ভ্যাম্পায়ার–ব্যাটম্যান থেকে জেমস বন্ড, প্যাটিনসনের নতুন অধ্যায়
একসময় তরুণীদের স্বপ্নের পুরুষ ছিলেন তিনি। পর্দায় তাঁর চোখের চাহনি, রহস্যময় হাসি আর অতিপ্রাকৃত আকর্ষণে মুগ্ধ হয়েছিল সারা বিশ্বের তরুণীরা। স্টেফানি মেয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিরিজের ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্ব তারকায় পরিণত হয়েছিলেন রবার্ট প্যাটিনসন। তখন তাঁর পরিচয় ছিল মূলত রোমান্টিক নায়ক হিসেবে। অনেকের ধারণা ছিল, এই পরিচয়ের বাইরে বের হওয়া তাঁর পক্ষে কঠিন হবে। কিন্তু সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছেন ব্রিটিশ এই অভিনেতা।
ভ্যাম্পায়ারের প্রেমিক থেকে কখনো অস্থির মনের অপরাধী, কখনো মানসিকভাবে বিপর্যস্ত বাতিঘরের কর্মী, কখনো অদ্ভুত এক মহাকাশযাত্রার যাত্রী—বিচিত্র সব চরিত্রে নিজেকে পরীক্ষা করেছেন তিনি। বড় বাজেটের বাণিজ্যিক ছবির পাশাপাশি বেছে নিয়েছেন নির্মাতানির্ভর, স্বাধীন ধারার সিনেমা। কখনো এমন চরিত্রেও অভিনয় করেছেন, যেগুলো তাঁর আগের পর্দা-ইমেজের সঙ্গে একেবারেই মেলে না।
এরপর সুপারহিরো ব্যাটম্যান। এবার সেই দীর্ঘ ক্যারিয়ারে যুক্ত হলো আরও বড় এক অধ্যায়—জেমস বন্ড। ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ড্যানিয়েল ক্রেগের পর সপ্তম অভিনেতা হিসেবে ০০৭ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ, চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট।
একসময় যে অভিনেতাকে কিশোরীদের হৃদয়জয়ী ভ্যাম্পায়ার হিসেবেই আটকে রাখতে চেয়েছিল জনপ্রিয় সংস্কৃতি, তিনিই এখন হলিউডের সবচেয়ে আলোচিত ও বহুমাত্রিক অভিনেতাদের একজন। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত এটাই—নিজেকে কখনো একটি পরিচয়ে আটকে থাকতে দেননি।
শুরুটা ‘হ্যারি পটার’ দিয়ে, বিশ্বজোড়া পরিচিতি ‘টোয়ালাইট’
১৯৮৬ সালের ১৩ মে লন্ডনের বার্নস এলাকায় জন্ম রবার্ট ডগলাস টমাস প্যাটিনসনের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। স্কুলের নাটকে অভিনয় করেছেন, যুক্ত ছিলেন থিয়েটার দলের সঙ্গেও। কৈশোরে মঞ্চে কাজ করতে করতেই অভিনয়জগতে পেশাদারভাবে প্রবেশের সুযোগ পান।
২০০৪ সালে ‘ভ্যানিটি ফেয়ার’ সিনেমায় অভিনয় করলেও বড় পর্দায় তাঁর সেই উপস্থিতি শেষ পর্যন্ত ছবির চূড়ান্ত সংস্করণে জায়গা পায়নি। পরের বছর ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। হ্যারি পটারের সহপাঠী, সুদর্শন ও মেধাবী এই তরুণের পর্দায় উপস্থিতি দর্শকের মনে জায়গা করে নেয়।
তবে বিশ্বজোড়া খ্যাতির দরজা খুলে যায় ২০০৮ সালে। স্টেফানি মেয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিনেমায় এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। গল্পে এডওয়ার্ড একজন ভ্যাম্পায়ার, যে প্রেমে পড়ে সাধারণ মানবী বেলা সোয়ানের। চরিত্রটির মধ্যে ছিল রহস্য, বিষণ্নতা, রোমান্টিকতা ও বিপজ্জনক আকর্ষণের মিশেল।
ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করে। সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পর একে একে নির্মিত হয় আরও চারটি পর্ব। পাঁচটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী আয় করে তিন বিলিয়ন ডলারের বেশি। প্যাটিনসন হয়ে ওঠেন আন্তর্জাতিক তারকা। তাঁর চেহারা, পোশাক, চুলের ধরন, সাক্ষাৎকার—সবকিছুই তখন বিনোদন সংবাদমাধ্যমের আলোচনার বিষয়।
ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পর্দার প্রেম বাস্তব জীবনেও আলোচনার জন্ম দেয়। তাঁদের সম্পর্ক, বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে ট্যাবলয়েড সংবাদমাধ্যমের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু এত খ্যাতির মধ্যেও প্যাটিনসনের কাছে বিষয়টি সব সময় সহজ ছিল না। বিপুলসংখ্যক ভক্তের উন্মাদনা তাঁকে অনেক সময় অস্বস্তিতে ফেলত। তাঁর অভিনয় নিয়ে আলোচনার চেয়ে ব্যক্তিগত জীবন ও জনপ্রিয়তাই যেন বড় হয়ে উঠেছিল।
এডওয়ার্ড কালেনের খাঁচা থেকে বেরিয়ে আসার তাগিদটা সম্ভবত সেখান থেকেই আরও প্রবল হয়ে ওঠে।
তারকাখ্যাতির বদলে কঠিন চরিত্রের খোঁজে
‘টোয়ালাইট’ শেষ হওয়ার পর চাইলে সহজেই রোমান্টিক নায়ক হিসেবে হলিউডে নিজের জায়গা পাকা করতে পারতেন প্যাটিনসন। বড় বাজেটের ছবিতে অভিনয়, জনপ্রিয় তারকাদের সঙ্গে জুটি বাঁধা কিংবা একই ধরনের চরিত্রে বারবার ফিরে আসার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু তিনি বেছে নেন অন্য পথ।
২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ সিনেমায় অভিনয় করেন। সেখানে তিনি একজন তরুণ ধনকুবের। নিউইয়র্ক শহরের ভেতর লিমুজিনে বসে থাকা অবস্থায় তাঁর জীবন, অর্থ, ক্ষমতা ও অস্তিত্বের সংকট এক অদ্ভুত মানসিক যাত্রায় রূপ নেয়। এডওয়ার্ড কালেনের রোমান্টিক আবহ থেকে সম্পূর্ণ আলাদা ছিল এই চরিত্র।
এরপর ২০১৫ সালে ‘কুইন অব দ্য ডেজার্ট’ এবং ২০১৬ সালে জেমস গ্রের ‘দ্য লস্ট সিটি অব জেড’–এর মতো সিনেমায় অভিনয় করেন। পরের ছবিতে তাঁকে দেখা যায় গোঁফওয়ালা এক ব্রিটিশ অভিযাত্রীর চরিত্রে। সুদর্শন তারকার চেনা ইমেজ ভেঙে চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার চেষ্টা চলতে থাকে।
তবে প্যাটিনসনের অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমাগুলোর একটি ২০১৭ সালের ‘গুড টাইম’। স্যাফডি ভ্রাতৃদ্বয় পরিচালিত এই ক্রাইম থ্রিলারে তিনি কনি নিকাস নামের এক ছোটখাটো অপরাধীর চরিত্রে অভিনয় করেন। জেলে বন্দী ভাইকে বের করে আনার জন্য নিউইয়র্কের অন্ধকার জগতে মরিয়া হয়ে ছুটে বেড়ায় কনি। চরিত্রটির মধ্যে ছিল আতঙ্ক, অপরাধবোধ, আত্মকেন্দ্রিকতা ও বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা।
এই সিনেমায় প্যাটিনসনের অভিনয় ছিল তাঁর আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। এখানে তিনি আর কোনো স্বপ্নের পুরুষ নন; বরং ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়া, অসহায় অথচ বিপজ্জনক এক মানুষ। ছবিটি তাঁকে অভিনয়শিল্পী হিসেবে নতুন করে পরিচিত করে। সমালোচকদের প্রশংসাও পান ব্যাপকভাবে।
