অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন ‘স্পাইডার–ম্যান’
টম হল্যান্ড ও জেনডায়ার প্রেম, বাগ্দান এবং গোপন বিয়ের গুঞ্জন নিয়ে এক বছর ধরে ভক্তদের মধ্যে জল্পনার শেষ ছিল না। এবার সেই জল্পনায় যেন সিলমোহর দিলেন হল্যান্ড নিজেই।
ব্রিটিশ সাময়িকী এস্কায়ার ইউকে–তে দেওয়া এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তাঁদের কথিত বিয়ের ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে হল্যান্ড এমন একটি মন্তব্য করেন, যা কার্যত তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে বলে মনে করছেন ভক্তরা।
সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, এআই–নির্মিত বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যদের কাউকে কি বোঝাতে হয়েছিল যে তাঁদের বিয়েতে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি সত্য নয়? জবাবে হল্যান্ড বলেন, ‘আমার দাদিকে বোঝাতে হয়েছিল। কিন্তু পরিবারের অন্য কাউকে নয়। কারণ, তারা সবাই সেখানে ছিল।’
এরপরই হল্যান্ড যোগ করেন, ‘এ বিষয়ে আর কিছুই বলব না।’
এই একটি বাক্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। কারণ, এর আগে টম-জেনডায়া কেউই প্রকাশ্যে বিয়ের বিষয়টি স্বীকার করেননি।
২০২৫ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার হাতে হীরার আংটি দেখে প্রথম তাঁদের বাগ্দানের খবর প্রকাশ্যে আসে। এরপর চলতি বছরের মার্চে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ দাবি করেন, ‘বিয়েটা হয়ে গেছে, তোমরা মিস করেছ।’ যদিও তখন অনেকেই সেটিকে রসিকতা ভেবেছিলেন।
পরে এআই দিয়ে তৈরি কিছু ‘বিয়ের ছবি’ অনলাইনে ছড়িয়ে পড়লে জেনডায়া সেগুলোকে ভুয়া বলে উড়িয়ে দেন। এমনকি জিমি কিমেলের অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে মজাও করেন।
তবে নতুন সাক্ষাৎকারে হল্যান্ডের মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে তাঁদের ব্যক্তিগত জীবন।
সাক্ষাৎকারে জেনডায়ার প্রতি নিজের অনুভূতির কথাও অকপটে বলেছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা। তিনি বলেন, ‘আমাদের পেশা অনেক চাপের পরিস্থিতি তৈরি করে। এমন সময়ে এমন একটি সম্পর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ, যা সব পরীক্ষায় টিকে থাকবে।’
হল্যান্ড আরও বলেন, ‘আমি আমার মানুষটিকে খুঁজে পেয়েছি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি যখন তার সঙ্গে থাকি, তখন জীবনের সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয় নিজেকে। একই সঙ্গে আমি কখনো এতটা নিরাপদ ও সমর্থনও অনুভব করিনি।’
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবির সেটে প্রথম পরিচয় হয় টম হল্যান্ড ও জেনডায়ার। দীর্ঘদিন নিজেদের ‘শুধু বন্ধু’ বললেও ২০২১ সালে তাঁদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে।
এখন এই জুটিকে একসঙ্গে দেখা যাবে দুটি বহুল প্রতীক্ষিত ছবিতে— ‘দ্য ওডিসি’এবং ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–তে। ছবিতে আগের কিস্তির মতোই স্পাইডার–ম্যান চরিত্রে দেখা যাবে টমকে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত জীবনেও তাই ব্যস্ত সময় পার করছেন হলিউডের এই জনপ্রিয় তারকা দম্পতি।