দায়িত্ব দেওয়া হয় পরিচালক ক্রিস কলম্বাসকে। এর আগে ‘হোম অ্যালোন’ ও ‘মিসেস ডাউটফায়ার’-এর মতো ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি

হ্যারির চরিত্রে কাকে নেওয়া হবে, সেটি ছিল নির্মাতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শেষ পর্যন্ত নির্বাচিত হন ড্যানিয়েল র‍্যাডক্লিফ। রনের চরিত্রে রুপার্ট গ্রিন্ট এবং হারমায়োনির চরিত্রে এমা ওয়াটসন। তিনজনই তখন শিশু-কিশোর। তাঁদের অভিনয়ের অভিজ্ঞতাও ছিল সীমিত। কিন্তু পর্দায় তাঁদের বন্ধুত্ব এতটাই স্বাভাবিক হয়ে উঠেছিল যে দর্শকের কাছে চরিত্র তিনটি আলাদা করে ভাবাই কঠিন হয়ে পড়ে।

প্রথম ছবিতে শুধু তরুণ অভিনয়শিল্পীরাই নন, ছিলেন ব্রিটিশ অভিনয়জগতের একঝাঁক কিংবদন্তি। অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে রিচার্ড হ্যারিস, সেভেরাস স্নেইপের ভূমিকায় অ্যালান রিকম্যান, মিনার্ভা ম্যাকগোনাগলের চরিত্রে ম্যাগি স্মিথ, হ্যাগ্রিডের ভূমিকায় রবি কোলট্রেন, অলিভান্ডারের চরিত্রে জন হার্ট-প্রতিটি অভিনয়ই ছবিকে দিয়েছে আলাদা মাত্রা।

বিশেষ করে অ্যালান রিকম্যানের স্নেইপ চরিত্রটি পরবর্তী সময়ে পুরো সিরিজের অন্যতম আলোচিত চরিত্র হয়ে ওঠে। প্রথম দিকে তাঁকে নিষ্ঠুর ও রহস্যময় শিক্ষক মনে হলেও গল্প যত এগিয়েছে, ততই উন্মোচিত হয়েছে তাঁর চরিত্রের জটিলতা। একইভাবে ডাম্বলডোরের প্রজ্ঞা, হ্যাগ্রিডের সরলতা ও ম্যাগি স্মিথের দৃঢ় উপস্থিতি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়।

প্রথম ছবির সবচেয়ে বড় সাফল্য ছিল বইয়ের কল্পনাকে বিশ্বাসযোগ্য দৃশ্যজগতে রূপ দেওয়া। হগওয়ার্টসের বিশাল হল, চলন্ত সিঁড়ি, জাদুর ক্লাস, উড়ন্ত ঝাড়ু, কুইডিচ খেলা-সবকিছুই দর্শকের কাছে নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠেছিল। নির্মাতারা কেবল গল্পের ঘটনাগুলো পর্দায় তুলে ধরেননি, তৈরি করেছিলেন এমন এক পরিবেশ, যেখানে দর্শক নিজেরাও হগওয়ার্টসের শিক্ষার্থী হয়ে উঠতে চাইতেন।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি

এক গল্প, চার পরিচালক
হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির আটটি সিনেমা পরিচালনা করেছেন চারজন পরিচালক। প্রথম দুটি ছবি পরিচালনা করেন ক্রিস কলম্বাস। তাঁর নির্মাণে ছিল রূপকথার আবহ, শিশুদের বিস্ময় ও জাদুর জগতের উষ্ণতা।

তৃতীয় ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’-এ গল্পের আবহ অনেক বেশি পরিণত ও অন্ধকার হয়ে ওঠে। এটি নির্মাণ করেন আলফানসো কুয়ারন। তাঁর চরিত্রগুলোর মানসিক পরিবর্তনকে গুরুত্ব দেন। অনেক সমালোচকের কাছেই এটি সিরিজের অন্যতম সেরা ছবি।

চতুর্থ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এর পরিচালক মাইক নিউয়েল। ট্রাইউইজার্ড টুর্নামেন্ট, ভয়ংকর প্রতিযোগিতা এবং ভলডেমর্টের প্রত্যাবর্তন ছবিটিকে সিরিজের গুরুত্বপূর্ণ বাঁকে নিয়ে যায়।

শেষ চারটি ছবি পরিচালনা করেন ডেভিড ইয়েটস। তাঁর নির্মাণে জাদুর জগতের রাজনৈতিক সংকট, ভলডেমর্টের ক্ষমতা বিস্তার এবং হ্যারির চূড়ান্ত লড়াই বেশি গুরুত্ব পায়। সিরিজের সমাপ্তিও তাঁর হাতেই।