২০২০ সালে ‘গুড টাইম’ নিয়ে দ্য গার্ডিয়ানের আলোচনায় প্যাটিনসনের অভিনয়জীবনের এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরা হয়।
বাতিঘরে বন্দী, নিজের সঙ্গেই যুদ্ধ
প্যাটিনসনের অভিনয়জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘হাই লাইফ’ (২০১৮)। ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিসের এই সায়েন্স ফিকশন ছবিতে তিনি মহাকাশে পাঠানো এক বন্দীর চরিত্রে অভিনয় করেন। পৃথিবী থেকে অনেক দূরে, এক মহাকাশযানে মানুষের অস্তিত্ব, নিঃসঙ্গতা, যৌনতা ও নৈতিকতার জটিল প্রশ্ন উঠে আসে ছবিতে। প্রচলিত বিনোদনধর্মী সিনেমার চেয়ে এটি ছিল অনেক বেশি পরীক্ষামূলক।
এরপর ২০১৯ সালে রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’। এই সিনেমা প্যাটিনসনের অভিনয়জীবনের অন্যতম আলোচিত কাজ। উইলেম ডাফোর সঙ্গে অভিনয় করেছেন তিনি। গল্পে দুজন বাতিঘরের কর্মীকে একটি নির্জন দ্বীপে দায়িত্ব পালন করতে দেখা যায়। ধীরে ধীরে তাঁদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস, দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতা। একপর্যায়ে বাস্তবতা আর কল্পনার সীমারেখাও অস্পষ্ট হয়ে যায়।
সাদা-কালো দৃশ্য, অস্বস্তিকর পরিবেশ, অদ্ভুত সংলাপ আর দুই অভিনেতার তীব্র অভিনয় ছবিটিকে অন্য মাত্রা দেয়। প্যাটিনসন এখানে নিজেকে এমনভাবে ভেঙেছেন, যা ‘টোয়ালাইট’–এর দর্শকদের কাছে প্রায় অচেনা। তাঁর অভিনয়ে ছিল শারীরিক অস্থিরতা, ভয়, উন্মাদনা ও ক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অনুভূতি।
এ সময়ের কাজগুলো দিয়ে তিনি বুঝিয়ে দেন, জনপ্রিয়তা ধরে রাখার চেয়ে অভিনয়ের নতুন সম্ভাবনা খুঁজে বের করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
আবার বড় পর্দায়, তবে আগের চেয়ে আলাদা
স্বাধীন ধারার সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর প্যাটিনসন আবার বড় বাজেটের ছবিতে ফেরেন। তবে এবার আর শুধু জনপ্রিয় তারকার পরিচয়ে নয়, অভিনয়শিল্পী হিসেবে নিজের দক্ষতা প্রমাণের আত্মবিশ্বাস নিয়ে।
২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় নীল চরিত্রে অভিনয় করেন। সময়ের বিপরীতমুখী যাত্রা, গুপ্তচরবৃত্তি ও জটিল বৈজ্ঞানিক ধারণার ওপর নির্মিত এই সিনেমায় জন ডেভিড ওয়াশিংটনের পাশাপাশি নজর কাড়েন প্যাটিনসন। তাঁর চরিত্রটি রহস্যময়, বুদ্ধিদীপ্ত ও রসবোধসম্পন্ন। বিশেষ করে সংলাপ বলার ধরন ও পর্দায় উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নেয়।
একসময় যাঁকে ভ্যাম্পায়ারের প্রেমিক হিসেবে দেখা হতো, সেই অভিনেতাই এবার হয়ে উঠলেন আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির গল্পের এক আকর্ষণীয় চরিত্র।
২০২২ সালে আসে তাঁর ক্যারিয়ারের আরেকটি বড় চমক। ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান সিনেমায় ব্রুস ওয়েন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হন তিনি। এর আগে মাইকেল কিটন, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেকের মতো অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন। ফলে প্যাটিনসনের সামনে চ্যালেঞ্জ ছিল বেশ বড়।
