স্পাইডার-ম্যানের সঙ্গে মেসির চমক, কত নিলেন আর্জেন্টিনা অধিনায়ক

হলিউডের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আর ফুটবলের মহাতারকা লিওনেল মেসিছবি: ভিডিও থেকে

হলিউডের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আর ফুটবলের মহাতারকা লিওনেল মেসি—দুই জগতের দুই আইকনকে একসঙ্গে দেখা গেল। সনি পিকচার্সের মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার একটি প্রচারণা ভিডিওতে দেখা গেছে মেসিকে।

সনি পিকচার্সের মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারণা ভিডিওতে দেখা গেছে মেসিকে
ছবি: ভিডিও থেকে

গতকাল মঙ্গলবার ৩৯ সেকেন্ডের ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্কের একটি কফি শপে প্রবেশ করেন লিওনেল মেসি। সেখানে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কারের (টম হল্যান্ড) সঙ্গে তাঁর দেখা হয়। স্পাইডার-ম্যানকে খুঁজছেন মেসি। এরপর পিটার পার্কার মুহূর্তের মধ্যে স্পাইডার-ম্যানের বেশে ফিরে আসেন। পরে স্পাইডার-ম্যানের জালে ভর করে নিউইয়র্ক শহরের আকাশে ঘুরে বেড়াতে দেখা যায় মেসিকে। ভিডিওর শেষে সিনেমাটির নাম ও মুক্তির তারিখ প্রদর্শিত হয়। ৩১ জুলাই ছবিটি মুক্তি পাবে।

আরও পড়ুন

প্রকাশের পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সনি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই এটি ২৬ লাখের বেশিবার দেখা হয়েছে।

স্পর্ফ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি এক্সে শেয়ার করে লেখা হয়েছে, ‘লিওনেল মেসিকে স্পাইডার-ম্যানের সঙ্গে নিউইয়র্কের আকাশে দেখা যাবে—এমনটা ২০২৬ সালে কেউই কল্পনা করেনি।’

মেসি ও টম হল্যান্ড
ছবি: ভিডিও থেকে

‘নো কনটেক্সট টোবি ম্যাগুয়ার’ নামের আরেকটি অ্যাকাউন্ট মনে করিয়ে দিয়েছে, ইন্টার মায়ামিতে খেলার সময় স্পাইডার-ম্যানের ভঙ্গিতে গোল উদ্‌যাপন করেছিলেন মেসি। এবার সেই সুপারহিরোর সঙ্গেই প্রচারিত ভিডিওতে দেখা গেল তাঁকে।

কত পেলেন মেসি
মেসির এই প্রচারণার পারিশ্রমিক নিয়ে নানা জল্পনা চলছে। সনি, মার্ভেল কিংবা মেসির প্রতিনিধিদের কেউই চুক্তির আর্থিক দিক নিয়ে কিছু জানাননি। এর মধ্যেই একাধিক সংবাদমাধ্যম দাবি করে, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি ১ কোটি ৫০ লাখ ডলার পেয়েছেন। তবে মেসির পারিশ্রমিকের কোনো তথ্য প্রকাশ করেনি সনি।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল প্রতিযোগিতা সুপার বোল উপলক্ষে মাইকেলব আলট্রার (যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ড) একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল মেসিকে। এতে অংশ নিতে মেসি প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার নিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপনের সবচেয়ে দামি মুখ
মেসি এখনো বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ক্রীড়া তারকাদের একজন। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগের এক বছরে তাঁর আয় ছিল প্রায় ১৪ কোটি ডলার, যার অর্ধেক এসেছে মাঠের বাইরে বিভিন্ন ব্র্যান্ড চুক্তি থেকে।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রে মেসির জনপ্রিয়তা আরও বেড়েছে। অ্যাডিডাস, অ্যাপলসহ বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কারণে বিজ্ঞাপনের বাজারেও তার মূল্য আকাশছোঁয়া।

বিশ্লেষকদের মতে, মেসিকে যুক্ত করার মাধ্যমে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু সিনেমাপ্রেমীদের নয়, বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের কাছেও পৌঁছানোর সুযোগ পেয়েছে।


ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অবলম্বনে