জনপ্রিয় তারকার মৃত্যু, পরিবারের পাশে দাঁড়াল হলিউড
কদিন আগেই কোলোরেক্টাল ক্যানসারে মারা যান ‘ডসন্স ক্রিক’ তারকা জেমস ভ্যান ডার বিক। তাঁর ব্যয়বহুল চিকিৎসায় নিঃস্ব হয়েছে পরিবার। অভিনেতার স্ত্রী ও ছয় সন্তানের পাশে দাঁড়িয়েছে হলিউড। তাঁর জন্য শুরু হয়েছে তহবিল সংগ্রহ। এ অনলাইন তহবিলে অনুদান দিয়েছেন অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তাঁর স্ত্রী কেট ক্যাপশো। তাঁরা দিয়েছেন ২৫ হাজার ডলার। এই তহবিল ইতিমধ্যে ২০ লাখ ডলারের লক্ষ্য অতিক্রম করেছে।
হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, তহবিলে আরও সহায়তা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জোয়ি সালদানিয়া-পেরেগো, যিনি প্রতি মাসে আড়াই হাজার ডলার করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ‘উইকেড: ফর গুড’-এর পরিচালক জন এম চুও দিয়েছেন ১০ হাজার ডলার। তহবিলটির দায়িত্বে থাকা ‘ফ্রেন্ডস অব দ্য ভ্যান ডার বিক ফ্যামিলি’ এক বিবৃতিতে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘গভীর শোকের মধ্যেও আপনাদের সহমর্মিতা আমাদের জন্য আলো হয়ে এসেছে। এতে বোঝা যায়, ভালোবাসা সত্যি, সম্প্রদায় শক্তিশালী, আর জেমসের স্মৃতি মানুষকে একত্র করছে।’
এই সপ্তাহে ৪৮ বছর বয়সে মারা যান মার্কিন এই অভিনেতা। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক বার্তায় মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, তিনি শেষ দিনগুলো কাটিয়েছেন সাহস ও মর্যাদার সঙ্গে।
২০২৪ সালে ভ্যান ডার বিক প্রকাশ্যে জানান, তিনি কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত। তিনি জানান, আগের বছরের আগস্ট থেকে নীরবে এই রোগের সঙ্গে লড়ছিলেন।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ডসন্স ক্রিক’-এ ডসন লিরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান ভ্যান ডার বিক। সিরিজে তাঁর চরিত্রের ঘরের দেয়ালে স্টিভেন স্পিলবার্গের ‘ই টি’ ও ‘শিন্ডলার’স লিস্ট’-এর পোস্টার দেখা যেত; যদিও বাস্তবে তাঁদের একসঙ্গে কাজ হয়নি। গত বছর সিরিজটির পুনর্মিলনী অনুষ্ঠানে স্পিলবার্গ ভিডিও বার্তা পাঠিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
টেলিভিশনের বাইরে ‘ভার্সিটি ব্লুজ’, ‘দ্য রুলস অব অ্যাট্রাকশন’সহ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন জেমস ভ্যান ডার বিক। তবে ‘ডসন্স ক্রিক’-এর বিপুল সাফল্যের কারণে সেই চরিত্রের পরিচিতি ছাপিয়ে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করা তাঁর জন্য সহজ ছিল না। তবু নিজের ক্যারিয়ার নিয়ে তিনি ছিলেন গর্বিত। ২০১১ সালে এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, অতীতকে তিনি কখনো ঝেড়ে ফেলতে চাননি।