ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী

সুজান সারান্ডনইনস্টাগ্রাম থেকে

ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ায় সিনেমার কাজ হারাচ্ছেন, জানালেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুজান সারান্ডন। ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা দ্য ইকো চেম্বার-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সারান্ডনের দাবি, ফিলিস্তিনের পক্ষে কথা বলায় চলচ্চিত্র অঙ্গনের কেউ কেউ তাঁকে এড়িয়ে চলছেন। তিনি বলেন, ‘আমার কয়েকটি সিনেমার কাজও সম্প্রতি কেড়ে নেওয়া হয়েছে। কিছু এজেন্সি এখনো মানুষকে বলছে, যেন আমাকে কাজে নেওয়া না হয়।’

তবে সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন বলে মনে করেন ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী। ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও কথা বলেন সারান্ডন। তাঁর মতে, ফিলিস্তিনের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে ইহুদিবাদীদের সম্পর্ক নিয়ে মানুষের ধারণায় বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী পরিমাণ অর্থ দেয়, সেটিও এখন অনেকের কাছে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার এক মাস পর ফিলিস্তিনপন্থী সমাবেশে অংশ নিয়ে দেওয়া বক্তব্যের জেরে সারান্ডনকে বাদ দেয় ট্যালেন্ট এজেন্সি ইউটিএ। ওই সময় তাঁর একটি বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

ডেড ম্যান ওয়াকিং সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতেন সারান্ডন। দ্য রকি হরর পিকচার শো, বুল ডারহাম ও থেলমা অ্যান্ড লুইজ-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান।

আরও পড়ুন

সারান্ডনের নতুন সিনেমা দ্য ইকো চেম্বার নির্মাণ করেছেন আন্দ্রেয়া পাল্লাওরো। সিনেমাটিতে গায়িকার চরিত্রে অভিনয় করেছেন সারান্ডন। চরিত্রটি মাদকাসক্তি থেকে সেরে ওঠা এক সংগীত প্রযোজককে নিয়ে নতুন অ্যালবাম তৈরির উদ্যোগ নেয়।

ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য প্রতিযোগিতা করছে দ্য ইকো চেম্বার। ১২ সেপ্টেম্বর উৎসবের পুরস্কার ঘোষণা করা হবে।

গার্ডিয়ান অবলম্বনে