প্যাটিনসন অবশ্য আগের ব্যাটম্যানদের অনুকরণ করেননি। তাঁর ব্রুস ওয়েন ছিলেন বিষণ্ন, একাকী, ক্ষতবিক্ষত ও মানসিকভাবে বিপর্যস্ত এক তরুণ। প্রচলিত সুপারহিরোর মতো আত্মবিশ্বাসী, ঝকঝকে ও পরিপাটি নন তিনি। বরং অপরাধের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের ভেতরের অন্ধকারের সঙ্গেও যুদ্ধ করেন।
ছবিতে ব্যাটম্যানের পাশাপাশি ব্রুস ওয়েনের মানসিক জটিলতাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্যাটিনসনের অভিনয়ে সেই দ্বন্দ্ব স্পষ্ট ছিল। বিশ্বব্যাপী ৭৭ কোটি ডলারের বেশি আয় করে ছবিটি। সমালোচকদের কাছেও প্রশংসিত হয় তাঁর অভিনয়। ব্যাটম্যান হিসেবে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন দর্শকেরা। ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’–এর।
এক সিনেমায় একাধিক জীবন
প্যাটিনসনের অভিনয়জীবনের বৈচিত্র্য বোঝার জন্য ২০২৫ সালের ‘মিকি ১৭’ সিনেমাটির কথাও বলতে হয়। প্যারাসাইট–খ্যাত দক্ষিণ কোরীয় নির্মাতা বং জুন-হো পরিচালিত এই সায়েন্স ফিকশনে তিনি মিকি বার্নস চরিত্রে অভিনয় করেন। মিকির কাজই হলো বিপজ্জনক অভিযানে অংশ নেওয়া এবং মারা গেলে প্রযুক্তির সাহায্যে তার নতুন ক্লোন তৈরি করা। ফলে একই মানুষের একাধিক সংস্করণের উপস্থিতি তৈরি হয়।
একই ছবিতে একাধিক চরিত্রের ভিন্ন ভিন্ন আচরণ, কণ্ঠস্বর ও শারীরিক অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হয়েছে প্যাটিনসনকে। কখনো তিনি অসহায়, কখনো হাস্যকর, কখনো ভীত, আবার কখনো নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্নের মুখে পড়েন। ছবিটি তাঁর অভিনয়ের বিচিত্র দিকগুলো সামনে নিয়ে আসে।
২০২৫ সালের ‘ডাই মাই লাভ’ ছবিতেও প্যাটিনসনকে দেখা যায় জেনিফার লরেন্সের বিপরীতে। এখানে তিনি এমন এক স্বামীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি স্ত্রীর মাতৃত্ব-পরবর্তী মানসিক সংকট বুঝতে গিয়ে নিজেও অসহায় হয়ে পড়েন। ছবিটি মূলত সম্পর্ক, নিঃসঙ্গতা ও মানসিক বিপর্যয়ের গল্প। বড় কোনো অ্যাকশন বা সুপারহিরো চরিত্রের বাইরে এসে আবারও ঘরোয়া অথচ জটিল এক সম্পর্কের গল্পে নিজেকে মেলে ধরেছেন তিনি।
২০২৬ সালেও প্যাটিনসনের ব্যস্ততা কমেনি। ‘দ্য ড্রামা’ সিনেমায় জেনডায়ার বিপরীতে অভিনয় করেছেন। ক্রিস্টোফার নোলানের *দ্য ওডিসি*তে অ্যান্টিনাস চরিত্রে দেখা গেছে তাঁকে। আর প্রাইমটাইম সিনেমায় অভিনয় করেছেন সাংবাদিক ক্রিস হ্যানসেনের চরিত্রে। এসব কাজের মধ্য দিয়ে বোঝা যায়, প্যাটিনসন একই সময়ে বাণিজ্যিক সিনেমা ও অভিনয়প্রধান ছবিতে নিজের জায়গা ধরে রাখতে চাইছেন।
এবার ০০৭, নতুন চ্যালেঞ্জের নাম জেমস বন্ড
প্যাটিনসনের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি নিঃসন্দেহে জেমস বন্ড। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ দিয়ে ড্যানিয়েল ক্রেগের বন্ড-অধ্যায়ের সমাপ্তি ঘটে। এর পর থেকেই প্রশ্ন ছিল, কে হবেন পরবর্তী ০০৭? দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল, অ্যারন টেলর-জনসন, ইদ্রিস এলবা, জ্যাক লোডেন, ক্যালাম টার্নারসহ আরও অনেকে।