পরিচালক বদলানোর ফলে ছবিগুলোর নির্মাণশৈলীতে পরিবর্তন এসেছে। প্রথম ছবির রূপকথার আবহ থেকে শেষ ছবির যুদ্ধবিধ্বস্ত পরিবেশে পৌঁছাতে দর্শকেরাও যেন হ্যারির সঙ্গে বড় হয়েছেন। এটাই ফ্র্যাঞ্চাইজির বিশেষত্ব। চরিত্রদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গল্পের বিষয়বস্তু, আবহ ও দর্শকের অনুভূতিও বদলেছে।

বক্স অফিসে জাদুর রাজত্ব
প্রথম ছবিটির বাজেট ছিল প্রায় ১২ কোটি ৫০ লাখ ডলার। মুক্তির পর বিশ্বজুড়ে ছবিটি ব্যবসা করে বিপুল পরিমাণ অর্থ। বক্স অফিস মোজোর হিসাব অনুযায়ী, পুনর্মুক্তিসহ ছবিটির বিশ্বব্যাপী আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। মুক্তির বছর এটি বিশ্বের সর্বোচ্চ আয়কারী ছবিতে পরিণত হয়েছিল।

এরপর একে একে মুক্তি পায় ‘চেম্বার অব সিক্রেটস’, ‘প্রিজনার অব আজকাবান’, ‘গবলেট অব ফায়ার’, ‘অর্ডার অব দ্য ফিনিক্স’, ‘হাফ-ব্লাড প্রিন্স’এবং ‘ডেথলি হ্যালোজ’-এর দুটি পর্ব। ২০১১ সালে শেষ হয় আট ছবির মূল সিরিজ।

ওয়ার্নার ব্রাদার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, আটটি ছবির সম্মিলিত বিশ্বব্যাপী আয় ৭৭০ কোটি ডলারের বেশি। এই আয় হ্যারি পটারকে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি

তবে শুধু বক্স অফিসের অঙ্ক দিয়ে এই জনপ্রিয়তার ব্যাখ্যা করা যাবে না। প্রতিটি নতুন ছবি মুক্তির সময় দর্শকেরা অপেক্ষা করতেন পরবর্তী অধ্যায়ে কী ঘটবে, কোন রহস্যের সমাধান হবে, কোন চরিত্রের ভাগ্যে কী অপেক্ষা করছে। বই পড়া দর্শকেরা গল্পের সঙ্গে তুলনা করতেন, আর নতুন দর্শকেরা সিনেমা দেখেই আবিষ্কার করতেন জাদুর জগৎ।
হগওয়ার্টসের বাইরেও ছড়িয়ে পড়েছে জাদু

হ্যারি পটার সিনেমার প্রভাব শুধু প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ থাকেনি। এর মাধ্যমে ব্রিটিশ চলচ্চিত্রশিল্পও পেয়েছে বড় ধরনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সুবিধা। যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে ছবিগুলোর বড় অংশের শুটিং হয়েছে। এই নির্মাণযজ্ঞে যুক্ত ছিলেন হাজারো অভিনয়শিল্পী, কারিগরি কর্মী, সেট নির্মাতা, পোশাকশিল্পী ও ভিজ্যুয়াল ইফেক্ট বিশেষজ্ঞ।

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের (বিএফআই) এক বিশ্লেষণে বলা হয়েছে, হ্যারি পটার সিরিজ যুক্তরাজ্যের চলচ্চিত্রশিল্পে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। লিভসডেন স্টুডিওকে স্থায়ী চলচ্চিত্র নির্মাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশটির ভিজ্যুয়াল ইফেক্ট শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সিরিজ।

২০১১ সালে বাফটা হ্যারি পটার চলচ্চিত্র সিরিজকে ‘আউটস্ট্যান্ডিং ব্রিটিশ কন্ট্রিবিউশন টু সিনেমা’ সম্মাননা দেয়। আটটি ছবির মধ্যে সিরিজটি অস্কারে সাতটি মনোনয়ন পেয়েছে। বাফটার মনোনয়নও পেয়েছে একাধিকবার।

লন্ডনের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও ট্যুরে এখনো দর্শকেরা হ্যারি পটারের শুটিং সেট, পোশাক, জাদুর সামগ্রী ও নির্মাণের নানা কৌশল দেখতে যান। যুক্তরাষ্ট্র, জাপান, চীনসহ বিভিন্ন দেশে ইউনিভার্সাল স্টুডিওর ‘দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার’ থিম পার্কও গড়ে উঠেছে। সেখানে হগওয়ার্টসের দুর্গ, হগসমিড গ্রাম কিংবা বাটারবিয়ারের স্বাদ নেওয়ার সুযোগ পান ভক্তরা।

