কে এই মারিশকা, তিন বছর বয়সেই চোখের সামনে দেখেছেন সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

প্রাইমটাইম এমি পুরস্কারের ৭৮তম আসরের সঞ্চালক হচ্ছেন মারিশকা হার্গিটে
ছবি: আইএমডিবি

টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজনগুলোর একটি হলো প্রাইমটাইম এমি পুরস্কার। ৭৮তম এই আসরের সঞ্চালক হচ্ছেন মারিশকা হার্গিটে। এর মধ্য দিয়ে ১৫ বছর পর কোনো নারী এই দায়িত্ব পাচ্ছেন। তবে হার্গিটের পরিচয় শুধু একজন অভিনেত্রী বা সঞ্চালক হিসেবে সীমাবদ্ধ নয়; তিনি মার্কিন টেলিভিশনের অন্যতম প্রভাবশালী মুখ। সম্প্রতি আলোচনায় আসা কে এই মারিশকা?

১৯৬৪ সালের ২৩ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন মারিশকা। তাঁর বাবা ছিলেন অভিনেতা ও বডিবিল্ডার মাইকি হার্গিটে, আর মা ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেইন ম্যানসফিল্ড। তিনি মাত্র তিন বছর বয়সে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির মুখোমুখি হন। হারান তাঁর মাকে।

মারিশকা হার্গিটে
ছবি: আইএমডিবি

১৯৬৭ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারিশকার মা জেইন ম্যানসফিল্ড নিহত হন। সে সময় মারিশকা ও তাঁর দুই ভাই গাড়ির পেছনের আসনে ছিলেন। তাঁরা অল্প আঘাত নিয়ে বেঁচে গেলেও চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছেন। যা তাঁর শৈশবে গভীর ছাপ ফেলে এবং পরবর্তী সময়ে তাঁর অভিনয় ক্যারিয়ারেও প্রভাব ফেলে।
কৈশোরে মারিশকার অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিষয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৮৪ সালে তাঁর সিনেমায় অভিষেক ঘটে। তবে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজের পরিচয় তৈরি করা। অনেকেই তাঁকে মায়ের পথ অনুসরণ করে নাম, চেহারা কিংবা ইমেজ বদলানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হার্গিটে তা প্রত্যাখ্যান করেন এবং নিজের নাম, ব্যক্তিত্ব ও স্বকীয়তাকে ধরে রাখেন।

‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট’ এর পোস্টারে মারিশকা হার্গিটে
ছবি: আইএমডিবি

ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন মারিশকা। ওয়েট্রেসের কাজও করেছেন, পাশাপাশি অভিনয়ের ক্লাস চালিয়ে গেছেন। ছোট চরিত্রে দেখা গেলেও দীর্ঘ সময় বড় সাফল্য আসছিল না। তাঁর টার্নিং পয়েন্ট আসে ১৯৯৮ সালে, যখন জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘ইআর’-এ অভিনয় করেন। এর পরের বছর তিনি ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিমস ইউনিট’-এ গোয়েন্দা অলিভিয়া বেনসন চরিত্রে অভিনয় করার সুযোগ পান। যৌন অপরাধ তদন্ত নিয়ে নির্মিত এই সিরিজে দৃঢ়চেতা, মানবিক ও সহানুভূতিশীল তদন্ত কর্মকর্তার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

আরও পড়ুন
অভিনেত্রী মারিশকা হার্গিটে
ছবি: আইএমডিবি

এই চরিত্র মারিশকাকে শুধু তারকা বানায়নি, এনে দিয়েছে টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজনের মর্যাদা। তিনি প্রাইমটাইম এমি, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার পেয়েছেন। এই সিরিজের সেটেই শুটিং করতে গিয়ে পরিচয় হয় অভিনেতা পিটার হারম্যানের সঙ্গে। ২০০৪ সালে তাঁরা বিয়ে করেন। পরে তাঁদের এক ছেলেসন্তান জন্ম নেয় এবং আরও দুই সন্তান দত্তক নেন এই দম্পতি।
সূত্র: আইএমডিবি, ভ্যারাইটি