শেষ পর্যন্ত দায়িত্বটি পেলেন রবার্ট প্যাটিনসন। ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে। নতুন সিনেমাটি হবে বন্ড সিরিজের ২৬তম ছবি। বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে প্যাটিনসন বলেছেন, এই দায়িত্ব পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। তাঁর ভাষায়, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া স্বপ্ন পূরণের মতো।
তবে নতুন বন্ড হিসেবে প্যাটিনসনের সামনে চ্যালেঞ্জও কম নয়। ড্যানিয়েল ক্রেগ বন্ডকে যে নতুন মাত্রা দিয়েছিলেন, তাঁর সঙ্গে তুলনা আসবেই। ক্রেগের বন্ড ছিলেন রুক্ষ, শারীরিকভাবে শক্তিশালী, আবেগপ্রবণ ও অনেক বেশি মানবিক। তাঁর চরিত্রে দুর্বলতা, প্রেম, প্রতিশোধ ও ব্যক্তিগত ক্ষতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
ব্যক্তিগত জীবনেও আলোচনায়
পর্দার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না প্যাটিনসন। টোয়ালাইট সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে সম্পর্ক তাঁকে দীর্ঘদিন সংবাদমাধ্যমের আলোচনায় রেখেছিল। পরে সংগীতশিল্পী এফকেএ টুইগসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।
বর্তমানে অভিনেত্রী ও সংগীতশিল্পী সুইকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্যাটিনসন। ২০২৪ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। তবে মেয়েকে নিয়ে তাঁরা খুব বেশি প্রকাশ্যে কথা বলেন না। খ্যাতির আলোয় থেকেও ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেন দুজন।
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন: নিরাপদ বাজি নাকি বদলে যাওয়ার ইঙ্গিত?
কালো ডিনার জ্যাকেট, বো-টাই আর মুখে রহস্যময় অভিব্যক্তি—ইনস্টাগ্রামে প্রকাশিত মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিওতেই নতুন বন্ডকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘোষণা শুধু একজন অভিনেতার নতুন চরিত্র পাওয়ার খবর নয়; এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে।
৪০ বছর বয়সী প্যাটিনসন হলিউডে এখন আর নতুন মুখ নন। বরং তাঁর পরিচিতি এতটাই বিস্তৃত যে নতুন বন্ড হিসেবে তাঁকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে কেউ দেখছেন সময়োপযোগী ও নিরাপদ পদক্ষেপ হিসেবে, কেউ আবার মনে করছেন, এতে চরিত্রটির দীর্ঘদিনের একটি ঐতিহ্য ভেঙে গেল। এত দিন জেমস বন্ডের চরিত্রে সাধারণত এমন অভিনেতাদের নেওয়া হয়েছে, যাঁরা তখনো বিশ্বজোড়া তারকা হয়ে ওঠেননি। বন্ড চরিত্রটিই তাঁদের পরিচিতি ও জনপ্রিয়তার নতুন দরজা খুলে দিয়েছে। প্যাটিনসনের ক্ষেত্রে গল্পটা উল্টো। তিনি এরই মধ্যে আলোচিত অভিনেতা। তবে নতুন
বন্ড হিসেবে প্যাটিনসন কেমন করেন সেটা বোঝা যাবে প্রথম সিনেমা মুক্তির পরই। তবে সে পর্যন্ত নতুন বন্ড হিসেবে তাঁকে নির্বাচন করা নিয়ে আলোচনা–সমালোচনা যে চলতেই থাকবে সেটা নিশ্চিত।
আইএমডিবি, ভ্যারাইটি, এপি ও দ্য ইনডিপেনডেন্ট অবলম্বনে