এ যেন সিনেমার পর্দা থেকে বেরিয়ে বাস্তবের ভেতর ঢুকে পড়া এক জাদুর জগৎ।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি

তিন শিশুশিল্পী থেকে বিশ্বতারকা
হ্যারি পটার সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি এর তিন প্রধান অভিনয়শিল্পী। ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন—তিনজনেরই শৈশব কেটেছে ক্যামেরার সামনে। দর্শকের চোখের সামনেই তাঁদের বয়স বেড়েছে, অভিনয়ে পরিণতি এসেছে।

হ্যারি পটারের চরিত্র ড্যানিয়েল র‍্যাডক্লিফকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে। কিন্তু একই চরিত্রের মধ্যে আটকে থাকতে চাননি তিনি। পরবর্তী সময়ে ‘দ্য উইম্যান ইন ব্ল্যাক’, ‘সুইস আর্মি ম্যান’, ‘এস্কেপ ফ্রম প্রিটোরিয়া’সহ নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। ব্রডওয়ে ও মঞ্চেও নিজের অভিনয়ক্ষমতার প্রমাণ দিয়েছেন।

হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন অভিনয় করে কিশোর বয়সেই তারকাখ্যাতি পান। পরে ‘দ্য পার্কস অব বিইং আ ওয়ালফ্লাওয়ার’, ‘দ্য ব্লিং রিং’ ও ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর মতো ছবিতে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি নারীর অধিকার ও শিক্ষার প্রসারে কাজ করেছেন।

রুপার্ট গ্রিন্ট অভিনয় করেন রন উইজলির চরিত্রে। তাঁর সরলতা, রসবোধ ও বন্ধুত্বপূর্ণ উপস্থিতি দর্শকের মন জয় করে। পরে ‘স্ন্যাচ’, ‘সার্ভেন্ট’সহ বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তিন বন্ধুর মধ্যে রনের চরিত্রটি ছিল অনেকটা সাধারণ দর্শকের প্রতিনিধি—ভয় পায়, ভুল করে, আবার বন্ধুর জন্য বিপদের মুখেও দাঁড়ায়।

হ্যাগ্রিড চরিত্রে রবি কোলট্রেন, ডাম্বলডোর হিসেবে রিচার্ড হ্যারিস ও পরে মাইকেল গ্যাম্বন, স্নেইপ হিসেবে অ্যালান রিকম্যান, ম্যাকগোনাগল হিসেবে ম্যাগি স্মিথ—প্রতিটি অভিনয়শিল্পীই গল্পের জগৎকে সমৃদ্ধ করেছেন। তাঁদের অনেকেই আজ আর বেঁচে নেই।

জন উইলিয়ামসের সুরেও জেগে ওঠে জাদু
হ্যারি পটারের জনপ্রিয়তার পেছনে সংগীতের অবদানও কম নয়। প্রথম তিনটি ছবির সংগীত পরিচালনা করেছেন জন উইলিয়ামস। তাঁর তৈরি ‘হেডউইগস থিম’ শুনলেই অনেক দর্শকের চোখের সামনে ভেসে ওঠে হগওয়ার্টস, উড়ন্ত চিঠি আর জাদুর কাঠি।
পরবর্তী ছবিগুলোতে প্যাট্রিক ডয়েল, নিকোলাস হুপার ও আলেক্সান্দ্র দেপলা সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেন। তাঁদের সুরে সিরিজের আবহও বদলেছে। প্রথম দিকের বিস্ময় ও আনন্দের জায়গা নিয়েছে ক্রমে ভয়, শোক, অনিশ্চয়তা ও যুদ্ধের উত্তেজনা।

ছবিগুলোর সেট, পোশাক, মেকআপ ও বিশেষ দৃশ্যপ্রযুক্তিও ছিল প্রশংসনীয়। হগওয়ার্টসের বিশাল হল থেকে শুরু করে ডায়াগন অ্যালি, গ্রিংগটস ব্যাংক কিংবা নিষিদ্ধ বন-প্রতিটি জায়গার আলাদা নকশা দর্শককে গল্পের ভেতরে নিয়ে গেছে।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি

বইয়ের পাতা থেকে বিশ্বসংস্কৃতির অংশ
হ্যারি পটারকে শুধু একটি সফল চলচ্চিত্র সিরিজ বললে এর ব্যাপ্তি বোঝা যাবে না। এটি একটি বৈশ্বিক সাংস্কৃতিক ঘটনা। জে কে রোলিংয়ের সাতটি বইয়ের বিক্রি বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি। বইগুলো ৮৫টি ভাষায় অনূদিত হয়েছে এবং ২০০টির বেশি অঞ্চলে পৌঁছেছে।

