৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে যোগ দিলেন অভিনেত্রী

ডোনা মিলস। রয়টার্স

আশির দশকের জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘নটস ল্যান্ডিং’-এর অভিনেত্রী ডোনা মিলস নতুন এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন। ৮৫ বছর বয়সে তিনি অ্যাকাউন্ট খুলেছেন প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম ‘অনলি ফ্যানস’-এ । তবে তাঁর দাবি, এটি কোনো বিতর্কিত কনটেন্টের জন্য নয়; বরং দীর্ঘদিনের ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতেই এ উদ্যোগ।

ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে মিলস বলেন, ‘বছরের পর বছর ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। সামাজিক যোগাযোগমাধ্যম আমাকে তাঁদের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করেছে। কিন্তু অনলি ফ্যানস এমন একটি জায়গা, যেখানে আরও ব্যক্তিগত ও সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।’

মিলস জানান, নতুন অ্যাকাউন্টে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করবেন।
ডোনা মিলস বলেন, ‘আমি আমার প্রতিদিনের জীবনের মুহূর্ত, ক্যামেরার পেছনের দৃশ্য এবং ভক্তদের সঙ্গে আরও অর্থবহভাবে সময় কাটাতে চাই। এটি আমার পরিচয় বদলে ফেলার বিষয় নয়; বরং যাঁরা এত বছর ধরে আমাকে সমর্থন করেছেন, তাঁদের সঙ্গে আরও কাছাকাছি থাকার একটি নতুন মাধ্যম।’

মিলসের এ উদ্যোগে সহযোগিতা করছে ক্রিয়েটরস আইএনসি । প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বাখম্যান বলেন, ‘এটি ডোনাকে বদলে দেওয়ার চেষ্টা নয়; বরং তাঁর দীর্ঘদিনের ভক্তদের কাছে তাঁর ব্যক্তিত্ব, রুচি ও নেপথ্যের মুহূর্তগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার একটি উপায়। ডোনা সব সময়ই সাহসী এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ।’

ডোনা মিলস। আইএমডিবি

১৯৬৬ সালে ‘দ্য সিক্রেট স্টর্ম’ সিরিজ দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করেন ডোনা মিলস। পরে ‘নটস ল্যান্ডিং’-এ অ্যাবি কানিংহাম চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। এ ছাড়া ‘জেনারেল হসপিটাল’-এ অতিথি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ডেটাইম এমি অ্যাওয়ার্ড জিতেছেন। সাম্প্রতিক সময়ে তাঁকে ‘জয়’, ‘নোপ’ ও ‘অরিজিন’ চলচ্চিত্রেও দেখা গেছে।

আরও পড়ুন

হলিউডে সাম্প্রতিক সময়ে অনলি ফ্যানসে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। গত এপ্রিলে ‘আমেরিকান পাই’ অভিনেত্রী শ্যানন এলিজাবেথ প্ল্যাটফর্মটিতে যোগ দিয়ে প্রথম সাত দিনেই ১২ লাখ ডলারের বেশি আয় করেন। পরে ‘মাই নেম ইজ আর্ল’-খ্যাত এমিজয়ী অভিনেত্রী জেইমি প্রেসলিও অনলি ফ্যানসে যোগ দেন। তাঁদের দুজনেরই বক্তব্য ছিল, প্রচলিত হলিউড ব্যবস্থার বাইরে নিজের শর্তে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতেই তাঁরা এ প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন।

ভ্যারাইটি অবলম্বনে