গুডবাই কমান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় কখনো কখনো নিজেই একধরনের প্রসববেদনায় কাতরায়। ষাটের দশকটা ফ্রান্সের জন্য কিংবা আরও বড় করে বললে সিনেমার জন্য এ রকমই একটা সময় ছিল। একটা হিসাব দেখলে চমকে উঠতে হয়। ১৯৫৮ থেকে ১৯৬৩ পর্যন্ত ১৭০ জন ফরাসি ফিল্মমেকার তাঁদের প্রথম সিনেমা বানিয়েছিলেন। বোঝাই যাচ্ছে, একটা নতুন প্রাণের স্পন্দন চলছিল। এর মধ্যে একজন ভদ্রলোকের নাম জঁ লুক গদার।

ভদ্রলোকেরা অবশ্য তাঁকে কতটুকু ভদ্রসমাজের অংশ মনে করতেন, সেটা আলোচনাসাপেক্ষ। আমি সব সময়ই তাঁকে মনে করি ‘ডিজরাপ্টর ইন চিফ’! তিনি যে কেবল ফরাসি বুর্জোয়া সমাজ বা যুদ্ধপ্রেমী রাষ্ট্রকেই বিরক্ত করেছেন, তা নয়; সিনেমা সম্পর্কে প্রচলিত ধারণা, সিনেমা বানানোর চালু ফর্মুলা, গল্প বলার রীতিনীতি, যেটা প্রধানতই হলিউডের স্টুডিওগুলো দ্বারা তৈরি হয়েছিল, এই সবকিছুকেই ভেঙে চুরমার করে দিয়েছিলেন এই ‘ডিজরাপ্টর’!

জঁ লুক গদার

গদারের প্রথম সিনেমা আমি দেখি ব্রেথলেস। গদার একসময় বলেছিলেন, ভালো সিনেমা বানানোর জন্য প্রয়োজন স্রেফ একটা বন্দুক আর একটা মেয়ে! ব্রেথলেস মোটামুটি এই এক লাইনের ওপর বানানো একটা শ্বাসরুদ্ধকর সিনেমা। যদিও শ্বাসরুদ্ধকর বলতে আমি গল্পটাকে বোঝাইনি। গল্পটা অতি সাধারণই। একজন ক্রিমিনাল দক্ষিণ ফ্রান্স থেকে একটা গাড়ি চুরি করে প্যারিসের দিকে রওনা দেয়। প্যারিসে দেখা হয় প্রেমিকা প্যাট্রিসিয়ার সঙ্গে। পুলিশ তাকে ধরতে আসে। প্রেমিকা বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেয় তাকে। গল্প হিসেবে আসলে কিছুই নয়। কিন্তু গদার তো সেই সিনেমাশিল্পী, যাঁকে অনুভব করতে হবে তাঁর স্টাইল দিয়ে।

মোস্তফা সরয়ার ফারুকী

আমি সব সময়ই একটা উদাহরণ দিই। ধরা যাক, পাঁচজন ফিল্মমেকারকে একটা ঘটনা দেখতে একটা গ্রামে পাঠানো হলো। পাঁচজনই একই গ্রামে গিয়ে, একই ঘটনা দেখল, একই সময়ে ফিরে এল। এসে একই ঘটনার ওপর ছবি বানালে পাঁচটা ছবি পাঁচ রকম যে লাগবে, এখানেই শিল্পীর ব্যক্তিত্ব আর শিল্পে সেটার অনুবাদের প্রসঙ্গ আসে। এখানেই কেউ হন গদার আর কেউ হন অন্য কেউ। প্রচলিত কনভেনশনের বাইরে গিয়ে যেভাবে বললে তোমার গল্পটা, কথাটা বলা হয়, সেটাই বলো। কনভেনশন থোড়াই কেয়ার করো। এ–ই ছিল গদারের মন্ত্র।

জঁ লুক গদার

তবে ব্যক্তিগতভাবে গদারের বানানো আমার সবচেয়ে প্রিয় ছবি ‘আ ম্যারিড ওমেন’। এটাকে এককথায় বললে আমি বলব, গদারের সবচেয়ে পরিণত, আবেদনময়ী ও ঔদ্ধত্যপূর্ণ সিনেমা। গদার দর্শককে হামেশা ডিসকমফোর্ট দেন, ধাক্কা দেন, খোঁচা দেন, আনন্দ দেন, বিরক্ত করেন। কিন্তু দিন শেষে আপনি গদারের একটা ছবি দেখলেন মানে গদারের পৃথিবীর অংশ হয়ে গেলেন। সেখান থেকে আপনার আর মুক্তি নেই। আপনি অন্য ছবি দেখে হয়তো থ্রিলড হতে পারেন, টান টান উত্তেজনা বোধ করতে পারেন, কিন্তু গদারের মতো খুব কম পরিচালকই পারেন আপনার মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করতে, আপনাকে তাঁর পৃথিবীর অংশ বানিয়ে ফেলতে। এটা একমাত্র দার্শনিকভাবে অনেক গভীর কিন্তু খ্যাপাটে শিল্পীর পক্ষেই সম্ভব যে সারাক্ষণই কনভেনশনকে প্রশ্ন করতে থাকবে।

আমি চিরকাল গদারের ভেতরের এই খ্যাপা মানুষটাকে আমার আপনজন মেনে এসেছি। আমি নিশ্চিত, সারা দুনিয়ায় অজস্র ফিল্মমেকার এই খ্যাপা শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের জন্য ঠিকঠাক প্রকাশভঙ্গিটা খুঁজে পেয়েছেন। গতকাল শারীরিকভাবে তিনি হয়তো চলে গেলেন আরেক পৃথিবীতে। কিন্তু তিনি থেকে যাবেন এই আর্ট ফর্মের ইতিহাসের সঙ্গে। এমনও হতে পারে, এই লেখার কমেন্ট সেকশনে এসেই লিখে বসতে পারেন, কে বলল আমি মারা গেছি? ইট ওয়াজ আ জোক!

গুডবাই কমান্ডার গদার!