হ্যারি পটারের ভক্তদের মধ্যে রয়েছে নানা বয়সের মানুষ। কেউ প্রথম বই পড়েছিলেন শিশু বয়সে, পরে সিনেমা দেখে বড় হয়েছেন। কেউ আবার সিনেমা দিয়ে পরিচিত হয়ে বইয়ের পাতায় ফিরেছেন। এমনকি নতুন প্রজন্মের অনেক দর্শকও এখন পুরোনো ছবিগুলো দেখে হগওয়ার্টসের জগৎ আবিষ্কার করছেন।

এই জনপ্রিয়তার একটি বড় কারণ চরিত্রগুলোর সঙ্গে দর্শকের আবেগের সম্পর্ক। হ্যারি যেমন নিজের পরিচয় খুঁজেছে, তেমনি হারমায়োনি বারবার প্রমাণ করেছে মেধা ও অধ্যবসায়ের শক্তি। রন শিখিয়েছে বন্ধুত্বের মূল্য। নেভিল লংবটমের মতো চরিত্র দেখিয়েছে, শুরুতে ভীতু মনে হওয়া মানুষও একদিন অসাধারণ সাহসের পরিচয় দিতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হ্যারি পটারের গল্পে ভালো ও মন্দের লড়াই কেবল জাদুকরদের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্ণবাদ, শ্রেণিবৈষম্য, ক্ষমতার দম্ভ, সংবাদমাধ্যমের অপব্যবহার, স্বৈরশাসন ও ভিন্নমত দমনের মতো বিষয়ও উঠে এসেছে। ফলে শিশু-কিশোরদের বিনোদনের পাশাপাশি বড়দের জন্যও গল্পটিতে রয়েছে নানা ধরনের পাঠ।

আরও পড়ুন

আবার ফিরছে হগওয়ার্টস, তবে নতুন মুখে
২৫ বছর পূর্তির বছরেও হ্যারি পটারকে ঘিরে নতুন আয়োজন চলছে। ২০২৬ সালে প্রথম সিনেমার রজতজয়ন্তী উপলক্ষে বিশ্বজুড়ে বিশেষ প্রদর্শনী, ভক্তদের আয়োজন ও নানা স্মারক পণ্য প্রকাশের পরিকল্পনা করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। বছরের বিভিন্ন সময়ে বিশেষ প্রেক্ষাগৃহ প্রদর্শনীতে প্রথম ছবির পাশাপাশি আগে প্রেক্ষাগৃহে না দেখানো কিছু দৃশ্যও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে নতুন করে আলোচনায় এসেছে হ্যারি পটারের টেলিভিশন সিরিজ। এইচবিও নির্মাণ করছে সাতটি বই অবলম্বনে নতুন সিরিজ। প্রতিটি বই নিয়ে আলাদা মৌসুম তৈরির পরিকল্পনা রয়েছে। নতুন সিরিজে হ্যারি, রন ও হারমায়োনির চরিত্রে অভিনয় করবেন নতুন প্রজন্মের শিল্পীরা। ২০২৭ সালে সিরিজটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে। শুটিং হচ্ছে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে, যেখানে মূল সিনেমাগুলোরও শুটিং হয়েছিল।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’–এর দৃশ্য। আইএমডিবি

২৫ বছর পরও যে জাদু শেষ হয়নি
চলচ্চিত্রের ইতিহাসে অনেক বড় বাজেটের সিনেমা এসেছে, অনেক তারকা তৈরি হয়েছে, অনেক ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয় হয়েছে। কিন্তু সব কটি দর্শকের শৈশব ও কৈশোরের স্মৃতির অংশ হয়ে উঠতে পারেনি। হ্যারি পটার পেরেছে। কারণ, এই সিনেমার সঙ্গে জড়িয়ে আছে প্রথম বন্ধুত্বের স্মৃতি, স্কুলজীবনের স্বপ্ন, নিজের জায়গা খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস।

হগওয়ার্টসের সেই দরজা দিয়ে প্রথমবার প্রবেশ করার সময় যে বিস্ময় তৈরি হয়েছিল, ২৫ বছর পরও তা অনেক দর্শকের কাছে অক্ষুণ্ন। কেউ এখনো হেডউইগের উড়ন্ত চিঠির অপেক্ষায় থাকেন, কেউ কল্পনায় খোঁজেন নিজের জাদুর কাঠি, কেউ আবার ভাবেন-হগওয়ার্টসে গেলে কোন হাউসে জায়গা হতো তাঁর। ২৫ বছর পরও তাই হ্যারি পটার কেবল একটি সিনেমার নাম নয়, কোটি মানুষের শৈশবের ঠিকানা।

আইএমডিবি, বিএফআইডটকম, ভোগ ও বিবিসি অবলম্বনে