‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা, ৩৪ বছরেই চলে গেলেন আরজে মেটি
হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’–এর অভিনেতা আরজে মেটি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়।
সিরিজটিতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন মেটি। পর্দায় তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে।
চরিত্রটির মতো বাস্তব জীবনেও মেটির সেরিব্রাল পালসি ছিল। এই অভিজ্ঞতাকে অভিনয়ে কাজে লাগানোর পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার ও বিনোদনজগতে তাঁদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে কাজ করেছেন তিনি।
পর্দার চরিত্রে নিজের জীবনের ছায়া
২০০৮ সালে শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’–এর পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন আরজে মেটি। ভিন্স গিলিগানের নির্মিত সিরিজটি টেলিভিশনের অন্যতম প্রশংসিত অপরাধনির্ভর নাটক হিসেবে পরিচিত। এতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেয়।
মেটির জন্ম যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে। জন্মের সময় মস্তিষ্কে ক্ষতি হওয়ায় শারীরিক জটিলতা দেখা দিয়েছিল তাঁর। তিন বছর বয়সে তাঁর সেরিব্রাল পালসি শনাক্ত হয়। পরে দত্তক পরিবারে বেড়ে ওঠেন তিনি।
নিজের শারীরিক অবস্থাকে অভিনয়ের পথে বাধা হতে দেননি মেট। বরং সেই অভিজ্ঞতাই তাঁকে ‘ব্রেকিং ব্যাড’–এর চরিত্রটির সঙ্গে বিশেষভাবে যুক্ত করেছিল। তাঁর অভিনয় প্রতিবন্ধী মানুষের জীবন ও অভিজ্ঞতাকে পর্দায় আরও বাস্তবভাবে তুলে ধরতে সাহায্য করেছে।
অভিনয়ের বাইরেও কাজ করেছেন প্রতিবন্ধী মানুষের জন্য
‘ব্রেকিং ব্যাড’–এর পরও বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন মেট। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং নেটফ্লিক্সের সুপারহিরোভিত্তিক সিরিজ ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন তিনি। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের নামের দাতব্য সংস্থা মিটে ফাউন্ডেশনের মাধ্যমেও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন। প্রতিবন্ধী মানুষকে ঘিরে প্রচলিত নেতিবাচক ধারণা বদলানো এবং বিনোদনজগতে তাঁদের অংশগ্রহণ বাড়ানো ছিল তাঁর কাজের অন্যতম লক্ষ্য।
মৃত্যুর কয়েক দিন আগেও ছিলেন কাজের মধ্যে
মৃত্যুর আগে নতুন সিনেমা ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’–এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন মেট। সিনেমাটিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেপ্টেম্বরের শেষ দিকে ছবিটির প্রদর্শনীতেও অংশ নেন। অক্টোবরের শুরুতে তাঁকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল।
ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ছিলেন এই অভিনেতা। দীর্ঘদিনের প্রেমিকা কেনেডি সুয়ারেজের সঙ্গে তাঁর বাগ্দান হয়েছিল ২০২৫ সালে। দুজনের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালে।
ভ্যারাইটি অবলম্বনে