লিওনার্দো ডিক্যাপ্রিওর সেই সিনেমার জয়, আরও যা হলো বাফটায়
ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কারে বাজিমাত করেছে পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গত রোববার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ৭৯তম বাফটায় সেরা ছবি, সেরা পরিচালকসহ সিনেমাটি জিতেছে সর্বোচ্চ ছয়টি পুরস্কার। হলিউডের সাম্প্রতিক পুরস্কার আসরগুলোর পথ ধরে বাফটাও এই রাজনৈতিক থ্রিলারটিকে সেরা চলচ্চিত্র হিসেবে বেছে নিল। গভীরভাবে বিভক্ত যুক্তরাষ্ট্রের প্রতিচ্ছবি তুলে ধরা ছবিটি দর্শক ও সমালোচক, দুই পক্ষেরই প্রশংসা পেয়েছে।
পুরস্কার গ্রহণ করে সাংবাদিকদের অ্যান্ডারসন বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সিনেমার শিরোনামটি এখন খুব অর্থবহ মনে হয়। এ সময়ে যেন এক যুদ্ধের পর আরেক যুদ্ধই চলতে থাকে। তবু আশা হারানো যাবে না।’
টিমোথি শ্যালামে বা লিওনার্দো ডিক্যাপ্রিও নন, ‘আই সয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন তরুণ অভিনেতা রবার্ট অ্যারামায়ো। টুরেট সিনড্রোমে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করে এ পুরস্কার জেতেন তিনি। হেভিওয়েট তারকাদের হারিয়ে পুরস্কার জয়ের পর আবেগঘন কণ্ঠে রবার্ট অ্যারামায়ো বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। এই সিনেমা এমন এক বিষয়কে সামনে এনেছে, যা নিয়ে মানুষের খুব বেশি ধারণা নেই।’
অনুমিতভাবেই ‘হ্যামনেট’ সিনেমায় উইলিয়াম শেকসপিয়রের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। এই বিভাগে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে বাফটা জয় করলেন তিনি। একই সঙ্গে সেরা ব্রিটিশ ছবির পুরস্কারও জিতে নিয়েছে ‘হ্যামনেট’।
সেরা পার্শ্ব–অভিনেত্রী হয়েছেন নাইজেরীয়-ব্রিটিশ অভিনেত্রী উনমি মোসাকু (সিনার্স), সেরা পার্শ্ব–অভিনেতা শন পেন (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হয়েছে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
ওয়ান ব্যাটল অনুমিতভাবে ভালো করলেও হতাশ করেছে ‘মার্টি সুপ্রিম’। ১১টি মনোনয়ন পেয়ে একটি পুরস্কারও জিততে পারেনি যশ সাফদির সিনেমাটি। কারিগরি বিভাগে নজর কেড়েছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’। নকশা, মেকআপ ও অন্যান্য প্রযুক্তিগত বিভাগ মিলিয়ে তিনটি পুরস্কার ঘরে তোলে ছবিটি। অস্কারে রেকর্ড মনোনয়ন পাওয়া রায়ান কুগলারের সিনার্স জিতেছে তিনটি পুরস্কার—সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পার্শ্ব–অভিনেত্রী ও সেরা সংগীত। রায়ান কুগলার প্রথম কৃষ্ণাঙ্গ যিনি মৌলিক চিত্রনাট্য বিভাগে সেরা হলেন। ভিজ্যুয়াল ইফেক্টসে পুরস্কার জিতেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সেরা অ্যানিমেশন সিনেমা হয়েছে ‘জুটোপিয়া ২’, সেরা তথ্যচিত্র ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’।
বাফটা বরাবরই অস্কারের পূর্বাভাস। তিন সপ্তাহ পর হতে যাওয়া অস্কারের আগে এই ফলাফল তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফটা সভাপতি ও প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন। লালগালিচায় আলো ছড়িয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, মনিকা বেলুচ্চি, অ্যালিসিয়া ভিকান্দর, আলিয়া ভাট প্রমুখ। এবারের বাফটা সঞ্চালনা করেন স্কটিশ অভিনেতা ও পরিচালক অ্যালান কামিং।
এএফপি ও ভ্যারাইটি অবলম্বনে