পুনর্বাসনকেন্দ্রে ২৭ বছর বয়সী মডেলের মৃত্যু
মার্কিন মডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রিসলি জারবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ২৭ বছর। রোববার একটি পুনর্বাসনকেন্দ্রে তাঁর মৃত্যু হয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিক্যাল পরীক্ষকের নথিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
সিন্ডি ক্রফোর্ড ও তাঁর স্বামী র্যান্ডি জারবারের প্রতিনিধি অ্যালি জেনকিনস সিবিএসকে বলেন, ‘এই কঠিন ও বেদনাদায়ক সময়ে পরিবার সবার কাছে গোপনীয়তা কামনা করছে।’
মায়ের মতো প্রিসলিও মডেল ছিলেন। তাঁর ছোট বোন কাইয়া জারবারও মডেল। মাত্র ১৬ বছর বয়সে ইতালীয় ব্র্যান্ড মোসকিনোর হয়ে র্যাম্পে হাঁটেন প্রিসলি। পরে বারবেরি, দোলচে অ্যান্ড গাব্বানা ও বতেগা ভেনেতার মতো ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন।
মানসিক স্বাস্থ্য ও মাদক নিয়ে খোলামেলা ছিলেন
প্রিসলি নিজের মানসিক স্বাস্থ্য ও মাদক ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। ২০২৩ সালে ‘স্টুডিও ২২’ পডকাস্টে তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য, বিষণ্নতা ও জীবনের আরও কিছু সমস্যার সঙ্গে লড়াই করেছি। আমি জীবনের কোনো এক সময়ে যে অবস্থার মধ্যে ছিলাম, সেখান থেকে যদি একজন মানুষকেও বা এক শ মানুষকেও বের হতে সাহায্য করতে পারি, সেটাই আমার জন্য যথেষ্ট।’
চলতি মাসে মার্কিন ভোগ ম্যাগাজিনে ভাইয়ের আসক্তি নিয়ে কথা বলেছেন কাইয়া জারবার। তিনি বলেন, ‘আমার ভাই এখন আমাদের সবার জন্য একজন শিক্ষক হয়ে উঠেছে। সে বলছে, “আমি সবার সামনে নিজের মানবিক দিকটি তুলে ধরব।” পৃথিবীর কাছ থেকে কিছু লুকানোরও তো একটা সীমা আছে। কোনো বিষয় ঢেকে রাখার চেষ্টা করলে বরং ওই মানুষটির মনে হতে পারে, পরিবার তাকে নিয়ে লজ্জিত।’
২০১৮ সালে ক্যালভিন ক্লেইনের একটি প্রচারণায় কাইয়ার সঙ্গে দেখা গেছে প্রিসলিকে। সে বছর পিপল ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, ‘আমরা খুব ঘনিষ্ঠ পরিবার। বিশেষ করে আমি ও আমার বোন। আমরা প্রায়ই একসঙ্গে ভ্রমণ করি। এতে একাকিত্বও কম লাগে।’
মা সিন্ডি ক্রফোর্ডের সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করেছেন প্রিসলি। ২০১৮ সালের সুপার বোলের একটি পেপসি বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখা যায়।
গত জুলাইয়ে ছেলের ২৭তম জন্মদিনে তাঁর শৈশবের দুটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন সিন্ডি। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘তুমি যে মানুষ হয়ে উঠেছ, তা নিয়ে আমি খুব গর্বিত। তবে আমার চোখে তুমি সব সময় আমার ছোট ছেলে হয়েই থাকবে। তোমাকে ভালোবাসি।’
বিবিসি অবলম্বনে